পশ্চিমবঙ্গের খনি, সৌরশক্তি ও শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখছে অস্ট্রেলিয়া। বুধবার বিধাননগরে বিজেপির দলীয় কার্যালয়ে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান ভারতে অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন।

গ্রিন বলেন, “বিধানসভা নির্বাচনে জয়ের জন্য আমরা বিজেপিকে অভিনন্দন জানিয়েছি। আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কী সম্ভাবনা তৈরি হয়, এখানে অর্থনৈতিক সুযোগ কতটা বাড়ে, সে দিকে আমরা তাকিয়ে আছি।” তিনি জানান, অস্ট্রেলীয় সংস্থাগুলি এ রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে আগ্রহী। রাজ্যের বিজেপি সরকারও তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

গ্রিনের কথায়, “অস্ট্রেলিয়ার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তাঁদের জানাব, পশ্চিমবঙ্গে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, এখানে নতুন সুযোগ তৈরি হয়েছে।”

বাংলায় অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস?

শমীক ভট্টাচার্যের দাবি, সরকার বদলের পর অস্ট্রেলীয় বিনিয়োগকারীরা মনে করছেন, পশ্চিমবঙ্গে এখন বিনিয়োগের পরিবেশ আগের চেয়ে অনুকূল। তিনি বলেন, “অস্ট্রেলীয় সংস্থাগুলি বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী। ভারতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলির আটটি ক্যাম্পাস রয়েছে। তারা এখানেও একটি ক্যাম্পাস খুলতে চায়। এ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাদের কথাও হয়েছে।”

শমীক জানান, পারমাণবিক বিদ্যুৎ ও সৌরশক্তির ক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়া। তাঁর কথায়, “ওঁরা বলেছেন, আমরা যদি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিই, তা হলে ওঁরা ইউরেনিয়াম সরবরাহ করবেন। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ভারতের কৌশলগত অংশীদার। ওঁরা এখানে সৌরবিদ্যুতেরও প্রসার ঘটাতে চান। আমি বলেছি, সব রকম সহযোগিতা করব।”

খনি, সৌরশক্তি ও শিক্ষায় বিনিয়োগের পাশাপাশি এ রাজ্যের পড়ুয়া ও তরুণদের কর্মসংস্থানের প্রসঙ্গও তোলেন শমীক। তিনি বলেন, “ওঁরা চান, অস্ট্রেলিয়ার মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগসূত্র গড়ে উঠুক, যাতে এখানকার ছাত্রছাত্রী ও তরুণেরা ওই সব সংস্থায় চাকরির সুযোগ পান।”

রাজ্যে বিনিয়োগের পরিবেশ বদলেছে বলে দাবি করে শমীক বলেন, “বিনিয়োগকারীরা আসছেন, প্রবাসী ভারতীয়েরাও আসছেন। আগে এ সব বিষয়ে দলের নিয়ন্ত্রণ ছিল, তাই তাঁরা আমাদের দলীয় কার্যালয়ে আসছেন। আমরা তাঁদের বলেছি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করতে।”

শমীকের আরও দাবি, বাংলার শিল্পোদ্যোগীরাও এখন এ রাজ্যেই ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছেন। তিনি বলেন, “যে শিল্পপতিরা এক সময় রাজ্যের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁরা এখন এখানেই বিনিয়োগ করছেন।”