Table of Contents
হলিউড তারকা টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের মেয়ে সুরি ক্রুজ নিজের পরিচয়ে বড়সড় পরিবর্তন এনেছেন। ২০ বছর বয়সে আইনিভাবে পদবি বদলে বাবার ‘ক্রুজ’ সরিয়ে নিয়েছেন তিনি। নতুন পদবি হিসেবে বেছে নিয়েছেন ‘নোয়েল’—যা তাঁর মা কেটি হোমসের মধ্যনাম। ফলে এখন তাঁর নতুন পরিচয় সুরি নোয়েল।
সুরির এই নাম বদলের ইঙ্গিত অবশ্য গত বছরই মিলেছিল। ২০২৪ সালের জুনে নিউইয়র্কের লা গার্ডিয়া হাই স্কুলের স্নাতক সমাবর্তনের স্মারিকায় তাঁর নাম প্রকাশিত হয়েছিল ‘সুরি নোয়েল’ হিসেবে। তখনই বিষয়টি নজরে আসে। এবার আইনিভাবে পদবি বদলের পর সেই সিদ্ধান্ত আরও স্পষ্ট হল।
কেন ‘নোয়েল’?
মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স-এর প্রতিবেদন অনুযায়ী, সুরির সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। ঘনিষ্ঠ সূত্রের দাবি, মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই তিনি কেটি হোমসের মধ্যনাম ‘নোয়েল’ নিজের পদবি হিসেবে বেছে নিয়েছেন।
তবে বিষয়টি শুধু মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। নিজের আলাদা পরিচয় তৈরি করার ইচ্ছাও এই সিদ্ধান্তের বড় কারণ বলে মনে করা হচ্ছে। কলেজজীবনে পা রাখার আগে বাবার পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা অতিরিক্ত প্রচারমাধ্যমের নজর থেকে বেরিয়ে এসে নিজের মতো করে নতুন অধ্যায় শুরু করতে চেয়েছেন সুরি।
বাবার সঙ্গে দূরত্বও কি কারণ?
সুরির পদবি বদলের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে গেলে টম ক্রুজের সঙ্গে তাঁর দীর্ঘদিনের দূরত্বের প্রসঙ্গও সামনে আসে।
২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিবাহবিচ্ছেদের পর থেকেই বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়। ২০১৩ সালে একটি মানহানির মামলায় সাক্ষ্য দেওয়ার সময় টম ক্রুজ নিজেই জানিয়েছিলেন, টানা ১০০ দিনেরও বেশি সময় তিনি সুরির সঙ্গে সামনাসামনি দেখা করেননি।
সেই মামলার শুনানিতে সুরি সায়েন্টোলজি ধর্মচর্চার সঙ্গে যুক্ত নন—এই বিষয়টিও উঠে এসেছিল। কেটি হোমস মেয়েকে সায়েন্টোলজির প্রভাব থেকে দূরে রাখতেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন কি না, আদালতে টমকে এমন প্রশ্নও করা হয়েছিল। টম অবশ্য প্রশ্নটিকে অপমানজনক বলে মন্তব্য করেছিলেন।
এরপর বহু বছর ধরে টম ও সুরির সম্পর্ক প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। অন্যদিকে, কেটি হোমসকে মেয়েকে একাই বড় করতে দেখা গেছে এবং মা-মেয়ের ঘনিষ্ঠ সম্পর্কও বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে।
নিজের পরিচয়, নিজের সিদ্ধান্ত
তাই সুরির পদবি পরিবর্তনকে নিছক আইনি আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন না পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মতে, এটি নিজের পরিচয় ও ব্যক্তিগত জীবনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি প্রতীকী পদক্ষেপও হতে পারে।
টম ক্রুজের মতো বিশ্বখ্যাত তারকার মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই সুরি সংবাদমাধ্যমের নজরে ছিলেন। কিন্তু ‘ক্রুজ’ পদবি সরিয়ে মায়ের মধ্যনাম গ্রহণের মাধ্যমে তিনি যেন সেই পরিচয়ের বাইরে নিজের জন্য একটি আলাদা জায়গা তৈরি করতে চাইছেন।
হলিউডের অন্যতম পরিচিত পরিবারের সন্তান হয়েও সুরির বার্তা যেন স্পষ্ট—বাবার তারকা-পরিচয় নয়, নিজের পরিচয়েই এগোতে চান তিনি।