বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ কৃষ্ণনগর থেকে কালীগঞ্জ যাচ্ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নদিয়ার কালীগঞ্জ ব্লকের গোবরা পঞ্চায়েত এলাকায় তাঁর কনভয় ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। কেউ কালো পতাকা ও বিজেপির পতাকা নাড়ছিলেন, কারও হাতে ছিল ঝাঁটা, লাঠি। উঠছিল ‘গো ব্যাক’ স্লোগান। গাড়ির ভিতরে আটকে পড়ে সেখান থেকেই ঘটনার সরাসরি সম্প্রচার শুরু করেন কৃষ্ণনগরের সাংসদ। তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, “একদল লোক আমাকে আক্রমণ করেছে। ওরা আমার গাড়িটা ঠেলছে। ডিমগুলো দেখুন!”
মহুয়ার অভিযোগ, হামলা ছিল পূর্বপরিকল্পিত। এমন কিছু ঘটতে পারে বলে পুলিশকে আগেই জানিয়েছিলেন তিনি। পরে এক্সে ঘটনার একাধিক ভিডিয়ো দিয়ে তিনি লেখেন, “পুলিশকে সব তথ্য দেওয়া সত্ত্বেও বিজেপির এই লোকজনকে এসে আমার কর্মসূচিতে বাধা দিতে দিয়েছে পুলিশ। আমার কনভয়ে পুলিশি পাহারা ছিল, তবু ওরা হামলা করল।”
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মহুয়া আরও লেখেন, “বিজেপির গুন্ডারা আমার গাড়ি ঠেলছে, লাঠি আর ডিম নিয়ে হামলা করছে। ওদের সরাতে পুলিশ কিছুই করছে না। উল্টে পুলিশ আমাকেই চলে যেতে বলছে।” সরাসরি সম্প্রচারের সময়ও তাঁকে বলতে শোনা যায়, “আমার সঙ্গে দু’জন পুলিশকর্মী আছেন। তাঁরা দু’জন কিছুই করতে পারছেন না।”
বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সংবাদমাধ্যমের আহ্বায়ক সন্দীপন মজুমদার বিক্ষোভকে সমর্থন করেছেন। তাঁর বক্তব্য, “তৃণমূল ক্ষমতায় থাকার সময় মহুয়া মৈত্র যে ভাবে হিন্দু দেবদেবীদের অপমান করেছিলেন, ক্ষমতা বদলের পর এ হল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। ওঁর দিকে তো আর বোমা ছোড়া হয়নি, শুধু ডিম ছোড়া হয়েছে। উনি যা করেছেন, তাতে এটুকু ওঁকে সহ্য করতেই হবে।”
এর আগেও ডিম ছোড়ার অভিযোগ
১ জুলাই মহুয়া অভিযোগ করেছিলেন, কৃষ্ণনগরে তাঁর দপ্তরের বাইরে জড়ো হয়ে ডিম ছুড়েছেন বিজেপি কর্মীরা। ভিড়ের ভিডিয়োও তিনি এক্সে প্রকাশ করেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তখন বলেছিলেন, এ ধরনের আচরণ বিজেপির সংস্কৃতি নয়।
১৬ সেপ্টেম্বর তেহট্টে দলের একটি বৈঠক সেরে বেরোনোর সময়েও মহুয়া ও তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। সে দিনও বিক্ষোভকারীদের হাতে ছিল কালো পতাকা, মুখে ‘গো ব্যাক’ স্লোগান। মহুয়ার দাবি, পুলিশের সামনেই বিজেপির কর্মী ও স্থানীয় পদাধিকারীরা এই কাজ করেন। বিজেপি জানায়, অভিযুক্তদের সঙ্গে দলের কোনও যোগ নেই।
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ২১ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মহুয়া। তাঁর নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট কি না, সেই মামলা এখন হাই কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। আদালতের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত মহুয়া যখনই তাঁর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যাবেন, তাঁর নিরাপত্তায় দু’জন কনস্টেবল থাকবেন। মামলার পরবর্তী শুনানি ২৭ নভেম্বর।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।