বর্তমানে ইপিএফ সদস্য ৫৮ বছর বয়সে অবসর নিলে জমা থাকা পিএফ-এর পুরো ১০০ শতাংশ তুলতে পারেন, আর অন্তত দশ বছর চাকরি করে থাকলে মাসিক ইপিএস পেনশনের দাবি জানাতে পারেন।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) ফেব্রুয়ারিতে ইপিএফও ৩.০ চালু করার পরিকল্পনা করছে। লক্ষ্য, সংগঠিত ও অসংগঠিত, সব ক্ষেত্রের শ্রমিককে সর্বজনীন সামাজিক সুরক্ষার আওতায় আনা। বিষয়টি সম্পর্কে অবহিত দু'জন ব্যক্তি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, এই পর্বে অবসর তহবিল সংস্থাটি তার প্রযুক্তিগত পরিকাঠামোকে সম্পূর্ণ ঢেলে সাজাতে চলেছে, যার ফলে সব শ্রেণির শ্রমিকের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন)-এর সঙ্গে সরাসরি যুক্ত পিএফ জমা সম্ভব হবে।

একজন সূত্র বলেন, "প্রযুক্তির দিকে কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী পঞ্চাশ বছরে ২০০ কোটি শ্রমিকের তথ্য সামলানোর লক্ষ্য নিয়েই প্ল্যাটফর্মটি তৈরি হচ্ছে। এই প্রযুক্তি-উন্নয়ন হবে ইপিএফও-র পরবর্তী প্রজন্মের সংস্কার, যার মাধ্যমে সংস্থা সম্পূর্ণ কাগজহীন ব্যবস্থার দিকে এগোবে।"

ইউপিআই সুবিধা

ইপিএফও-র ইউপিআই সুবিধা চালুর শেষ ধাপেও পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন সূত্রদের একজন। ডিসেম্বরের শেষ নাগাদ তা চালু হওয়ার কথা। তাঁর কথায়, "সব পরীক্ষামূলক প্রয়োগ হয়ে গিয়েছে। পরীক্ষার সময় কিছু প্রযুক্তিগত গলদ দেখা দিয়েছিল, সেগুলি মেটানো হয়েছে। এখন একেবারে শেষ পর্যায়ে।"

এই সুবিধায় সদস্যরা ভীম অ্যাপের মাধ্যমে পিএফ-এর টাকা তুলতে পারবেন। পাশাপাশি তাঁরা আলাদা করে দেখে নিতে পারবেন মোট উপলব্ধ ব্যালান্স, তোলার যোগ্য ব্যালান্স এবং ন্যূনতম ব্যালান্স কত। এই মাসের গোড়ায় ইপিএফও একটি হোয়াটসঅ্যাপ পরিষেবাও চালু করেছে, যাতে ইপিএফ গ্রাহকরা পিএফ ব্যালান্স, সাম্প্রতিক লেনদেন ও পাসবই দেখতে পারেন।

বৃহত্তর পরিধি

সামাজিক সুরক্ষা সংহিতা অনুযায়ী, ইপিএফও ৩.০ পর্বে অসংগঠিত ক্ষেত্র ও গিগ শ্রমিকদের জন্যও পিএফ জমার পথ খুলবে। এই সংহিতাই প্রথমবার গিগ ও প্ল্যাটফর্ম শ্রমিকদের সামাজিক সুরক্ষার জালে এনেছে। সংহিতায় বলা হয়েছে, অ্যাগ্রিগেটরদের তাঁদের বার্ষিক টার্নওভারের ১ থেকে ২ শতাংশ সামাজিক সুরক্ষায় দিতে হবে, তবে মোট অঙ্ক অ্যাগ্রিগেটরের প্রদেয় অর্থের ৫ শতাংশের বেশি হবে না।

ইপিএফও-র বর্তমানে সক্রিয় সদস্য প্রায় ৮ কোটি, মোট সদস্য ৩৪ কোটির বেশি, আর অবসর তহবিলের পরিমাণ প্রায় ৩২ লক্ষ কোটি টাকা।

পরবর্তী পর্বে সব শ্রমিক আওতায় আসবে বলে ৬০ কোটিরও বেশি কর্মীবাহিনীর বিপুল লেনদেন সামলানোর প্রস্তুতি নিতে হচ্ছে ইপিএফও-কে। আগামী পাঁচ বছরে প্রায় আড়াই কোটি গিগ শ্রমিক এবং নির্মাণ ও অন্যান্য ভবন শ্রমিক (বিওসিডব্লিউ) এই ব্যবস্থায় যুক্ত হবেন বলে সংস্থা আশা করছে। প্রযুক্তি-উন্নয়নের পরিকল্পনা হচ্ছে তাঁদের কথা মাথায় রেখেই।

সংস্কারের নতুন পর্বে থাকছে "এক-থেকে-বহু সংযোগ" ব্যবস্থা, যেখানে একটি ইউএএন একাধিক নিয়োগকর্তা ও অ্যাগ্রিগেটরের সঙ্গে নথিভুক্ত করা যাবে। ফলে শ্রমিকরা সব উৎস থেকে আসা পিএফ ও পেনশন জমার সামগ্রিক হিসেব দেখতে পাবেন, পাশাপাশি নিয়োগকর্তা-ভিত্তিক বিভাজনও বজায় থাকবে।

ইপিএফও-র ব্যবস্থায় এনজিও, ব্যক্তি, দাতা সংস্থা ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকেও তৃতীয় পক্ষের জমার সুযোগ থাকবে। প্রতিটি ইউএএন-এর অধীনে সমস্ত জমা নজরে রাখা হবে, তবে সেখানে একটি পরিবর্তনযোগ্য ঊর্ধ্বসীমা থাকবে। এই উদ্যোগের মাধ্যমে নমনীয় সহ-অংশদান মডেল চালু করা হবে, যাতে ডেলিভারি কর্মী, চালক ও অন্যান্য প্ল্যাটফর্ম শ্রমিকরা অন্তর্ভুক্ত হতে পারেন।

কেন্দ্রীভূত ব্যবস্থা

ইপিএফও তার প্রযুক্তি-প্ল্যাটফর্মে কোর ব্যাঙ্কিং সলিউশন (সিবিএস) সফটওয়্যারও যুক্ত করবে। এতে ব্যাঙ্কের মতো কেন্দ্রীভূত কাজের কাঠামোর দিকে এগোবে সংস্থা। সদস্যরা দেশের যে কোনও আঞ্চলিক দফতরে গিয়ে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে ও সমস্যার সমাধান করাতে পারবেন। কাজের সূত্রে যাঁদের এক শহর থেকে অন্য শহরে যেতে হয়, তাঁরা বিশেষভাবে উপকৃত হবেন।

পদ্ধতিগত উত্তোলন

গত সপ্তাহের বৈঠকে পদ্ধতিগত উত্তোলন পরিকল্পনা (এসডব্লিউপি)-র প্রস্তাব অনুমোদনের পরই সংস্কারের পরবর্তী পর্বের দিকে এগোচ্ছে ইপিএফও। এতে অবসরের সময় পুরো তহবিল এককালীন না তুলে নির্দিষ্ট বিরতিতে কিস্তিতে টাকা পাওয়া যাবে।

এসডব্লিউপি-তে অবসরপ্রাপ্ত সদস্যরা সঞ্চয় ইপিএফ ব্যবস্থার মধ্যেই রেখে দিতে পারবেন, ইপিএফ-এর সুদ পেতে থাকবেন এবং অবশিষ্ট তহবিলের মালিকানা না ছেড়েই অবসরোত্তর আয় পাবেন।

ইপিএফ গ্রাহকদের জন্য একাধিক উত্তোলনের বিকল্প প্রস্তাব করা হয়েছে: পুরোপুরি পদ্ধতিগত উত্তোলন, আংশিক এককালীন উত্তোলনের সঙ্গে বাকি অংশে এসডব্লিউপি, অথবা শুধু সুদ তোলা। এসডব্লিউপি-তে অবসরপ্রাপ্ত সদস্যরা তাঁদের জমা পিএফ-এর টাকা নিয়মিত বিরতিতে, যেমন মাসিক, ত্রৈমাসিক বা ষান্মাসিক, নিজের পছন্দ অনুযায়ী তুলতে পারবেন।