সরকার ব্যবসা করার পথ সহজ করেছে, কর কমিয়েছে। কিন্তু বেতন বাড়িয়ে সেই সুবিধার ভাগ কর্মীদের দিচ্ছে কি দেশের শিল্পমহল? বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে বণিকসভা ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি/FICCI) বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনের উদ্বোধনে শিল্পপতিদের মুখোমুখি হয়ে এই প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন চাকরি তৈরি নিয়েও তাঁদের প্রশ্ন করলেন তিনি। আর দেশের ক্রেতাদের জন্য ভাল মানের পণ্য তৈরিতে নির্মাতাদের যে মনোভাব দেখছেন, তাতে তিনি ‘লজ্জিত’ বলেও জানালেন। ফিকির শতবর্ষ উদ্‌যাপন চলছে।

মোদী বলেন, “২০১৪ সালে কর্পোরেট করের হার ছিল ৩০ শতাংশ। আমরা তা কমিয়ে ২২ শতাংশ করেছি। আজ ভারতে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হয় না। জানি, আপনারা হাততালি দেবেন না। এটা আমি খুব ভাল করেই জানি। কারণ আপনাদের খিদে এমন, যতই খাওয়াই, পেট ভরে না। কিন্তু আপনারা কি কর্মীদের বেতন বাড়িয়েছেন? আপনাদের প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা বাড়িয়েছেন? না। আপনারা বলেন, ‘মোদীজি, আপনি আপনার কাজটা করুন, আমাদেরটা আমরা দেখব।’ এ ভাবেই চলবে।”

দেশীয় পণ্যের মান নিয়ে তাঁর বক্তব্য, “১৪০ কোটি মানুষের বাজার আমাদের শক্তি, আবার একটা চ্যালেঞ্জও। কারণ আপনারা জানেন, যা-ই বানান, বিক্রি হবেই। কেউ না কেউ কিনবেন। বড় শহরে কেউ না কিনলে ছোট শহরে কেউ কিনবেন। ছোট শহরেও কেউ না কিনলে বড় কোনও গ্রামে কেউ কিনবেন। কিন্তু এ ভাবে তো চলতে পারে না। আপনাদের পণ্যের মান বাড়াতে হবে। আমার লজ্জা হয়। আমাদের দেশের মানুষের কি ভাল জিনিস পাওয়ার অধিকার নেই? এই মানসিকতা বদলাতে হবে। আমার দেশের মানুষ ভাল জিনিস পাওয়ার যোগ্য।”

নানা দেশ যখন সম্পদকে চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তখন ওষুধ, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমদানির উপর নির্ভরতা কমাতে দেশে উৎপাদনক্ষমতা গড়ে তোলার ডাক দেন প্রধানমন্ত্রী। কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণে বিনিয়োগ বাড়াতে এবং যন্ত্রপাতি ও অন্যান্য ইঞ্জিনিয়ারিং পণ্যের বাজারে সুযোগ খুঁজতেও বলেন তিনি। তাঁর কথায়, দেশের বাজারের বাইরেও তাকাতে হবে। আগামী কুড়ি বছরে বিশ্ববাজারে কীসের চাহিদা তৈরি হবে, ‘ভারত সবার আগে’— এই ভাবনা নিয়ে তার প্রস্তুতি নিতে হবে এখন থেকেই।

ফিকির শতবর্ষের প্রসঙ্গ টেনে মোদী বলেন, “একবার ভেবে দেখুন, একশো বছর হয়ে গেল। গত শতকের তিরিশের দশকে গান্ধী এখানে এসে এই একই কথা বলেছিলেন। আজ এত বছর পরেও আমাকে সেই কথাই বলতে হচ্ছে। এটা আপনাদের সাফল্য, না ব্যর্থতা? আমার কথা না শুনুন, অন্তত গান্ধীর কথা শুনুন। তিনিও স্বদেশি আর আত্মনির্ভর ভারতের কথা বলেছিলেন। আপনাদের একশো বছর পূর্ণ হল, অথচ আলোচনা সেই একই জায়গায় দাঁড়িয়ে।”

তিনি আরও বলেন, “সম্পদকে যখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা মাথা উঁচু করে দাঁড়াব, না মাথা নিচু করব, সেটা আপনাদেরই ঠিক করতে হবে।”

ওষুধশিল্পের উদাহরণ দিয়ে মোদী বলেন, ভারতকে বলা হয় ‘বিশ্বের ওষুধের ভাঁড়ার’। অথচ প্রতি বছর কয়েকশো কোটি ডলার খরচ করে ওষুধের সক্রিয় উপাদান (এপিআই), বাল্ক ড্রাগ এবং ওষুধ তৈরির মধ্যবর্তী ধাপের নানা রাসায়নিক আমদানি করে ভারত।

তাঁর কথায়, “এমন শয়ে শয়ে পণ্য আছে, যেগুলির জন্য আমরা এখনও আমদানির উপর নির্ভরশীল। কোন কোন উপাদান ভারতেই তৈরি করা সম্ভব, আমাদের ওষুধশিল্পকে তা চিহ্নিত করতে হবে। নতুন প্রযুক্তি আর বড় কারখানায় বিনিয়োগ করলে আমরা অন্য দেশের সঙ্গে পাল্লা দিতে পারব। ব্যবহারের উপযোগী ওষুধ তৈরিতে আমরা দক্ষ। এ বার সেই ওষুধের উপাদান তৈরিতেও দক্ষ হয়ে উঠতে হবে।”

লোহা ও ইস্পাতের ক্ষেত্রেও একই ছবি দেখছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারত কয়েক হাজার কোটি টাকার লৌহ আকরিক রফতানি করে, অথচ তৈরি ইস্পাত আমদানি করে। কোন কোন গ্রেডের ইস্পাত আমাদের আমদানি করতে হচ্ছে, শিল্পমহলকে তা খতিয়ে দেখতে হবে। তা হলে সেগুলি দেশে তৈরির প্রযুক্তিও গড়ে তুলতে পারব। অ্যালুমিনিয়ামেও একই সুযোগ রয়েছে। ভারতে হাজার হাজার টন বক্সাইট মজুত আছে। তা সত্ত্বেও বিশেষ কাজে ব্যবহৃত অ্যালুমিনিয়াম সংকর ধাতু এবং অন্যান্য পণ্য আমরা আমদানি করি। এগুলিও দেশে তৈরির ক্ষমতা অর্জন করতে হবে।”

এ সব নিয়ে শিল্পমহলকে আত্মসমীক্ষা করতে বলেন মোদী। তাঁর কথায়, ভারতের মতো এত বড় একটা দেশের হিস্যা বিশ্বের মোট কৃষিপণ্য রফতানির মাত্র ২ থেকে ২.৫ শতাংশ। অথচ বড় সংস্থাগুলি কৃষিতে বিনিয়োগ করতে ভয় পায়।

তিনি বলেন, “আমরা কী উৎপাদন করছি আর দুনিয়ার কী প্রয়োজন, তা বুঝে শিল্পমহলকে একসঙ্গে বসে ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে। বিদেশের নির্দিষ্ট বাজারের কথা মাথায় রেখে আমাদের শিল্পসংস্থাগুলিকে কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে। কৃষিপণ্য কেনার একটা নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তুলুন। ওই সব বাজারে যে পণ্যের চাহিদা আছে, তা তৈরি করুন, যাতে ভারতীয় পণ্যই বিশ্বজুড়ে আমাদের পরিচয় হয়ে ওঠে।”

ছোট সংস্থাগুলি যাতে পণ্যের মান বাড়াতে পারে, আরও বড় আকারে উৎপাদন করতে পারে, তার জন্য বড় সংস্থাগুলিকে এগিয়ে আসতে বলেন মোদী। তাঁর কথায়, “উন্নয়নশীল দেশগুলির, গ্লোবাল সাউথের যে সব যন্ত্রপাতি দরকার, আমরা একসঙ্গে সেগুলি তৈরি করতে পারি। পণ্য মোড়কজাত করার যন্ত্র, সেচের সরঞ্জাম আর কলকারখানায় ব্যবহৃত যন্ত্রপাতির বাজার খতিয়ে দেখতে পারে আমাদের শিল্পমহল। যে দেশ তার কৃষক, ছোট উদ্যোক্তা, শিল্প, সম্পদ সৃষ্টিকারী এবং করদাতাদের সম্মান করে, সেই দেশই এগিয়ে যায়।”

বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিগুলিকে কী ভাবে কাজে লাগানো যায়, ফিকিকে তার পরিকল্পনা তৈরি করতে বলেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারকে বোঝার জন্যও বিনিয়োগ করতে বলেন তিনি।