বুধবার গোরক্ষপুরে অখিলেশ যাদবের রোড শোয়ের ডাক দিয়েছিল সমাজবাদী পার্টি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাসতালুকে শক্তি দেখাতে চেয়েছিল উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল। প্রায় দু’দশক গোরক্ষপুরের সাংসদ ছিলেন যোগী। এখন তিনি গোরক্ষপুর শহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক।
সমাজবাদী পার্টির কয়েক জন নেতা দলীয় ব্যানার আর ফুলের মালা দিয়ে সাজানো বুলডোজার নিয়ে এসেছিলেন রোড শোয়ে। রাজনৈতিক বার্তা ছিল স্পষ্ট। যোগীর গড়ে দাঁড়িয়ে তাঁকেই চ্যালেঞ্জ ছুড়ছিলেন তাঁরা।
দুপুর আড়াইটে নাগাদ রোড শোয়ের জন্য আনা একটি বুলডোজারের চাকায় চাপা পড়ে মৃত্যু হয় বছর চোদ্দোর আর্যবর্ধন সিংহের। দশম শ্রেণির ছাত্র আর্যবর্ধন স্থানীয় বিজেপি নেতা ওঙ্কার সিংহের ছেলে। বোনকে আনতে হেঁটে রাস্তার মোড়ে যাচ্ছিল সে। পথে দুর্ঘটনাটি ঘটে। আর্যবর্ধনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখান তার পরিবারের সদস্য ও বিজেপি কর্মীরা। বুলডোজারের চালক-সহ ৬৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
‘কী দোষ ছিল ওই নিরপরাধ ছেলেটার?’
বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে সমাজবাদী পার্টিকে তীব্র আক্রমণ করেন যোগী। তিনি বলেন, “কী দোষ ছিল ওই নিরপরাধ ছেলেটার? নিজেদের রোড শোয়ের বলি করল সমাজবাদী পার্টি এক নাবালককে।” প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কাল যারা গোরক্ষপুরের রাস্তায় অরাজকতা ছড়িয়েছিল, তাদের খুঁজে বার করুন। এমন শাস্তি দিতে হবে, যাতে প্রজন্মের পর প্রজন্ম তা মনে রাখে।”
যোগী আরও বলেন, “কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমনই কড়া হাতে দমন না করলে এই গুন্ডা-মাফিয়ারাও শোধরাবে না।” তাঁর অভিযোগ, “একটা ছেলে প্রাণ হারাল, অথচ এদের মুখে সমবেদনার একটা কথাও শোনা গেল না। দেখুন, কী নির্লজ্জ!” শোক জানাতে তিনি নিজে আর্যবর্ধনের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানান।
এর আগে অখিলেশকে কটাক্ষ করেন উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। তিনি বিজেপির শরিক সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা। এক্সে তিনি লেখেন, “আপনার রোড শোয়ের বুলডোজারটাই আর্যবর্ধনের প্রাণ নিল। বন্ধু, বুলডোজার সামলানো সবার কম্ম নয়।”
অখিলেশের জবাব
আর্যবর্ধনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অখিলেশ বলেন, ছেলেটির মৃত্যুতে তাঁর দলের প্রত্যেকে “গভীর ভাবে শোকাহত”। এক্সে তিনি লেখেন, “আমরা ইতিমধ্যেই দলের লোকজনকে বলেছি, পরিবারের সঙ্গে দেখা করে সব রকমের সাহায্য করতে। যাঁরা এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছেন, তাঁদের মনে পড়া উচিত, লখনউয়ে অগ্নিকাণ্ডে যে তরুণের মৃত্যু হয়েছিল, তাঁর শোকার্ত মায়ের সঙ্গে তাঁরা কী দুর্ব্যবহার করেছিলেন, কী ভাবে তাঁকে হুমকি দিয়েছিলেন। যাঁরা আজ শোকের ভান করছেন, মানুষ তাঁদের নাটক ধরে ফেলেছেন।” পরে সমর্থকদের কাছে অখিলেশ আবেদন জানান, দলের মিছিলে যেন আর বুলডোজার ব্যবহার করা না হয়।
সমাজবাদী পার্টির নেতাদের দাবি, বুলডোজারটি কর্মসূচিস্থল ছেড়ে চলে যাওয়ার অনেক পরে দুর্ঘটনা ঘটে। দলের নেতা উদয়বীর সিংহ বলেন, “কর্মসূচি চলাকালীন এমন কিছু ঘটলে লোকজন দেখতে পেতেন। এত ক্যামেরা ছিল, এত মানুষ ছিলেন। বুলডোজারটা সেখান থেকে চলে যাওয়ার অনেক পরে যে দুর্ঘটনা ঘটেছে, তার জন্য সমাজবাদী পার্টিকে দোষ দেওয়া অন্যায়। তা ছাড়া, যখন ফুল ছড়ানো হচ্ছিল, তখন তো বুলডোজারটা এক জায়গায় দাঁড়িয়ে ছিল। এই অভিযোগ ভুল।”
দলের সংবাদমাধ্যম শাখা ২০২৪ সালের একটি দুর্ঘটনার কথাও তুলেছে। সে বার মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কনভয়ের একটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি কয়েক জন শ্রমিককে ধাক্কা মারে। দু’জনের মৃত্যু হয়, আহত হন আরও কয়েক জন। শুক্রবার সমাজবাদী পার্টি অভিযোগ করে, সরকার সেই ঘটনা ধামাচাপা দিয়েছিল।
বুলডোজার যে ভাবে রাজনৈতিক প্রতীক হল
গোরক্ষপুরের রোড শো থেকে কিশোরের অকালমৃত্যু, তার পর দায় নিয়ে চাপানউতোর—সব কিছুর কেন্দ্রে সেই বুলডোজার। যোগী আদিত্যনাথের আমলে এই যন্ত্র উত্তরপ্রদেশের রাজনীতিতে এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।
মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কিছু দিনের মধ্যেই যোগী হুঁশিয়ারি দিয়েছিলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবেন। অচিরেই গুরুতর অপরাধে অভিযুক্তদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা কার্যত রেওয়াজ হয়ে দাঁড়ায়। এরই নাম হয় ‘বুলডোজার বিচার’। সমালোচকদের বক্তব্য, এতে আইনি প্রক্রিয়া এড়িয়ে বিচারের আগেই অভিযুক্তকে শাস্তি দেওয়া হচ্ছে।
যোগীকে প্রথম ‘বাবা বুলডোজার’ বলে ডেকেছিলেন অখিলেশ নিজেই। বিজেপি সাদরে সেই নামটি লুফে নেয়। এ ভাবেই উত্তরপ্রদেশের রাজনীতির অভিধানে ঢুকে পড়ে বুলডোজার। সম্প্রতি রাজ্যে বুলডোজার তৈরির জন্য শিল্পসংস্থাগুলিকে আমন্ত্রণও জানিয়েছেন যোগী। তাঁর কথায়, বুলডোজার এখন উত্তরপ্রদেশের ‘ব্র্যান্ড’।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।