জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় এক ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে মির বাজারের কাছে আখরান এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) একটি নাকা পয়েন্ট বা তল্লাশি চৌকি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে মোটরসাইকেলে চেপে আসা অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী। এই হামলায় সিআরপিএফের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।

সিআরপিএফের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে বুধবার দুপুর আনুমানিক ২টো ১৫ মিনিট নাগাদ। নিরাপত্তা কর্মীদের ওপর আচমকা হামলা চালিয়েই দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয় সশস্ত্র জঙ্গিরা। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের পরিচয় জানা গিয়েছে- রাকেশ দাস, সন্তোষ চন্দ্রু এবং সোমবীর সিং। চিকিৎসকেরা জানিয়েছেন, রাকেশ দাসের বাঁ পায়ে, সন্তোষ চন্দ্রুর পেটে ও মেরুদণ্ডে এবং সোমবীর সিংয়ের বাঁ হাতে গুলির আঘাত লেগেছে। তবে সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ায় আপাতত তিন জওয়ানই বিপদমুক্ত।

উল্লেখ্য, হামলার সময় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কুলগাম জেলাতেই অবস্থান করছিলেন, যদিও তিনি অকুস্থল থেকে বেশ খানিকটা দূরে ছিলেন। তিনি একটি কলেজের ত্রিদিবসীয় উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সেখানে উপস্থিত হয়েছিলেন।

হামলার পরপরই পুরো এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত সাঁজোয়া গাড়ি এবং নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। সাইরেনের শব্দ আর লাউডস্পিকারে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়ে চিরুনি তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী। পালিয়ে যাওয়া সন্ত্রাসবাদীদের খোঁজে পুরো এলাকা কর্ডন বা ঘিরে ফেলে ব্যাপক অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।