পঞ্জাবের অমৃতসর থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি (NJP) আসার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ১২৫০৮ কর্মভূমি এক্সপ্রেস (Karmabhumi Express)। শুক্রবার বেলা ১টা নাগাদ পঞ্জাবের পটিয়ালা জেলার সরাই বাঞ্জারা এবং রাজপুরা স্টেশনের মধ্যবর্তী স্থানে হঠাৎই চলন্ত ট্রেনের একটি কামরায় আগুন লেগে যায়। দেখতে দেখতে আগুন পার্শ্ববর্তী আরও তিনটি বগিতে দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ফলে অন্তত চারটি কামরা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে রেল কর্তৃপক্ষের সময়োচিত পদক্ষেপে বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও কারও মৃত্যুর খবর নেই।
রেল সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিনের ঠিক পিছনের পঞ্চম কামরাটিতে প্রথম আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন ও উত্তর রেলের আম্বালা ডিভিশনের শীর্ষ আধিকারিকরা। বেশ কিছুক্ষণের আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সমাজমাধ্যমে ও সংবাদসংস্থায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে ট্রেনের একাধিক বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে।
অগ্নিদগ্ধ হওয়ার সঠিক কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পটিয়ালার জেলা শাসক (DC) হিমাংশু অগ্রবাল জানিয়েছেন, প্রাথমিক অনুমান অনুযায়ী ট্রেনের প্যান্ট্রি কার (Pantry Car) থেকে বা শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে। অন্যদিকে রেল পুলিশের (GRP) তরফে জানানো হয়েছে, একটি বগির সিলিং ফ্যানে শর্ট সার্কিট হওয়ার ফলেই এই অগ্নিকাণ্ড।
দুর্ঘটনার পর দগ্ধ কর্মভূমি এক্সপ্রেসটিকে আর নিউ জলপাইগুড়ির দিকে আনা সম্ভব নয় বলে জানানো হয়েছে। ট্রেনের আটকে পড়া ক্ষতিগ্রস্ত যাত্রীদের উদ্ধার করে বিকল্প ট্রেনের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর বন্দোবস্ত করছেন রেল কর্তৃপক্ষ। ঘটনার জেরে ওই শাখায় সাময়িকভাবে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।