প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রবীণ কংগ্রেস নেতা প্রয়াত প্রণব মুখোপাধ্যায় একবার সোনিয়া গান্ধীর সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। তৎকালীন ইউপিএ চেয়ারপার্সনকে তিনি বলেছিলেন, সম্ভবত এ বার ‘শীর্ষস্তরে পরিবর্তনের’ সময় এসেছে। ঘটনাটি ২০১০ সালের, যখন ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ নিজের পদে সুপ্রতিষ্ঠিত। হার্পারকলিন্স ইন্ডিয়া থেকে প্রকাশিত তাঁর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ এই কথোপকথনের উল্লেখ করেছেন সোনিয়া।
সোনিয়া লিখেছেন, পি চিদম্বরমের সঙ্গে প্রণবের ‘গুরুতর মতপার্থক্য’ তৈরি হয়েছিল।
তাঁর কথায়, ‘‘একবার, আমার মনে হয় ২০১০ সালে, নিজের অসন্তোষ প্রকাশ করার পরে তিনি এমন একটি প্রস্তাব দিয়ে আমাকে চমকে দিয়েছিলেন—সম্ভবত এ বার শীর্ষস্তরে পরিবর্তনের সময় এসেছে। আমার মনে হয়েছিল, এর মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষারই ইঙ্গিত দিচ্ছেন।’’
এর পরে কী হয়েছিল, তা-ও জানিয়েছেন সোনিয়া।
‘‘আমি আলতো করে প্রসঙ্গ পাল্টে দিয়েছিলাম। এতে তিনি হয়তো হতাশ হয়েছিলেন, কিন্তু এ জন্য আমার বিরুদ্ধে কোনও ক্ষোভ পুষে রেখেছেন, এমনটা কখনও বুঝতে দেননি। ২০১২ সালে আমাদের দল তাঁকে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ, রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ-র প্রার্থী মনোনীত করে। তিনি নির্বাচিত হন। আমি প্রায়ই তাঁর সঙ্গে দেখা করতে যেতাম। বেশির ভাগ সময়ই যেতাম সেই পণ্ডিত, প্রজ্ঞাবান রাজনীতিকের সঙ্গে নিছক কথাবার্তা বলতে—যে পরিচয় তিনি বরাবর ধরে রেখেছিলেন।’’
প্রণব মুখোপাধ্যায় ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। ২০২০ সালে তাঁর মৃত্যু হয়। রাষ্ট্রপতি ভবনে তাঁর কার্যকালের মধ্যেই নির্বাচনে ইউপিএ-র পরাজয় এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের প্রতিষ্ঠা ঘটে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও রাষ্ট্রপতি প্রণবের উষ্ণ সম্পর্ক ছিল। মোদী তাঁকে পিতৃতুল্য এবং পথপ্রদর্শক বলে বর্ণনা করেছিলেন। ইউপিএ সরকারের বিভিন্ন সময়ে বিদেশ, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন প্রণব।
প্রধানমন্ত্রীর দফতর থেকে ফাইল চেয়ে পাঠানো, প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও স্মৃতিকথায় খারিজ করেছেন সোনিয়া।
তিনি লিখেছেন, ‘‘বছরের পর বছর আমাকে আরও খারাপ অভিযোগের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু যে মনগড়া অভিযোগটি আমাকে সবচেয়ে বেশি পীড়া দিয়েছিল, তা হল আমি সরকারি নথিপত্র দেখতাম—সরকারের বাইরে থাকা কোনও ব্যক্তির পক্ষে যা অনুচিত।’’
সোনিয়ার বক্তব্য, তাঁর এবং প্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্বের একটি অলিখিত বিভাজন ছিল, যা মসৃণ ভাবেই কাজ করত।
‘‘ড. মনমোহন সিংহের হাতে ছিল সরকারের দায়িত্ব, আর আমার হাতে দলের। দু’য়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে একটি কোর গ্রুপ প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করত। তার অন্য সদস্যদের মধ্যে ছিলেন প্রণব মুখোপাধ্যায়, যিনি সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভার সদস্য ছিলেন; রাজনৈতিক অন্তর্দৃষ্টিসম্পন্ন অর্জুন সিংহ, যিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী; কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এ কে অ্যান্টনি; এবং আহমেদ পটেল।’’
সোনিয়ার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এক্স-এ সরব হয়েছেন প্রণব-কন্যা তথা প্রাক্তন কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তাঁর প্রশ্ন, উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ?
শর্মিষ্ঠা লিখেছেন, ‘‘এতে ‘চমকে যাওয়ার’ কী আছে? উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ, বিশেষত যখন সেই ‘উচ্চাকাঙ্ক্ষার’ ভিত ছিল রাজনীতি ও প্রশাসনে কয়েক দশকের অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম এবং অসাধারণ মেধা? একবার আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি প্রধানমন্ত্রী হতে চান কি না। তিনি খুব অকপটে উত্তর দিয়েছিলেন, ‘নিজেকে যোগ্য বলে মনে করেন, এমন যে কোনও রাজনীতিকেরই এই উচ্চাকাঙ্ক্ষা থাকে।’ ’’
বাবার উত্থানের কথা তুলে ধরে শর্মিষ্ঠা আরও লিখেছেন, ‘‘আমার বাবা অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন। জীবনে যা কিছু অর্জন করেছিলেন, তা সম্পূর্ণ নিজের যোগ্যতা ও কঠোর পরিশ্রমের জোরে। বংশগত অধিকারের সুবাদে প্রধানমন্ত্রিত্ব-সহ কোনও পদ তাঁকে সাজিয়ে দেওয়ার জন্য কেউ ছিল না। একজন যথার্থ যোগ্য মানুষ যদি প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন, তাতে অন্যায় কী? নাকি গান্ধী-নেহরু পরিবারের বাইরের কেউ এমন উচ্চাকাঙ্ক্ষা পোষণ করার সাহস দেখাতে পারেন, এমনকি তাঁর কাছে তার ‘ইঙ্গিত’ দেওয়ারও সাহস পান—এটাই সোনিয়াজিকে ‘চমকে’ দিয়েছিল?’’
সোনিয়ার প্রতি প্রণব কোনও ক্ষোভ পুষে রেখেছিলেন কি না, সে প্রসঙ্গেও মন্তব্য করেছেন শর্মিষ্ঠা।
তিনি লিখেছেন, ‘‘এই একই প্রসঙ্গে পড়লাম, তিনি বলেছেন, তাঁর মনে হয়েছিল, ‘এ জন্য প্রণব কখনও আমার বিরুদ্ধে ক্ষোভ পুষে রাখেননি।’ বাবার ডায়েরিতে যা পড়েছি এবং তাঁর সঙ্গে আমার যা কথাবার্তা হয়েছে, তার ভিত্তিতে আমি তাঁকে আশ্বস্ত করতে চাই—বাবা এ জন্য তাঁর বা অন্য কারও বিরুদ্ধেই ক্ষোভ পুষে রাখেননি। তিনি ছিলেন গভীর বোধসম্পন্ন বাস্তববাদী মানুষ। তিনি তাঁর কারণগুলি বুঝতেন, তাঁর নিরাপত্তাহীনতার বোধও বুঝতেন—যার শিকার সব মানুষই হতে পারেন।’’
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।