উৎসব, বিয়েবাড়ি, তারপর বছরশেষের ছুটি। নভেম্বর–ডিসেম্বরে সাধারণত বিমানের টিকিটের চাহিদা বেশি থাকে। অথচ এ বছর এই দু’মাসে দেশের অভ্যন্তরীণ রুটে গত বছরের তুলনায় ৭,১৫৪টি কম উড়ান রেখেছে ভারতীয় বিমান সংস্থাগুলি। অর্থাৎ, দিনে গড়ে প্রায় ১১৭টি কম উড়ান। বিমান পরিবহণের তথ্য বিশ্লেষণকারী সংস্থা সিরিয়ামের হিসাবে, এ বারের নভেম্বর–ডিসেম্বরের সূচিতে ঘরোয়া উড়ানের সংখ্যা ১,৯৫,৭৭৪। গত বছরের একই সময়ের তুলনায় ৩.৫ শতাংশ কম।
এই হিসাব প্রকাশিত সময়সূচির ভিত্তিতে তৈরি। শেষ পর্যন্ত কতগুলি উড়ান চলবে, তা এখনও নিশ্চিত নয়। সূচি ফের বদলাতে পারে। বিমান চালানোর ক্ষেত্রে নানা সমস্যায় যে সব উড়ান বাতিল হয়, সেই হিসাবও এই পরিসংখ্যানে ধরা নেই। ফলে বাস্তবে উড়ানের সংখ্যা আরও কম হতে পারে। বিশেষ করে আর্থিক সঙ্কটে পড়া স্পাইসজেটের ক্ষেত্রে, যাদের প্রতিদিনই বহু উড়ান বাতিল হচ্ছে।
বড় বিমান সংস্থাগুলির মধ্যে একমাত্র আকাসা এয়ার উড়ানের সংখ্যা বাড়িয়েছে, তাও ৪০ শতাংশের বেশি। বাকি সকলেই উড়ান কমিয়েছে। অথচ দেশের অভ্যন্তরীণ রুটে সব মিলিয়ে আসন কমেছে মাত্র ০.৫ শতাংশ। এই ফারাক থেকে ইঙ্গিত মেলে, ইন্ডিগোর মতো কিছু সংস্থা উড়ান কমালেও বড় বিমান ব্যবহার করছে, কিংবা এমন বিমান নামাচ্ছে যাতে বেশি আসন বসানো আছে। তাদের নজর সেই সব লাভজনক রুটে, যেখানে বেশির ভাগ আসনই ভরে যায়, আর ভাড়া বাড়লেও যাত্রী তুলনায় কম হারাতে হয়।
মোট আসন সংখ্যায় পতন সামান্য হলেও যাত্রীদের কাছে উড়ান কমার অর্থ, পছন্দমতো সময়ে বিমান ধরার সুযোগ কমে যাওয়া। ভাড়াও আরও বাড়তে পারে। যে সব রুটে এমনিতেই বিমান সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা কম, সেখানে যাত্রীরা এই প্রভাব বেশি টের পেতে পারেন।
সবচেয়ে বেশি উড়ান কমিয়েছে এয়ার ইন্ডিয়া গোষ্ঠী
উড়ানের সংখ্যার নিরিখে সবচেয়ে বড় কাটছাঁট করেছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সিরিয়ামের কাছে থাকা সূচি অনুযায়ী, নভেম্বর–ডিসেম্বরে এয়ার ইন্ডিয়ার ২৭,০৯০টি ঘরোয়া উড়ান চালানোর কথা। গত বছরের একই সময়ের তুলনায় তা ৫,১১৪টি বা ১৫.৯ শতাংশ কম। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সূচিতে রয়েছে ২২,০৮০টি উড়ান। কমেছে ১,২১৪টি বা ৫.২ শতাংশ। দুই সংস্থা মিলিয়ে এ বার ৪৯,১৭০টি ঘরোয়া উড়ান রেখেছে, গত বছরের তুলনায় ১১.৪ শতাংশ কম।
স্বল্প ভাড়ার বিমান সংস্থা স্পাইসজেট উড়ান কমিয়েছে ২,১৫৬টি বা ২৫.৩ শতাংশ। তাদের দু’মাসের সূচিতে রয়েছে ৬,৩৫৭টি উড়ান। ইন্ডিগো রেখেছে ১,১৯,৪২৫টি, গত বছরের তুলনায় ২,১২৪টি বা ১.৭ শতাংশ কম।
ব্যতিক্রম আকাসা এয়ার। নতুন বিমান নিয়ে, একের পর এক নতুন রুটে পরিষেবা চালু করে ব্যবসা বাড়াচ্ছে সংস্থাটি। নভেম্বর–ডিসেম্বরে তাদের সূচিতে রয়েছে ১২,০৬১টি উড়ান। এক বছর আগের তুলনায় বেড়েছে ৩,৮৫৩টি বা ৪৬.৯ শতাংশ।
ইন্ডিগোর উড়ান কমলেও আসন বেড়েছে
বড় বিমান ও বেশি আসনবিশিষ্ট বিমান ব্যবহারের ফলে দু’মাসে ঘরোয়া রুটে মোট আসন দাঁড়াচ্ছে ৩ কোটি ৫৫ লক্ষ ১০ হাজার। ইন্ডিগোর উড়ান কমলেও আসন বেড়েছে ১.৪ শতাংশ। আকাসা এয়ারের আসন বেড়েছে ৪৭.৮ শতাংশ। এয়ার ইন্ডিয়ার আসন কমেছে ১৫ শতাংশ, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩.৭ শতাংশ এবং স্পাইসজেটের ১৯.৯ শতাংশ। এই তিন সংস্থার ক্ষেত্রেও উড়ান যে হারে কমেছে, আসন কমেছে তার চেয়ে কম হারে।
আঞ্চলিক বিমান সংস্থাগুলির মধ্যে ছবিটা মিশ্র। দ্রুত পরিষেবা বাড়াচ্ছে ফ্লাই৯১। নভেম্বর–ডিসেম্বরে তাদের ২,১০৮টি উড়ান চালানোর কথা, গত বছরের তুলনায় ৭৬ শতাংশ বেশি। আসনও একই হারে বেড়ে হয়েছে ১,৪৭,৫৬০। সরকারি সংস্থা অ্যালায়েন্স এয়ারের সূচিতে রয়েছে ৩,৯৪০টি উড়ান ও ২,৫৫,৫৯৪টি আসন। উড়ান বেড়েছে ১১.৫ শতাংশ, আসন ১০.৭ শতাংশ।
অন্য দিকে, স্টার এয়ারের উড়ান ৪৩.২ শতাংশ কমে হয়েছে ১,৯৮২টি। আসন ৩৭.৯ শতাংশ কমে ১,৬৪,৫৫২। ইন্ডিয়াওয়ান এয়ারের উড়ান ও আসন দুই-ই কমেছে ২১.৯ শতাংশ। তাদের সূচিতে রয়েছে ৭৩১টি উড়ান ও ৬,৫৭৯টি আসন।
জ্বালানির দাম বাড়ছে, চড়া ভাড়ায় যাত্রী কমছে
উড়ান কমানোর প্রধান কারণ, বিমান চালানোর খরচ যে হারে বাড়ছে, আয়ে তার সঙ্গে পাল্লা দেওয়া যাচ্ছে না। জ্বালানির দাম স্বাভাবিক থাকলেও বিমান সংস্থাগুলির মোট খরচের প্রায় ৪০ শতাংশ যায় এই একটি খাতে। পশ্চিম এশিয়ার সংঘাত ও তার জেরে বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কটে গত কয়েক মাসে বিমান জ্বালানির দাম অনেকটা বেড়েছে। তার উপর টাকার দর পড়ছে। বিমান লিজ নেওয়া, রক্ষণাবেক্ষণ ও বিমার মতো বড় খরচগুলি সাধারণত ডলারে মেটাতে হয় বলে চাপ আরও বেড়েছে।
টিকিটের দাম বাড়িয়ে এবং জ্বালানি বাবদ বাড়তি মাশুল বসিয়ে অতিরিক্ত খরচের একাংশ যাত্রীদের কাছ থেকে তোলার চেষ্টা করেছে বিমান সংস্থাগুলি। কিন্তু ভাড়া কতটা বাড়ানো যায়, তারও সীমা আছে। বেশি বাড়ালে যাত্রী কমে। ইতিমধ্যেই চাহিদায় টান পড়েছে। চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটে যাত্রীসংখ্যা ছিল ৭ কোটি ৮৬ লক্ষ, গত বছরের একই সময়ের তুলনায় ১.৯ শতাংশ কম। তার আগের অর্থবর্ষে, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত, যাত্রীসংখ্যা মাত্র ১.২ শতাংশ বেড়ে হয়েছিল ১৬ কোটি ৭৪ লক্ষ। শুধু এ বছরের সেপ্টেম্বরে ঘরোয়া রুটে যাত্রী ছিলেন ১ কোটি ১৮ লক্ষ, আগের সেপ্টেম্বরের তুলনায় ৬.৫ শতাংশ কম।
বিশেষজ্ঞদের মতে, এই পরিসংখ্যান দেখে এখনই বলা যায় না যে দেশের বিমান পরিবহণ শিল্পে কাঠামোগত মন্দা দেখা দিয়েছে। তবে খরচের চাপ এবং পরিষেবা চালানোর নানা সীমাবদ্ধতা যে শিল্পের বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সে ইঙ্গিত স্পষ্ট। ভারতে বিমানযাত্রার বাজার বড় এবং এখনও বাড়ছে। মানুষের আয় বাড়লে এবং আরও বেশি জায়গা বিমানপথে যুক্ত হলে যাত্রী বাড়ার যথেষ্ট সুযোগও রয়েছে। তবে আপাতত সংস্থাগুলির সামনে কঠিন সময়।
ঋণমান নির্ধারক সংস্থা ইকরা ২৯ অক্টোবরের এক বিশ্লেষণে বলেছে, “সম্প্রতি বিমান জ্বালানির দাম বাড়ায় বিমানভাড়া আরও বাড়ার চাপ তৈরি হতে পারে। বিমান সংস্থাগুলি তাদের বাড়তি খরচের বড় অংশ যাত্রীদের উপর চাপালে যাত্রীসংখ্যা বৃদ্ধির গতি কমতে পারে, বিশেষত যখন চাহিদা এমনিতেই কিছুটা দুর্বল। পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘায়িত হলে বা আরও তীব্র হলে, জ্বালানির চড়া দাম, আকাশপথ ব্যবহারে চলতি বিধিনিষেধ এবং মূল্যস্ফীতির চাপে যাত্রীসংখ্যা বৃদ্ধি, প্রতি যাত্রী-কিলোমিটারে আয় এবং মুনাফা অর্জনের ক্ষমতা, সবই ঝুঁকির মুখে পড়তে পারে।” ভারতীয় বিমান পরিবহণ শিল্প সম্পর্কে ইকরার পূর্বাভাস নেতিবাচক।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।