ভারতীয় বায়ুসেনার বহরে সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৫ থেকে কমিয়ে ৩২ দেখিয়েছে ব্রিটিশ বিমানবিষয়ক প্রকাশনা ফ্লাইটগ্লোবাল। তাদের ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস’ ডিরেক্টরির সাম্প্রতিকতম সংস্করণে এই হিসাব দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকেরা অবশ্য হিসাবটির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, এই তথ্য মন্ত্রক বা বায়ুসেনা দেয়নি।

সামরিক বিমানবহর নিয়ে সিরিয়ামের তথ্যভান্ডার থেকে এই হিসাব তৈরি করেছে ফ্লাইটগ্লোবাল। তবে কোন বিমানগুলি সক্রিয় বহরের তালিকা থেকে বাদ পড়েছে, কিংবা কেন হিসাব বদলানো হয়েছে, তা ডিরেক্টরিতে জানানো হয়নি।

ফ্রান্সের কাছ থেকে ভারত ৩৬টি রাফাল কিনেছিল। এর মধ্যে ২৮টি এক আসনের ইএইচ এবং আটটি দুই আসনের ডিএইচ। ২০২৫ সালের শেষ দিকে প্রকাশিত ডিরেক্টরির ২০২৬ সংস্করণে ৩৫টি রাফালকে সক্রিয় দেখানো হয়েছিল। নতুন সংস্করণে সেই সংখ্যা ৩২।

অপারেশন সিঁদুরের পর বায়ুসেনা বলেছিল, “যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়।” তবে অভিযানে মোট কতগুলি বিমান হারিয়েছিল, বা সেগুলি কী ধরনের বিমান ছিল, তা বায়ুসেনা প্রকাশ করেনি।

প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান, এ বছরের জুনে বায়ুসেনা ৩৬টি রাফালের জন্যই অন্তর্বর্তীকালীন রক্ষণাবেক্ষণ সহায়তা বা ‘ব্রিজ সাপোর্ট’ চেয়ে দরপত্র ডেকেছিল। অর্থাৎ, রক্ষণাবেক্ষণ ও সহায়তার চাহিদা নির্ধারণের সময় গোটা বহরকেই হিসাবে রেখেছে বায়ুসেনা।

কোন বিমান কোথায় দেখা গিয়েছে, তার উড়ানের গতিপথ সম্পর্কে কী তথ্য মিলেছে এবং প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিবেদনে কী প্রকাশিত হয়েছে, সে সবের ভিত্তিতে সিরিয়াম প্রতিটি সামরিক বিমানের আলাদা হিসাব রাখে। রক্ষণাবেক্ষণ, আধুনিকীকরণ বা কাঠামোগত মেরামতির জন্যও সক্রিয় বিমানের সংখ্যায় হেরফের হতে পারে। রাফালের ক্ষেত্রে ঠিক কী কারণে সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে, তা বোঝার মতো তথ্য নতুন সংস্করণে নেই।

পাকিস্তানের বিমানবহরের হিসাবও সংশোধন করেছে ফ্লাইটগ্লোবাল। আকাশ থেকে আগাম সতর্কবার্তা দেওয়া এবং আকাশপথে অভিযান নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত সাব ২০০০ এরিআই বিমানের সংখ্যা ন’টি থেকে কমিয়ে সাত দেখানো হয়েছে।

এ দিকে, ভারতীয় বায়ুসেনার জন্য ফ্রান্সের কাছ থেকে আরও ১১৪টি রাফাল কেনার প্রক্রিয়া চলছে। পৃথক ভাবে, বিমানবাহী রণতরী থেকে ব্যবহারের জন্য ২৬টি রাফাল-মেরিন কিনতে ২০২৫ সালে চুক্তি সই করেছে ভারতীয় নৌবাহিনী।

বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বিমানবহর নিয়ে ফ্লাইটগ্লোবাল নিজস্ব মূল্যায়ন প্রকাশ করে। সক্রিয় রাফালের এই সংখ্যাও সেই প্রকাশনারই হিসাব। ভারত সরকার এই সংখ্যা সরকারি ভাবে ঘোষণা করেনি।