সরকারি হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও হাজিরা নিয়ে কড়াকড়ি শুরু হতেই ধুন্ধুমার কাণ্ড বাঁদল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এনআরএস)। সিসিইউ (CCU)-এর এক চিকিৎসকের বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিভাগের হাজিরা খাতা সরিয়ে নেওয়ার এবং তা দীর্ঘক্ষণ নিজের হেফাজতে রাখার গুরুতর অভিযোগ উঠল। এই ঘটনায় হাসপাতালের উপাধ্যক্ষ এবং এমএসভিপি (MSVP)-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ইনচার্জ চিকিৎসক অর্ণব বন্দ্যোপাধ্যায়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্বাস্থ্য ভবনের নির্দেশ এবং জুনিয়র চিকিৎসকদের ‘ডিউটি বিক্রি’ সংক্রান্ত বিতর্কের জেরে সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা ও কাজের সময় নিয়ে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। বায়োমেট্রিক হাজিরা চালুর প্রক্রিয়ার মাঝেই এনআরএসের সিসিইউ বিভাগে কর্মরত মেডিক্যাল অফিসার মৌসুমি বর্মনের বিরুদ্ধে অনিয়মিত উপস্থিতির অভিযোগ তোলেন বিভাগীয় প্রধান। সিসিইউ ইনচার্জ অর্ণব বন্দ্যোপাধ্যায় গত সেপ্টেম্বরেই এমএসভিপি-কে জানান যে, মাত্র কয়েকজন চিকিৎসক ও রেসিডেন্ট দিয়ে ক্রিটিক্যাল কেয়ার সামলাতে হয়, অথচ অভিযুক্ত চিকিৎসক নিয়মিত ডিউটিতে আসেন না। এই খামখেয়ালি আচরণের ফলে রোগীর পরিষেবা মারাত্মক ব্যাহত হচ্ছে।
এই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য অধিকর্তার (Director of Health Services) কাছে ওই চিকিৎসকের বিরুদ্ধে একটি ই-ফাইল পাঠানোর সিদ্ধান্ত নেন উপাধ্যক্ষ। আর ঠিক তার পরেই বুধবার সিসিইউ-এর হাজিরা খাতা উধাও হয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিভাগীয় প্রধান দুপুর ১২টার দিকে খাতা খুঁজতে গিয়ে দেখেন তা নেই। খোঁজ নিয়ে জানা যায়, মেডিসিন বিভাগের কার্যালয় থেকে অভিযুক্ত চিকিৎসক মৌসুমি বর্মন নিজেই সেই খাতা নিয়ে গেছেন। কর্মীকে পাঠিয়ে খাতা ফেরত চাওয়া হলেও তিনি তা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা খাতা নিজের হেফাজতে রাখেন ওই চিকিৎসক।
ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত চিকিৎসক মৌসুমি বর্মন হাজিরা খাতা সরানোর অভিযোগ সরাসরি স্বীকার না করলেও সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খাতা নিজের কাছে রাখার কথা মেনে নিয়েছেন। তাঁর দাবি, তিনি এমএসভিপি-কে খাতা দেখানোর জন্যই তা নিয়ে গিয়েছিলেন। অনিয়মিত হাজিরার অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁর পালটা দাবি, এমএসভিপি-র বিরুদ্ধে তাঁর অনেক অভিযোগ রয়েছে এবং তিনি স্বাস্থ্য ভবনে এ নিয়ে বিচার চাইবেন। তবে চিকিৎসকের এই আচরণকে দাপ্তরিক শৃঙ্খলা ও নথির সুরক্ষার পরিপন্থী বলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিভাগীয় প্রধান।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।