পশ্চিমবঙ্গের দুই প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেন এবং রাজ্য সরকারের কয়েক জন পদস্থ কর্তার বিরুদ্ধে জিরো এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। যৌন নির্যাতন থেকে দুর্নীতি পর্যন্ত একাধিক অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানায় এফআইআরটি নথিভুক্ত হয়েছে।
সমাজকর্মী রাজীব সরকার ১৭ নভেম্বর পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। তাঁর অভিযোগ, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে কর্মরত মহিলা কর্মী ও শিল্পীদের যৌন নির্যাতনের চেষ্টা হয়েছে। তাঁদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে, অনুচিত প্রলোভন দেখানো হয়েছে। কর্মক্ষেত্রে হেনস্থা ও শোষণের অভিযোগও তুলেছেন তিনি।
সূত্রের খবর, দুই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে ধর্ষণ, বেআইনি ভাবে আটকে রাখা, তোলাবাজি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, মহিলাদের যৌন নির্যাতন, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্র।
অভিযোগে আরও বলা হয়েছে, রেড রোড কার্নিভাল, যাত্রা উৎসব ও নাট্য উৎসবের মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তথ্য ও সংস্কৃতি দফতরের ভিতরে একটি সংগঠিত চক্র চালাতেন ব্রাত্য বসু। অভিনেতা ও নাট্যকার ব্রাত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। মন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে জোর করে যৌন নির্যাতনের চেষ্টা ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
অন্য এক মামলায় অক্টোবর থেকে জেল হেফাজতে রয়েছেন ইন্দ্রনীল সেন। সেই মামলায় অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রি ঘিরে কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক জায়গায় তল্লাশিও চালিয়েছে।
রাজীব সরকারের দাবি, যাঁরা নির্যাতনের অভিযোগ করেছিলেন, তাঁদের অভিযোগ পেয়েও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। সেই কারণেই তাঁকে নতুন করে পুলিশের কাছে যেতে হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, “আমি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৭৩(১) ধারায় অভিযোগ দায়ের করেছিলাম। এখন জানতে পেরেছি, দুই প্রাক্তন মন্ত্রী-সহ ৪০ জনের বিরুদ্ধে জিরো এফআইআর নথিভুক্ত হয়েছে।”
ঘটনাস্থল যে থানার এলাকাতেই হোক, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় এফআইআর দায়ের করা যায়। ঘটনাস্থল সংশ্লিষ্ট থানার এক্তিয়ারের বাইরে হলে এ ভাবে নথিভুক্ত এফআইআরকে বলা হয় ‘জিরো এফআইআর’।
বিজেপির বক্তব্য, তদন্তে কোনও রাজনৈতিক প্রভাব থাকবে না। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “যাঁরা অভিযোগ করছেন, তাঁরা এখন মুখ খুলছেন। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের শাস্তি পেতে হবে।”
তৃণমূলের মুখপাত্র কৃষাণু মৈত্র অবশ্য অভিযোগ দায়েরের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, কেবল নির্যাতিত ব্যক্তি বা ঘটনার সাক্ষীই জিরো এফআইআর দায়ের করতে পারেন এবং সাক্ষী বিপন্ন বোধ করলে তাঁকে এই সুযোগ দেওয়া হয়। রাজীব সরকার সম্পর্কে তাঁর মন্তব্য, “যে থানা এলাকায় ঘটনা ঘটেছে, সেখানে অভিযোগ না করে কেন তাঁকে জিরো এফআইআর দায়ের করতে হল, সেটাও তাঁর জানানো উচিত।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।