ক্যাম্পাসে এবিভিপির একটি পোস্টার বিকৃত করার অভিযোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে বহিষ্কার এবং এক প্রাক্তনীর ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার কয়েক দিন পর, বিশ্ববিদ্যালয়ের শাস্তিমূলক পদক্ষেপে পক্ষপাতের অভিযোগ তুললেন দু’জন।
গত মাসে এবিভিপির পোস্টার বিকৃত করার অভিযোগে ৬ নভেম্বর সমাজতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের এক পড়ুয়াকে বহিষ্কার করা হয়। একই বিভাগের প্রাক্তন পড়ুয়া অলিভিয়া বন্দ্যোপাধ্যায়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবহির্ভূত কার্যকলাপে অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়। তার আগের দিন, ৫ নভেম্বর, ক্যাম্পাসে এবিভিপি আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছিলেন আরএসএসের প্রবীণ নেতা জিষ্ণু বসু।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের পরদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “প্রেসিডেন্সি ও যাদবপুরের ক্যাম্পাস থেকে আরশোলা, উইপোকা, ‘দিমাগি নকশাল’ এবং অন্যদের সাফ করছে এবিভিপি।”
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন অলিভিয়া এবং বহিষ্কৃত স্নাতকোত্তর পড়ুয়া। ওই পড়ুয়া নিজের নাম প্রকাশ করতে চাননি। দু’জনের অভিযোগ, “শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের শুধু সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছিলেন। শৃঙ্খলারক্ষা কমিটির রিপোর্ট হাতে পাই সোমবার। আমাদের সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি।”
বহিষ্কৃত পড়ুয়ার বক্তব্য, “প্রক্রিয়াগত স্বচ্ছতা ছাড়া এত বড় একটি সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হলে বিশ্ববিদ্যালয় পরিচালনব্যবস্থার সততা গুরুতরভাবে প্রশ্নের মুখে পড়ে।” তাঁদের অভিযোগ, দু’পক্ষকে মুখোমুখি বসিয়ে কোনও শুনানিও হয়নি।
অন্যদিকে অলিভিয়া বলেন, “এবিভিপির পোস্টারের উপর আমিই লিখেছিলাম। যে স্নাতকোত্তর পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে, সে কিছুই করেনি।”
তাঁর আরও বক্তব্য, “শৃঙ্খলারক্ষা কমিটিতে কোনও ছাত্রপ্রতিনিধি নেই। এখানে আমাদের কোনও ছাত্র সংসদও নেই…”
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নন, এমন কারও বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ভিত্তি কী, সেই প্রশ্নও তুলেছেন অলিভিয়া।
বহিষ্কৃত পড়ুয়া আরও বলেন, “ওটা এবিভিপির এআই দিয়ে তৈরি একটি পোস্টার ছিল, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি নয়। এতে কোনও অপমান করা হয়নি… এই প্রেক্ষাপটকে বিকৃতভাবে তুলে ধরায় আমার উপর চাপানো শাস্তির যথার্থতা গুরুতরভাবে প্রশ্নের মুখে পড়ছে।”
তাঁরা জানিয়েছেন, তদন্ত কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রকল্যাণ ডিনের কাছে আবেদন করেছেন। উপাচার্যের দ্বারস্থ হওয়ার পরই আইনি পদক্ষেপের কথা বিবেচনা করবেন।
ঘটনার সূত্রপাত ১৫ অক্টোবর। এবিভিপি অভিযোগ করে, ক্যাম্পাসের একটি দেওয়ালে সাঁটানো তাদের পোস্টারে অশ্লীল শব্দ লেখা হয়েছে। পোস্টারটিতে স্বামী বিবেকানন্দের ছবি ছিল। বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিক্ষোভ দেখায় এবিভিপি।
এর পর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠিত হয়। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
প্রাক্তনী ও শিক্ষকদের সমর্থন
এদিকে বিশ্ববিদ্যালয়ের বহু প্রাক্তনী ও শিক্ষক ওই পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন।
সোমবার প্রেসিডেন্সির একদল প্রাক্তনী বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তাঁদের মধ্যে রয়েছেন ইতিহাসবিদ তনিকা সরকার, শিল্প-ইতিহাসবিদ তপতী গুহঠাকুরতা এবং প্রাক্তন আমলা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকার।
উপাচার্যকে লেখা চিঠিতে তাঁরা জানান, এই সিদ্ধান্তে তাঁরা “স্তম্ভিত”। তাঁদের সন্দেহ, “প্রশাসনের শাস্তি দেওয়ার এমন তৎপরতার পিছনে বাইরের শক্তির প্ররোচনা রয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ডক্টর কল্যাণকুমার দাস বহিষ্কারের পরদিন ফেসবুকে লিখেছিলেন, “ক্ষমতার সামনে সত্যি বলতে অক্ষম নির্বোধ হয়ে ওঠার শিক্ষা আমি আমার ছাত্রছাত্রীদের দিই না! ক্ষমতাসীনরা কথাটা ভাল করে বুঝে নিন!”
স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই), অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা), ইন্ডিপেন্ডেন্টস কনসলিডেশন (আইসি), রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্ট (আরএসএফ), অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও) এবং এসআরএফটিআই ছাত্র সংসদ-সহ একাধিক ছাত্র সংগঠন এই সিদ্ধান্তের নিন্দা করেছে।
প্রতিবাদে উপাচার্যের ছেলেও
সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রতিবাদসভা করে নাগরিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্র্যাটিক রাইটস।
সেই সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তথা উপাচার্য নির্মাল্যনারায়ণ চক্রবর্তীর ছেলে অর্ক সেন চক্রবর্তীও। সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি অভিযোগ করেন, এর পিছনে “রাজনৈতিক চাপ” রয়েছে।
সভায় রাজনৈতিক তাত্ত্বিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী পার্থ চট্টোপাধ্যায়ের একটি বিবৃতিও পড়ে শোনানো হয়। সেখানে এই সিদ্ধান্তকে তিনি “জাতীয়তাবাদ, সনাতন ধর্ম, নাস্তিকতা-বিরোধিতা এবং বামপন্থা-বিরোধিতার নামে নিপীড়ন” বলে বর্ণনা করেন।
ইতিহাসবিদ ও প্রাক্তনী গৌতম ভদ্র বলেন, “প্রতিষ্ঠান হল ক্ষমতার একটি পরিসর। তা সত্ত্বেও, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে এগিয়ে যেতে হলে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে সংলাপ প্রয়োজন।”
অন্যদিকে, এবিভিপির প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মৃদুল বণিক অভিযোগ করেছেন, এই ঘটনার পিছনে একটি “বৃহত্তর ষড়যন্ত্র” রয়েছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।