কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর বৈপ্লবিক অগ্রগতির হাত ধরে চিকিৎসা জগতে অলৌকিক পরিবর্তন আসতে চলেছে বলে মন্তব্য করেছেন এআই সংস্থা ‘অ্যানথ্রোপিক’ (Anthropic)-এর সিইও দারিও আমোদেই (Dario Amodei)। তাঁর মতে, আগামী এক দশকেরও কম সময়ের মধ্যে ক্যানসার, অ্যালঝাইমার্স, হৃদরোগ এবং মানসিক স্বাস্থ্যের মতো জটিল ও প্রাণঘাতী ব্যাধিগুলি ইতিহাসের পাতায় স্থান নেবে।

কেবল অ্যানথ্রোপিক প্রধানই নন, এআই দুনিয়ার একাধিক টেক জায়ান্টও একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন। গুগল ডিপমাইন্ডের প্রধান ডেমিস হাসাবিস ইঙ্গিত দিয়েছেন যে, এআই প্রযুক্তি ওষুধ আবিষ্কারের ১০ বছরের দীর্ঘ প্রক্রিয়াকে মাত্র কয়েক সপ্তাহে নামিয়ে আনতে পারে। উদাহরণস্বরূপ, গুগলের 'আলফাফোল্ড' (AlphaFold) ইতিমধ্যেই ২০ কোটিরও বেশি প্রোটিন স্ট্রাকচার ম্যাপ করে বায়োলজিক্যাল গবেষণায় বিপ্লব ঘটিয়েছে। এছাড়া ইলন মাস্ক দাবি করেছেন, এআই-এর কল্যাণে বিশ্বের সাধারণ নাগরিকরাও মার্কিন প্রেসিডেন্টের সমতুল্য উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাবেন।

তবে এআই প্রযুক্তি কর্তাদের এই সুদূরপ্রসারী দাবি মেনে নিতে নারাজ বাস্তব ক্ষেত্রে ওষুধ তৈরির সাথে যুক্ত বিজ্ঞানী ও ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলি। 'ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস'-এর এগজিকিউটিভ চেয়ারম্যান জেফ লাইডেন টেক সিইওদের এই সময়সীমাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, ১০,০০০ ড্রাগ কম্পাউন্ড বিশ্লেষণের জন্য ৫০টি এআই সংস্থাকে পরীক্ষা করা হলেও একটি সংস্থা নিজে থেকে কার্যকর ওষুধ তৈরি করতে পারেনি।

ফার্মা বিশেষজ্ঞদের মতে, কম্পিউটার স্ক্রিনে কোনো অণু বা মলিকিউল দ্রুত খুঁজে পাওয়া আর বাস্তবে রোগ নিরাময়কারী ওষুধ তৈরি করা এক বিষয় নয়। ওষুধ তৈরির মূল সময় (১০ থেকে ১২ বছর) ব্যয় হয় ল্যাবরেটরি টেস্ট, পশুদের ওপর পরীক্ষা এবং সর্বোপরি মানুষের ওপর দীর্ঘকালীন ক্লিনিকাল ট্রায়ালে, যা কোনোভাবেই এআই দিয়ে রাতারাতি এড়ানো সম্ভব নয়। গ্যাং মারকাস ও ডা. এরিক টোপোল-এর মতো টেক ও চিকিৎসা বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন যে, অতিরিক্ত ও অবাস্তব প্রতিশ্রুতি সাধারণ মানুষের মধ্যে মিথ্যা আশা তৈরি করতে পারে, যা বিজ্ঞানের বাস্তব অগ্রগতির জন্য অত্যন্ত বিপজ্জনক।