টালা সেতুর নিচে অবস্থিত ব্রিটিশ আমলের প্রধান পানীয় জলের ভূগর্ভস্থ পাইপলাইনে ফাটল ধরার ফলে কলকাতা জুড়ে দেখা দিয়েছে চরম পানীয় জলের সংকট। সোমবার থেকে শুরু হওয়া এই দুর্ভোগ বুধবারেও মেটেনি। উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার একাংশে জলের হাহাকার প্রকট রূপ নিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবারের আগে ক্ষতিগ্রস্ত পাইপলাইন পুরোপুরি ঠিক করে জল সরবরাহ স্বাভাবিক করা সম্ভব নয়।
কলকাতা পুরসভার জল সরবরাহ দফতর সূত্রে খবর, ১৮০০ মিলিমিটার ব্যাসার্ধের মূল পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হলেও পুরো এলাকা জলমগ্ন থাকায় সঠিক ফাটল চিহ্নিত করা যাচ্ছে না। ফলে সাময়িক সমাধান হিসেবে টালা সেতু ও মন্মথ গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে প্রায় ৫০০ মিটার দূরে একটি ১২০০ মিলিমিটারের বিকল্প পাইপলাইন যুক্ত করার চেষ্টা চলছে। বিকল্প সংযোগ তৈরি হলে ক্ষতিগ্রস্ত পাইপ থেকে জল বের করে সুনির্দিষ্ট ফাটলটি মেরামত করা সহজ হবে। এ নিয়ে পুরসভার তরফে সাময়িক বিজ্ঞপ্তি জারি করে বেলগাছিয়া, তারাশঙ্কর সরণি ও পার্শ্ববর্তী অঞ্চলে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকার কথা জানানো হয়েছে। বাসিন্দাদের আগে থেকে জল সঞ্চয় ও অপচয় রোধার অনুরোধ করেছে পুরসভা।
এদিকে দীর্ঘ সময় ধরে জল সরবরাহ ব্যাহত হওয়ায় সোনাগাছি লেন, দুর্গাচরণ মিত্র স্ট্রিট, সোভাবাজার, কুমারটুলি, মানিকতলা, শিয়ালদহ, গিরিশ পার্ক, বাগবাজার, বালিগঞ্জ ও কসবার মত বিস্তীর্ণ এলাকার জনজীবন বিপর্যস্ত। সাধারণ মানুষের অভিযোগ, পুরসভার তরফে ট্যাঙ্কার পাঠানোর আশ্বাস দেওয়া হলেও সময়মতো জলের গাড়ি মিলছে না। শহরে বর্তমানে মেয়র বা নির্বাচিত কাউন্সিলরদের অনুপস্থিতিতে প্রশাসনিক সমন্বয়হীনতার কারণেই এই সংকট তীব্র হয়েছে বলে দাবি করছেন নাগরিকরা।
রাজনৈতিক মহলেও ঘটনাটিকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, ব্রিটিশ আমলের পুরনো পরিকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ না করে এতদিন কেবল জোড়াতালি দিয়ে কাজ চালানো হচ্ছিল। এর ফলেই উৎসবের মরসুমে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। যদিও পুরসভা জানিয়েছে, জরুরি পরিষেবার জন্য হেল্পলাইন নম্বর চালু রাখা হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে অতিরিক্ত জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।