টাটা সন্সের গুরুত্বপূর্ণ পরিচালন পর্ষদের বৈঠকের আর দু’সপ্তাহও বাকি নেই। তার আগে শনিবার টাটা গোষ্ঠীর প্রধান হোল্ডিং সংস্থাটিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। তাঁর সতর্কবার্তা, এই পদক্ষেপ শিল্পগোষ্ঠীর কাজের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনতে পারে। জনহিতকর কাজের পরিবর্তে অগ্রাধিকার পেতে পারে মুনাফা।
এইচটি লিডারশিপ সামিটে নোয়েল বলেন, “কেউ কেউ যেমন পরামর্শ দিচ্ছেন, সেই অনুযায়ী গোষ্ঠীকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করা হলে টাটার কাজের ধরন বদলে যেতে পারে বলে আমার আশঙ্কা। এমন দিন আসতে পারে, যখন আমাদের ৩০ থেকে ৪০ হাজার শেয়ারহোল্ডার থাকবেন এবং জনহিতকর কাজের চেয়ে মুনাফা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাতে টাটার কাজের ধরন মৌলিক ভাবে বদলে যাবে।”
গত ১৭ সেপ্টেম্বরের বৈঠকে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এবং পর্ষদের সদস্য হরীশ মানওয়ানি, অনিতা জর্জ, সৌরভ আগরওয়াল ও বেণু শ্রীনিবাসন সংস্থাটিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা সমর্থন করেছিলেন। তবে টাটা সন্সের পর্ষদে থাকা নোয়েল এর বিরোধিতা করেন।
টাটা গোষ্ঠীর মালিকানার কাঠামো এবং তার ঐতিহ্য ও পরিচালনব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে টাটা ট্রাস্টসের ভূমিকা নিয়ে আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি।
নোয়েল ইঙ্গিত দিয়েছেন, গোষ্ঠীর বর্তমান কাজের পদ্ধতি সুরক্ষিত রাখার মতো সমাধানে পৌঁছতে নিয়ন্ত্রক সংস্থা এবং অন্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনায় গঠনমূলক ভূমিকা নেবে ট্রাস্টস। তাঁর বক্তব্য, গোষ্ঠীর মালিকানার কাঠামো ও প্রাতিষ্ঠানিক চরিত্রই প্রজন্মের পর প্রজন্ম ধরে তার মূল্যবোধ ধরে রাখতে সাহায্য করেছে।
তাঁর কথায়, “এই মালিকের মৃত্যু হয় না, এই মালিককে কিনে নেওয়া যায় না, এই মালিক অবসরও নেন না। টাটার নিজস্ব ধারায় যা কিছু হয়, তার মধ্যে একটা ধারাবাহিকতা থাকে।”
গোষ্ঠীর ব্যবসায়িক সিদ্ধান্ত ও প্রকল্প রূপায়ণ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যে পথে এগিয়েছি, তা নিয়ে আমার প্রশ্ন নেই। কখনও কখনও আমার প্রশ্ন থাকে, আমরা যা করছি, তার বাস্তব রূপায়ণ নিয়ে।”
তিনি আরও বলেন, “প্রশ্নটা দিকনির্দেশ নিয়ে নয়; প্রকল্প রূপায়ণের সময়ে আমাদের প্রয়োজনীয় শৃঙ্খলা আছে কি না, তা নিয়ে। যে সব প্রকল্প ফলপ্রসূ হতে দীর্ঘ সময় লাগে, শৃঙ্খলা না থাকলে সেগুলি সফল হবে কী করে? আর সেই প্রকল্পগুলির জন্য আমরা মূলধন বরাদ্দ করব কী ভাবে?”
নোয়েলের বক্তব্য, “দিকনির্দেশ যে ঠিক আছে, তা খুব স্পষ্ট। কিন্তু এত বড় বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও আমাদের শৃঙ্খলা প্রয়োজন।”
তিনি বলেন, “আমরা ভারতের উন্নয়নের অংশীদার।” এ প্রসঙ্গে তিনি জানান, গোষ্ঠী তার প্রথম সেমিকন্ডাক্টর প্রকল্প হাতে নিয়েছে এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির প্রথম কারখানাও গড়ে তুলছে।
সামাজিক দায়বদ্ধতা
টাটা ট্রাস্টসের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন নোয়েল। তাঁর বক্তব্য, এই দায়িত্ব সমাজের অসহায় ও পিছিয়ে থাকা মানুষের সমস্যাগুলি আরও গভীর ভাবে বুঝতে সাহায্য করেছে।
চেয়ারম্যান হওয়ার আগে তিনি ট্রাস্টি হিসেবে কাজ করেছেন। কিন্তু নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পরে সংস্থার কাজকর্ম অনেক গভীরে গিয়ে বুঝতে হয়েছে তাঁকে।
তিনি বলেন, “একটি বিষয় আমাকে খুব প্রভাবিত করেছে এবং আমার মধ্যে বিনয়ের অনুভূতি তৈরি করেছে। তা হল, সমাজের কিছু অংশের মানুষের সমস্যার গভীরতা দেখার সুযোগ এবং দেশের বঞ্চিত মানুষদের সাহায্য করার সুযোগ। এটাই আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে।”
নোয়েল জানান, মানুষের আরও কাছাকাছি গিয়ে তাঁদের সমস্যাগুলি বোঝার সুযোগ পাওয়া চেয়ারম্যান হিসেবে তাঁর অভিজ্ঞতার অন্যতম গভীর প্রভাব বিস্তারকারী দিক। এই অভিজ্ঞতা তাঁকে দেশের সামাজিক সমস্যার ব্যাপ্তির মুখোমুখি দাঁড় করিয়েছে এবং টাটা ট্রাস্টসের কাজের গুরুত্ব সম্পর্কে তাঁর উপলব্ধি আরও দৃঢ় করেছে।
খুচরো ব্যবসার সম্প্রসারণ
টাটার খুচরো ব্যবসা প্রসঙ্গে নোয়েল জানান, আর্থিক পিরামিডের নীচের স্তরে থাকা ক্রেতাদের নাগালের মধ্যে তাঁদের আকাঙ্ক্ষার পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ২০১৬ সালে জুডিও চালু করা হয়েছিল।
তাঁর কথায়, “ভালো পণ্যের আকাঙ্ক্ষা যে শুধু বড় মহানগরগুলিতে বা বিত্তবানদের মধ্যেই ছিল, তা নয়। এই আকাঙ্ক্ষা সমাজের একেবারে নীচের স্তর পর্যন্ত বিস্তৃত ছিল। আর্থিক পিরামিডের নীচের স্তরের এই চাহিদা আমরা কী ভাবে মেটাতে পারি? তাঁদের আকাঙ্ক্ষার পণ্য পৌঁছে দিতে ২০১৬ সালে আমরা জুডিও চালু করি।”
তিনি জানান, প্রায় ৬ হাজার বর্গফুট আয়তনের শীতাতপনিয়ন্ত্রিত দোকান দিয়ে এই ব্যবসা শুরু হয়েছিল। পণ্যের দাম শুরু হত ১৯৯ টাকা থেকে। গত এক দশকেও সেই প্রারম্ভিক দাম বদলায়নি।
ওয়েস্টসাইড চালুর সময়ে ভারতে এমন খুচরো ব্যবসার ধরন সফল হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। এখন তাদের প্রায় ৩২০টি দোকান রয়েছে। সেই সংখ্যা ৫০০-র উপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
ভোগব্যয় বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, গত এক দশকে বিভিন্ন আর্থসামাজিক শ্রেণি ও বাজারজুড়ে চাহিদা বেড়েছে।
পর্ষদের অন্দরে মতবিরোধ
১৭ সেপ্টেম্বর টাটা সন্সের পরিচালন পর্ষদের বৈঠকের পর টাটা গোষ্ঠীর ক্ষমতার দ্বন্দ্ব তীব্র হয়েছে। ওই বৈঠকে হোল্ডিং সংস্থার পর্ষদ এবং তার সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক টাটা ট্রাস্টসের মধ্যে ক্রমবর্ধমান ফাটল প্রকাশ্যে আসে।
ছয় সদস্যের টাটা সন্স পর্ষদ এগ্জিকিউটিভ চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য দায়িত্বে রাখার প্রস্তাব সমর্থন করে। একই সঙ্গে হোল্ডিং সংস্থাটিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার পথে এগোনোর সিদ্ধান্ত নেয়। তার আগে ‘কোর ইনভেস্টমেন্ট কোম্পানি’ হিসেবে নিজের নিবন্ধন সমর্পণের জন্য টাটা সন্সের আবেদন খারিজ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।
সম্প্রতি ১৭ সেপ্টেম্বরের পর্ষদ বৈঠকের অডিয়ো-ভিডিয়ো রেকর্ডিং চেয়েছিলেন নোয়েল টাটা। টাটা সন্স সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
টাটা সন্সের ৬৬ শতাংশ শেয়ার রয়েছে টাটা ট্রাস্টসের হাতে। শাপুরজি পালোনজি গোষ্ঠীর হাতে রয়েছে ১৮.৩৭ শতাংশ। শাপুরজি পালোনজি গোষ্ঠী তাদের অংশীদারিত্ব থেকে বেরিয়ে আসতে চাইছে। ১৭ সেপ্টেম্বরের সিদ্ধান্তগুলি ঘিরে ট্রাস্টের মনোনীত প্রতিনিধিদের ক্ষমতা, টাটা সন্সের পরিচালনবিধির ব্যাখ্যা এবং পর্ষদের গৃহীত সিদ্ধান্তগুলির আইনি বৈধতা নিয়েও বিরোধ তৈরি হয়েছে।
আগামী ২৬ নভেম্বর টাটা সন্সের পর্ষদ বৈঠকে এই মতপার্থক্যগুলি ফের সামনে আসতে পারে। নোয়েল দু’টি বিতর্কিত প্রস্তাব বৈঠকের আলোচ্যসূচিতে রাখতে চেয়েছেন। একটি হল, অংশীদারিত্ব থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনার অঙ্গ হিসেবে শাপুরজি পালোনজি গোষ্ঠীর ২৫ হাজার কোটি টাকা চাওয়ার বিষয়টি। অন্যটি হল, গোষ্ঠীর দু’টি অতালিকাভুক্ত সংস্থাকে টাটা সন্সের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাব, যাতে হোল্ডিং সংস্থাটি শেয়ার বাজারে তালিকাভুক্ত না হয়েই থাকতে পারে।
এ দিকে টাটা ট্রাস্টসের অন্দরেও মতবিরোধ বেড়েছে। দুই ভাইস চেয়ারম্যান বেণু শ্রীনিবাসন এবং বিজয় সিংহ ১৭ সেপ্টেম্বরের সিদ্ধান্তগুলির পক্ষে দাঁড়িয়েছেন এবং শেয়ার বাজারে তালিকাভুক্তির বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চন্দ্রশেখরনের নেতৃত্ব ঘিরে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা চলতে থাকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।