পাঁচ বছরের মেয়েটি পাড়ার যে মানুষটিকে ‘জেঠু’ বলে ডাকত, তাঁরই ঘর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেছিলেন বাবা-মা ও প্রতিবেশীরা। হুগলির গুড়াপে সেই শিশুকে ধর্ষণ ও খুনের দায়ে অশোক সিংহের মৃত্যুদণ্ড বহাল রাখল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার, ১৭ নভেম্বর, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ অশোকের আপিল খারিজ করে ঘটনাটিকে ‘বিরলতমের মধ্যে বিরল’ বলে চিহ্নিত করেছে।

রাজ্যের বিশেষ সরকারি কৌঁসুলি জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এই রায়ের পরে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলার কথা উল্লেখ করেন। কলকাতায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুনের দায়ে ধনঞ্জয়ের মৃত্যুদণ্ড হাই কোর্ট বহাল রেখেছিল ১৯৯২ সালে। সেই রায়ের ৩৪ বছর পরে গুড়াপের মামলায় নিম্ন আদালতের দেওয়া ফাঁসির সাজায় সায় দিল হাই কোর্ট। অশোক যাতে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন, সে জন্য সাজা কার্যকর করার উপরে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে বেঞ্চ। সংশোধনাগারের সুপারকে রায়ের প্রতিলিপি অশোকের হাতে দিয়ে জানাতে হবে, আপিলের জন্য তিনি বিনা খরচে আইনি সহায়তা পেতে পারেন।

ঘটনাটি ২০২৪ সালের ২৪ নভেম্বরের। মেয়েটির বয়স তখন পাঁচ বছর দশ মাস। সন্ধ্যায় বাজার থেকে ফিরে বাবা শোনেন, মেয়ে পাড়ার এক পরিচিত বাড়িতে গিয়েছে। মা সেখানে গিয়ে জানতে পারেন, সে অনেকক্ষণ আগেই বেরিয়ে গিয়েছে। মেয়ে যেসব বাড়িতে যেত, বাবা-মা সেগুলিতে খোঁজ করেন। অশোক প্রথমে জানান, মেয়েটি তাঁর বাড়িতে আসেনি। পরে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে বাবা-মা সেখানে গেলে তিনি তাঁদের ঢুকতে বাধা দেন। ঘরে ঢুকে মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তাঁরা। এক প্রতিবেশী নিজের মোটরবাইকে বাবা ও মেয়েকে ধনেখালি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার ১৩ দিনের মধ্যে চার্জশিট দেয় বিশেষ তদন্তকারী দল। বিচারে ২৭ জন সাক্ষীকে হাজির করে সরকারপক্ষ। ২০২৫ সালের ১৭ জানুয়ারি চুঁচুড়ার বিশেষ পকসো আদালত অশোককে মৃত্যুদণ্ড দেয়। হাই কোর্টে তাঁর আইনজীবীর যুক্তি ছিল, ধর্ষণ বা খুন কেউ ঘটতে দেখেননি। এক প্রতিবেশী আদালতে বলেছিলেন, চকোলেট দেওয়ার কথা বলে অশোক মেয়েটিকে ডেকে নিয়ে যান। অথচ তদন্তকারী পুলিশ আধিকারিকের কাছে তিনি সে কথা বলেননি। ফলে ওই সাক্ষ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে আসামিপক্ষ।

বিচারপতি অপূর্ব সিংহ রায় লিখেছেন, ওই প্রতিবেশী ম্যাজিস্ট্রেটের কাছে চকোলেটের কথা বলেছিলেন। তাঁর সাক্ষ্য সরিয়ে রাখলেও অন্য প্রমাণগুলি পরস্পরের সঙ্গে মেলে। শিশুটিকে অশোকের ঘরেই পাওয়া গিয়েছিল। ঘরের মেঝে ও দেওয়ালে ছিল রক্তের দাগ। শিশুর দেহ থেকে সংগৃহীত নমুনায় অশোকের ডিএনএ মিলেছে। ময়নাতদন্তে মাথায় গুরুতর আঘাতও ধরা পড়ে।

আমৃত্যু কারাবাসের বিকল্পটিও বিচার করেছেন দুই বিচারপতি। অশোকের সংশোধনের সম্ভাবনা যাচাই করতে তাঁরা চিকিৎসক, মনোবিদ ও প্রবেশন অফিসারের রিপোর্ট দেখেন। বেঞ্চের পর্যবেক্ষণ, শিশুটি প্রতিবেশীকে বিশ্বাস করত, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই অশোক তাকে নিজের বাড়িতে নিয়ে যান। আদালতে তাঁর উত্তরেও অনুশোচনার কোনও লক্ষণ দেখেননি বিচারপতিরা। তাঁদের মতে, এই অপরাধের জন্য আমৃত্যু কারাবাসও অপর্যাপ্ত।

বিচার চলাকালীন এক দিন সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন শিশুটির মা। আদালতের কাজ কিছুক্ষণের জন্য থামাতে হয়েছিল। আর এক দিন সাক্ষ্য দিতে দিতেই তিনি জ্ঞান হারান। সাজা নির্ধারণের সময় পরিবারের এই অভিজ্ঞতার কথাও রায়ে উল্লেখ করেছেন বিচারপতি সিংহ রায়।

রায়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছে বেঞ্চ। সরকার অশোকের ফাঁসি বহাল রাখার পক্ষে সওয়াল করেছে, অথচ শিশুটির বাবা-মাকে ক্ষতিপূরণ দেওয়ার আগের নির্দেশ পালন করেনি। পরিবারটির পাওনা ছিল দশ লক্ষ টাকা। হাই কোর্ট সেই অঙ্ক বাড়িয়ে পনেরো লক্ষ টাকা করেছে। দু’মাসের মধ্যে বাবা-মায়ের হাতে টাকা পৌঁছে দিতে হবে। নির্দেশ পালিত হয়েছে কি না, রাজ্যকে ২০২৭ সালের ৩০ জানুয়ারির মধ্যে তা আদালতে জানাতে হবে।