চলতি বিশেষ নিবিড় সংশোধনী (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের জন্য এক বড় স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন (ECI)। যে সমস্ত নাগরিকের নাম ভুলবশত অথবা নথিপত্র না জমার কারণে 'অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ভুয়া' (Absent, Shifted, Dead, Duplicate বা ASDD) তালিকায় অন্তর্ভুক্ত করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, তাঁদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আরও একটি সুযোগ দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, এই বিশেষ সুযোগটি দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা এবং নাগাল্যান্ড— এই ৭টি রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারদের (CEO) জন্য জারি করা হয়েছে। কমিশনের মূল উদ্দেশ্য হলো, কোনো বৈধ ও প্রকৃত নাগরিক যাতে প্রশাসনিক ভুল বা সময়মতো ফর্ম জমা না দেওয়ার কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।

নির্দেশিকায় বলা হয়েছে, বাদ পড়া ভোটারদের নাম বুথভিত্তিক নোটিশ বোর্ড, পঞ্চায়েত ভবন, পুরসভা কার্যালয় ও বিডিও অফিসে পুনরায় টাঙিয়ে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট পোর্টালগুলিতে পিডিএফ আকারে প্রকাশ করা হবে। নির্দিষ্ট যাচাইকরণ ও সরেজমিনে তদন্তের পর উপযুক্ত প্রার্থীদের আবেদনের ফর্ম (Form 6 / Enumeration Form) গ্রহণ করে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এর পাশাপাশি, কোনো ভুয়া ভোটার যাতে নাম তুলতে না পারে, তার জন্য কঠোর নজরদারি ব্যবস্থা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।