দেনার দায়ে ধুঁকছে স্পাইসজেট। এখন প্রশ্ন উঠছে শুধু উড়ান বাতিল নিয়ে নয়, যাত্রী-নিরাপত্তা নিয়েও। পাইলটদের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটস (এফআইপি) রবিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডুকে চিঠি দিয়েছে। তাতে তারা বেতন দিতে দেরি এবং বকেয়া মেটাতে না পারার কথা তুলে সতর্ক করেছে যে, এর প্রভাব যাত্রী-নিরাপত্তায় এবং ভারতের বিমান পরিবহণের ভবিষ্যতে পড়তে পারে।
চিঠিতে এফআইপি-র সবচেয়ে কড়া দাবি হল, স্পাইসজেট যদি প্রমাণ করতে না পারে যে অনুমোদিত সূচি নিরাপদে চালানোর মতো আর্থিক ও পরিচালন-সামর্থ্য তাদের আছে, তা হলে মন্ত্রক যেন ডিজিসিএ-কে দিয়ে সংস্থার উড়ানক্ষমতা কমিয়ে দেয়। পাশাপাশি তাদের দাবি, সংস্থার প্রস্তাবিত ৫,৫০০ কোটি টাকা তোলার পরিকল্পনা যাচাই করা হোক। টাকা কোথা থেকে আসবে, কবে আসবে, কোন খাতে খরচ হবে, সব দেখা দরকার। গত সপ্তাহেই পরিচালন পর্ষদ এই পরিকল্পনায় সায় দিয়েছে।
পাইলটদের মূল যুক্তিটি সোজা। বেতন সময়ে না পেলে আর্থিক দুশ্চিন্তা হয়, ঘুম ব্যাহত হয়, ক্লান্তি আসে, মনোযোগ কমে, আর তাতে মানুষের ভুলের ঝুঁকি বাড়ে। ককপিটে এই ভুলের মাসুল কত বড় হতে পারে, সেটা নতুন করে বোঝানোর দরকার নেই। চিঠির ভাষায়, কোনও বিমানসংস্থার আর্থিক স্বাস্থ্য আর তার উড়ান-নিরাপত্তাকে দু'টি আলাদা বিষয় হিসাবে দেখা যায় না।
সংগঠন চেয়েছে সংস্থার পুরো খাতা খুলে দেখা হোক। তারা আসল নগদের অবস্থা, বকেয়া বেতন, বিধিবদ্ধ ও বিমানবন্দরের পাওনা, তেল সংস্থা ও লিজ়দাতাদের প্রাপ্য, জরুরি যন্ত্রাংশ এবং বিমানের বিমা খতিয়ে দেখার দাবি তুলেছে। উড়ান-ডিউটির সময়সীমা মেনে সূচি চালানোর মতো যথেষ্ট পাইলট ও কর্মী আছেন কি না, সেটাও যাচাই করতে বলেছে।
পরিসংখ্যানেই সঙ্কটের চেহারা স্পষ্ট। এফআইপি-র চিঠি অনুযায়ী, ২০১৪ সালে দেশের ঘরোয়া বাজারে স্পাইসজেটের অংশীদারি ছিল প্রায় ২১ শতাংশ। এ বছর অক্টোবরে তা নেমে এসেছে ০.৬ শতাংশে। উড়ান বাতিলও ক্রমশ রোজকার ঘটনা হয়ে উঠছে। ১৯ নভেম্বর দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরু বিমানবন্দরে সংস্থার ৪২টি নির্ধারিত উড়ানের মধ্যে অন্তত ৩১টি 'বাতিল' বা 'চলছে না' বলে দেখানো হয়েছিল। নিয়ন্ত্রক সংস্থাও নড়েচড়ে বসেছে। সম্প্রতি উড়ান বাতিল আর পাওনা মেটানো নিয়ে ডিজিসিএ স্পাইসজেটকে সাত দিনের শো-কজ় নোটিস পাঠিয়েছে।
বেতন-সঙ্কট অবশ্য হঠাৎ শুরু হয়নি। এপ্রিল থেকেই পাইলট ও কেবিন ক্রু-র বেতন দিতে সমস্যায় পড়ছে সংস্থা। অক্টোবরে কিউ৪০০ বহরের প্রায় ৪০ জন পাইলট বকেয়া না মেটানো পর্যন্ত উড়বেন না বলে জানিয়ে দেন, আর পাইলটদের আর এক সংগঠন আলপা ইন্ডিয়া তাঁদের পাশে দাঁড়ায়। তখনই জানা গিয়েছিল, সংস্থার মাত্র ১০টি বিমান চালু, আর ৩৭টি মাটিতে পড়ে আছে। সমস্যা শুধু পাইলটদেরও নয়। সংস্থার এক শীর্ষ আধিকারিকের কথায়, ইঞ্জিনিয়ারিং, গ্রাউন্ড হ্যান্ডলিং, নিরাপত্তা, কেবিন ক্রু থেকে শুরু করে সাপোর্ট স্টাফ পর্যন্ত সকলেরই মার্চ থেকে পাওনা বকেয়া।
এফআইপি অবশ্য গোটা শিল্পের দিকেও আঙুল তুলেছে। তারা সব নির্ধারিত বিমানসংস্থার জন্য বাধ্যতামূলক বার্ষিক আর্থিক ও নিরাপত্তা মূল্যায়ন এবং সঙ্কটে থাকা সংস্থার ক্ষেত্রে ত্রৈমাসিক নজরদারি চেয়েছে। সঙ্গে প্রস্তাব দিয়েছে, টিকে থাকার যোগ্য সংস্থাগুলির জন্য শর্তসাপেক্ষ ওয়ার্কিং ক্যাপিটাল সহায়তা প্রকল্প চালু হোক। শর্ত হবে স্বাধীন যাচাই, বিশ্বাসযোগ্য পুনরুজ্জীবন পরিকল্পনা, প্রোমোটারের দায়বদ্ধতা এবং সময়ে বেতন।
কিংফিশার আর জেট এয়ারওয়েজ়ের পরিণতি দেশ দেখেছে। দু'ক্ষেত্রেই সঙ্কট শুরু হয়েছিল বেতন বকেয়া দিয়ে, শেষ হয়েছিল ডানা গুটিয়ে। স্পাইসজেটের ক্ষেত্রেও নিয়ন্ত্রক যদি আবার দেরিতে সক্রিয় হয়, তবে তার মাসুল শুধু কর্মীরা দেবেন না, দেবেন আকাশে থাকা যাত্রীরাও। পাইলটদের এই চিঠি সেই সতর্কবার্তাই।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।