মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গিয়ে শান্তনু ঠাকুরের স্ত্রী তথা বিধায়ক সোমা ঠাকুরের হাতের রান্নার প্রশংসা কুড়িয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে খাসির মাংস ও ইলিশের পাশাপাশি মেনুতে অন্যতম প্রধান আকর্ষণ ছিল বরিশালের ঐতিহ্যবাহী ও সুস্বাদু পদ— ‘চিংড়ি পিঠে’। গরম ভাতের সঙ্গে এই পদটি থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। আর এই সুস্বাদু পদটি বানিয়ে নেওয়াও ভীষণ সহজ, সময় লাগে মাত্র ১৫ মিনিট। দেখে নিন ঝটপট চিংড়ি পিঠে তৈরির সহজ প্রণালী।
প্রয়োজনীয় উপকরণ:
চাপড়া চিংড়ি: ৫০০ গ্রাম
নারকেল বাটা: আধ কাপ
কালো সরষে বাটা: ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা: ৫টি (ঝাল নিজের পছন্দমতো বাড়াতে বা কমাতে পারেন)
সরষের তেল: পরিমাণমতো
নুন ও চিনি: স্বাদমতো
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
কলাপাতা: ২টি (কড়াইয়ের মাপ অনুযায়ী গোল করে কাটা)
রান্নার সহজ প্রণালী:
প্রথমে চিংড়ি মাছগুলির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার একটি মিক্সার গ্রাইন্ডারে চিংড়ি মাছ, নারকেল বাটা, সরষে বাটা, কাঁচালঙ্কা, পরিমাণমতো সরষের তেল, নুন এবং সামান্য চিনি একসঙ্গে দিয়ে ভালো করে বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন। বাটা হয়ে গেলে ওই মিশ্রণে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন।
এরপর একটি ননস্টিক কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে গরম করুন। কড়াই গরম হলে অল্প সরষের তেল ব্রাশ করে তার উপর গোল করে কাটা একটি কলাপাতা বিছিয়ে দিন। এবারে কলার পাতার উপর ওই চিংড়ির মিশ্রণটি ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন এবং উপর থেকে আরেকটি কলাপাতা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিন। গ্যাসের আঁচ একদম কমিয়ে মিনিট দশেক রান্না করুন। রান্না হয়ে গেলে গ্যাস বন্ধ করে আরও মিনিট পাঁচেক কড়াইয়ে ভাপে রেখে দিন। এরপর উপর থেকে কলাপাতা সরিয়ে চৌকো করে কেটে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বরিশালের বিখ্যাত এই ‘চিংড়ি পিঠে’।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
মন্তব্য করতে আপনার বাংলাস্ফিয়ার অ্যাকাউন্টে লগইন করুন। সদস্যতা কেনার প্রয়োজন নেই।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।