কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর সমালোচনা করে মঙ্গলবার বিজেপি অভিযোগ করল, গোটা বইয়ের অন্তর্নিহিত চিন্তাভাবনা আবর্তিত হয়েছে ‘বাবরি মসজিদের ভোটব্যাঙ্ক’কে ঘিরে।

জরুরি অবস্থাকে ‘ন্যায্য প্রতিপন্ন’ করার চেষ্টা, বোফর্স কেলেঙ্কারি নিয়ে ‘নীরবতা’ এবং ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা সম্পর্কে ‘প্রকৃত তথ্যের সম্পূর্ণ বিপরীত দাবি’ করার অভিযোগ তুলেছে বিজেপি। দলের বক্তব্য, নেহরু–গান্ধী পরিবারের ঐতিহাসিক অন্যায়গুলিকে মিষ্টি কথার প্রলেপ দিয়ে আড়াল করাই এই বইয়ের উদ্দেশ্য।

বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেন, “সোনিয়া গান্ধীর বই স্পষ্ট করে দিয়েছে, গোটা বইয়ের অন্তর্নিহিত চিন্তাভাবনা বাবরি ভোটব্যাঙ্ককে ঘিরেই আবর্তিত হয়েছে। তিনি নিজেই প্রকাশ করে দিয়েছেন, বাবরিকে ঘিরে ভোটব্যাঙ্কের রাজনীতি তাঁর চিন্তার গভীরে শিকড় গেড়ে রয়েছে।”

দলের আর এক জাতীয় মুখপাত্র সি আর কেশবন এক্সে লেখেন, “তিনি বলছেন, বাবরি মসজিদের জন্য কেঁদেছিলেন। কিন্তু কংগ্রেসের শাসনকালে ১৯৮৪ সালের শিখ গণহত্যায় যখন গুরুদ্বারাগুলিকে নিশানা করা হয়েছিল এবং হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছিল, তখন কি সোনিয়া গান্ধী এক ফোঁটা চোখের জলও ফেলেছিলেন? সোনিয়া গান্ধী বাটলা হাউসের জঙ্গিদের জন্য অঝোরে কেঁদেছিলেন। কিন্তু দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় শহিদ হওয়া সাহসী সিআরপিএফ জওয়ানদের জন্য কি তিনি কেঁদেছিলেন?”

বই প্রকাশের আগে এক সাক্ষাৎকারে সোনিয়া জানিয়েছিলেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর টেলিভিশনে বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে তিনি কেঁদে ফেলেছিলেন।

ভান্ডারী বলেন, “বইয়ে বোফর্স কেলেঙ্কারির উল্লেখই নেই। বোফর্স কেলেঙ্কারিতে দেশ দুর্নীতি দেখেছে, অথচ গান্ধী–বঢরা পরিবার সে বিষয়ে নীরব। ভোটব্যাঙ্কের রাজনীতি এবং দুর্নীতি গান্ধী–বঢরা পরিবারের অভ্যাস। ২০২৯ সালেও তারা আবার হারবে।”

কেশবনের বক্তব্য, “সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথার নাম ‘বিলংগিং’-এর বদলে ‘হোয়াইটওয়াশিং’ রাখতে পারতেন। কারণ, এই বইয়ের উদ্দেশ্য দেখে মনে হচ্ছে, নেহরু–গান্ধী পরিবারের ঐতিহাসিক অন্যায়গুলিকে মিষ্টি কথার প্রলেপে ঢেকে দেওয়া এবং কংগ্রেসের গুরুতর পাপগুলিকে আড়াল করা।” তাঁর অভিযোগ, সোনিয়া “কুখ্যাত জরুরি অবস্থাকে ন্যায্য প্রতিপন্ন করতে এবং স্বাভাবিক ঘটনা হিসেবে তুলে ধরতে” চেয়েছেন।

শিখবিরোধী দাঙ্গা সম্পর্কে সোনিয়ার বিবরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা এইচ এস ফুলকা। তিনি বলেন, “সোনিয়ার দাবি, ৩১ অক্টোবর রাতে রাজীব গান্ধী সেনাপ্রধান জেনারেল এ এস বৈদ্যকে সেনা ডাকার কথা বলেছিলেন। কিন্তু তাঁর বিবরণ অনুযায়ী, জেনারেল বৈদ্য নিজেই সিদ্ধান্ত নেন যে দিল্লির আশপাশে মোতায়েন সেনাকর্মীরা শিখ এবং শিখ সেনাদের ডাকা উচিত নয়। সোনিয়া বলছেন, তার বদলে দেরাদুনের মতো দূরবর্তী জায়গা থেকে সেনা আনা হয়েছিল, যার ফলে সেনা মোতায়েনে দেরি হয়। এই দাবিগুলি প্রকৃত তথ্যের সম্পূর্ণ বিপরীত।”

বিজেপিকে পাল্টা জবাব দিয়ে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রাজীব শুক্ল বলেন, বইটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে বিজেপি। তাঁর কথায়, “নেহরুজির পরে সম্ভবত পরিবারের প্রথম সদস্য হিসেবে তিনি আত্মজীবনী লিখেছেন। নিজের সমস্ত ভাবনা তিনি লিখে রেখেছেন। তাই আমার মনে হয়, মানুষের উচিত তাঁর ভাবনা এবং তিনি যে অনুভূতি প্রকাশ করেছেন, তাকে সম্মান জানানো। এ নিয়ে বিতর্ক তৈরি করা উচিত নয়।”

শুক্ল আরও বলেন, “বিজেপি বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। এর কী প্রয়োজন? বিজেপির এক মুখপাত্রের বক্তব্য দেখলাম—তিনি জানতে চেয়েছেন, সোনিয়ার হৃদয়ে কি বাবর বাস করেন? বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল, অটলজি তার সমালোচনা করেছিলেন। তাঁর হৃদয়েও কি বাবর বাস করতেন? আডবাণীজি একে গুরুতর ভুল বলেছিলেন। তাঁর হৃদয়েও কি বাবর বাস করতেন? যশবন্ত সিংহ তীব্র নিন্দা করেছিলেন। তাঁর হৃদয়েও কি বাবর বাস করতেন? বিজেপির কয়েক জন মুখপাত্র ইতিহাসও জানেন না, ঘটনার পটভূমিও জানেন না।”

এদিকে শিবসেনা নেত্রী শাইনা এনসি বলেন, “আপনি আপন হওয়ার কথা বলছেন। আমরা জানতে চাই, এই আপন হওয়া কার জন্য? ১৯৯১, ১৯৮৪ এবং ২০০৪ সালে আপনারা দেশকে কাঁদিয়েছেন, আর এখন আপন হওয়ার কথা বলছেন। এই আপন হওয়ার সম্পর্ক কি ভোটের সঙ্গে? তখন আপনি যে ভাবে প্রধানমন্ত্রীর কুর্সি ফিরিয়ে দিয়েছিলেন এবং পরে নিজেকে যে ভাবে তুলে ধরেছিলেন, তাকে ত্যাগ ও তপস্যার নিদর্শন হিসেবে দেখানো হয়েছিল। আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর চাই। রামমন্দির, ৩৭০ অনুচ্ছেদ এবং হিন্দুত্বের প্রশ্নে বলব, কেঁদে এসব অর্জন করা যায় না। আপনার কাজই আপনাকে নেতা হিসেবে প্রতিষ্ঠা করে।”

২০০৪ সালে প্রধানমন্ত্রী না হওয়ার সিদ্ধান্ত সম্পর্কে সোনিয়ার বিবরণ নিয়েও প্রশ্ন তুলেছেন জেডি(ইউ)-এর কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা। তিনি বলেন, “এটিও বিতর্কিত বিষয়… আমরা যা জানি, মুলায়ম সিংহ যাদব তাঁকে সমর্থন করতে অস্বীকার করেছিলেন। নইলে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা তো ছিলই। কিন্তু তিনি হতে পারেননি। তিনি কী করেছিলেন বা করেননি, সেটা আলাদা বিষয়।”

আগামী বছরের পাঞ্জাব নির্বাচনে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টিও প্রশ্ন তুলেছে। আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, “সোনিয়া গান্ধী সম্ভবত এখন উপলব্ধি করছেন, স্বর্ণমন্দিরে সেনা ঢোকানো—যে অভিযানে কামান ও গোলন্দাজ অস্ত্র ব্যবহার করা হয়েছিল—এবং তার সঙ্গে দিল্লির রাস্তায় প্রকাশ্যে শিখদের গণহত্যা, কংগ্রেসের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে গভীর প্রশ্নের মুখে ফেলে।”

ভরদ্বাজ আরও বলেন, “ইন্দিরা গান্ধী নিজে যদি তখন এমন অনুশোচনা প্রকাশ করতেন, তার তাৎপর্য অনেক বেশি হত। সোনিয়া গান্ধীর মুখে এই অনুভূতির বিবরণ নিছক শোনা কথা—স্বাধীন ভাবে এর সত্যতা যাচাই করা যায় না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মানানসই করে তৈরি একটি রাজনৈতিক বক্তব্য হিসেবেই একে দেখা উচিত।”