সারাদিন টাইপ করার পর, অনেকটা লেখালিখি বা ঘরের কাজের শেষে হাত ব্যথা করলে অনেকেই তেমন গুরুত্ব দেন না। কিন্তু আঙুলের গাঁটে বা বুড়ো আঙুলের গোড়ায় ব্যথা লেগে থাকলে তা হাতের বাত বা আর্থ্রাইটিসের লক্ষণ হতে পারে। হাতের ছোট ছোট গাঁটে বাত হলে চায়ের কাপ ধরা থেকে জামার বোতাম লাগানো—চেনা কাজগুলিও ক্রমশ কঠিন হয়ে ওঠে। কোন লক্ষণগুলি খেয়াল করবেন, কখন চিকিৎসকের কাছে যাবেন, জানালেন ঠাণের জুপিটার হাসপাতালের অস্থিরোগ বিভাগের অধিকর্তা ও অস্থিসন্ধি প্রতিস্থাপন সার্জন ডা. আশিস ফড়নিস।

প্রথমে কী কী লক্ষণ দেখা দেয়?

আঙুলের গাঁটে বা বুড়ো আঙুলের গোড়ায় ব্যথা, আড়ষ্টতা, ফোলা ভাব কিংবা চাপ দিলে ব্যথা লাগা—এগুলি হাতের বাতের প্রাথমিক লক্ষণ। ডা. ফড়নিস বলেন, “গোড়ায় হয়তো অল্প ব্যথা থাকে। কিন্তু কোনও জিনিস শক্ত করে ধরতে গেলে, শিশির ঢাকনা খুলতে গেলে বা হাত মুঠো করতে গেলে ব্যথাটা বেশি টের পাওয়া যায়।”

কারও কারও সকালে ঘুম থেকে ওঠার পর আঙুল আড়ষ্ট লাগে। হাত নাড়াচাড়া শুরু করলে সেই ভাব ধীরে ধীরে কাটে। তবে আড়ষ্টতা এক ঘণ্টারও বেশি স্থায়ী হলে তা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত রোগের ইঙ্গিত হতে পারে। সে ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার। আঙুল আগের মতো সহজে ভাঁজ করতে বা সোজা করতে না পারা, নাড়ানোর সময় গাঁটের ভিতরে ঘষা লাগছে বলে মনে হওয়াও বাতের লক্ষণ হতে পারে।

রোজকার কাজে কী প্রভাব পড়ে?

ডা. ফড়নিসের কথায়, “যে সব কাজে কোনও কিছু শক্ত করে ধরতে হয়, আঙুল নাড়াতে হয় বা আঙুলের ডগা দিয়ে সূক্ষ্ম কাজ করতে হয়, হাতের বাত হলে সেগুলি ক্রমশ কঠিন হয়ে উঠতে পারে।”

জামার বোতাম লাগানো, কলম দিয়ে লেখা, কাপ ধরা, তালায় চাবি ঘোরানো বা মোবাইল ফোন ব্যবহারেও অস্বস্তি হতে পারে। বোতলের মুখ খোলা, আনাজ কাটা কিংবা বাজারের ব্যাগ বয়ে আনতেও অসুবিধা হয়। রোগ বাড়লে ব্যথা ও আড়ষ্টতার কারণে আঙুল নাড়ানোর ক্ষমতা আরও কমে যেতে পারে।

হাতের বাতের বিশেষত্ব কী?

হাঁটু ও নিতম্বের অস্থিসন্ধি শরীরের ভার বহন করে। সেখানে বাত হলে মূলত দাঁড়ানো ও হাঁটাচলায় অসুবিধা হয়। হাতে বাত হলে কোনও কিছু চেপে ধরার জোর কমে যায়। আঙুল নাড়াতে এবং একাধিক আঙুল মিলিয়ে কাজ করতেও অসুবিধা হয়।

ডা. ফড়নিস জানান, অস্টিওআর্থ্রাইটিস সাধারণত আঙুলের ডগার কাছের গাঁট, আঙুলের মাঝের গাঁট এবং বুড়ো আঙুলের গোড়ায় দেখা দেয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসে সাধারণত দুই হাতের একই জায়গার গাঁটগুলি আক্রান্ত হয়। গাঁটে ব্যথা ও ফোলা ভাব থাকতে পারে। সকালের আড়ষ্টতা এক ঘণ্টারও বেশি স্থায়ী হতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

ডা. ফড়নিসের পরামর্শ, হাতে ব্যথা, ফোলা ভাব বা আড়ষ্টতা কয়েক সপ্তাহের বেশি থাকলে অস্থিরোগ বিশেষজ্ঞকে দেখান। সকালে দীর্ঘক্ষণ আঙুল আড়ষ্ট থাকা, কোনও কিছু আঁকড়ে ধরতে অসুবিধা হওয়া, গাঁট চোখে পড়ার মতো ফুলে ওঠা কিংবা আঙুল বেঁকে যেতে শুরু করলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তাঁর কথায়, “গোড়াতেই রোগ ধরা পড়লে বোঝা যায়, ঠিক কোন ধরনের বাত হয়েছে। গাঁটের বড় ধরনের ক্ষতি হওয়ার বা হাতের কাজ করার ক্ষমতা কমে যাওয়ার আগেই চিকিৎসা শুরু করা যায়।”

.