বার্নিং ম্যান উৎসবে তিন জনের মৃত্যু, বাড়ছে অংশগ্রহণকারীদের গড় বয়সও

যা জানা জরুরি
- চলতি বছরের বার্নিং ম্যান উৎসবে পঞ্চাশোর্ধ্ব তিন জন পুরুষের মৃত্যু হয়েছে।
- এই সংখ্যা উৎসবকে ঘিরে বার্ষিক গড় মৃত্যুর তিন গুণ।
- আমেরিকার নেভাডা মরুভূমির রুক্ষ, প্রতিকূল পরিবেশে সাময়িক এক আদর্শ সমাজ গড়ে তোলার স্বপ্ন নিয়ে প্রতি বছর এই উৎসবে জড়ো হন কয়েক হাজার মানুষ।
বিস্তারিত প্রতিবেদন
চলতি বছরের বার্নিং ম্যান উৎসবে পঞ্চাশোর্ধ্ব তিন জন পুরুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা উৎসবকে ঘিরে বার্ষিক গড় মৃত্যুর তিন গুণ। আমেরিকার নেভাডা মরুভূমির রুক্ষ, প্রতিকূল পরিবেশে সাময়িক এক আদর্শ সমাজ গড়ে তোলার স্বপ্ন নিয়ে প্রতি বছর এই উৎসবে জড়ো হন কয়েক হাজার মানুষ।
মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সম্প্রতি বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে উৎসবে অংশগ্রহণকারীদের গড় বয়স বাড়ার বিষয়টিও। কুড়ির কোঠায় বয়স, এমন অংশগ্রহণকারীর সংখ্যা কমছে। অন্য দিকে বাড়ছে চল্লিশ ও পঞ্চাশের কোঠায় থাকা মানুষের উপস্থিতি।
পার্শিং কাউন্টির শেরিফ জেরি অ্যালেন ‘রেনো গেজেট-জার্নাল’কে বলেন, ‘‘উৎসবে বছরে গড়ে এক জনের মৃত্যু হয়। কিন্তু এ বছর এখনও পর্যন্ত উৎসবের সীমানার মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। তৃতীয় এক জনকে রেনোর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।’’
সাম্প্রতিক বছরগুলিতে এই উৎসবে ৭০ হাজারেরও বেশি মানুষ যোগ দিয়েছেন। এ বছরের উৎসব শেষ হয়েছে ৭ সেপ্টেম্বর। ১৯৮৬ সালে সান ফ্রান্সিসকোয় প্রথাবিরোধী এক সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে বার্নিং ম্যানের সূচনা। স্থানীয় শিল্পীরা বিভিন্ন প্রতিকৃতি তৈরি করে তাতে আগুন ধরিয়ে দিতেন। সময়ের সঙ্গে এই উৎসব ক্রমশ বিশ্বের প্রযুক্তি দুনিয়ার বিত্তবান অভিজাতদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে।
বার্ষিক ‘ব্ল্যাক রক সিটি’ জনসমীক্ষার তথ্য অনুযায়ী, ২০১৪ সালে উৎসবে অংশগ্রহণকারীদের আনুমানিক ৩০ শতাংশের বয়স ছিল কুড়ির কোঠায়। ২০২৫ সালে সেই অনুপাত নেমে আসে মাত্র ১০ শতাংশে। একই সময়ে চল্লিশ ও পঞ্চাশের কোঠায় থাকা অংশগ্রহণকারীদের অনুপাত বেড়েছে।
ওয়াশো কাউন্টির মেডিক্যাল এগজামিনারের দফতর এবং ‘সান ফ্রান্সিসকো ক্রনিকল’-এর তথ্য অনুযায়ী, এ বছর প্রথম যাঁর মৃত্যু হয়, তাঁর বয়স ছিল পঞ্চাশের মাঝামাঝি। দ্বিতীয় ব্যক্তির বয়স ৫১ এবং তৃতীয় জনের ৬০ বছর।
বার্নিং ম্যানের আয়োজক সংস্থার এক মুখপাত্র মঙ্গলবার বলেন, ‘‘আমরা দুঃখের সঙ্গে জেনেছি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ভোরের দিকে ব্ল্যাক রক সিটিতে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক অংশগ্রহণকারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই অবিলম্বে তাঁর প্রাণ বাঁচানোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরে চিকিৎসার জন্য রেনোয় নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়।’’
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই তিনটি মৃত্যুর কোনওটিতেই অপরাধমূলক ঘটনার চিহ্ন পাওয়া যায়নি। দু’জনের মৃত্যু হয়েছে সরাসরি উৎসবস্থলে। রেনো থেকে প্রায় ১২০ মাইল দূরে, কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন শুষ্ক হ্রদতল ‘ব্ল্যাক রক প্লায়া’য় এই উৎসব হয়।
গত বছর উৎসবের শেষ দিনে ৩৭ বছরের এক ব্যক্তির রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছিল, ঘটনাটির তদন্ত চলছে হত্যাকাণ্ড হিসেবে। প্রায় চার দশকের ইতিহাসে সেটিই ছিল উৎসবের প্রথম জানা হত্যাকাণ্ড। ‘রেনো গেজেট-জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, সেই ঘটনার রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি।
পার্শিং কাউন্টির শেরিফের দফতর জানিয়েছে, এ বছরের প্রথম মৃত্যুর খবর আসে ৩ সেপ্টেম্বর সন্ধ্যার গোড়ার দিকে। উৎসবের জন্য গড়ে ওঠা ব্ল্যাক রক সিটির অস্থায়ী হাসপাতাল র্যামপার্ট থেকে খবরটি জানানো হয়। ওই ব্যক্তিকে উৎসব চত্বরের রাস্তায় পাওয়া গিয়েছিল। কয়েক মিনিট ধরে তাঁকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়। পরে এক চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দ্বিতীয় মৃত্যু হয় ৪ সেপ্টেম্বর ভোরে, একটি অ্যাম্বুল্যান্সে। ওয়াশো কাউন্টির আঞ্চলিক মেডিক্যাল এগজামিনারের দফতর জানিয়েছে, ৫১ বছরের ওই ব্যক্তিকে উন্নততর চিকিৎসার জন্য বার্নিং ম্যান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল।
তৃতীয় মৃত্যুর খবর আসে ৫ সেপ্টেম্বর বিকেলে। পার্শিং কাউন্টির শেরিফের দফতর অনুযায়ী, এক ব্যক্তিকে তাঁর ট্রেলারের ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায়। সঙ্গীর সঙ্গে তিনি ওই ভ্রাম্যমাণ আবাসে থাকছিলেন।
শেরিফের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ময়নাতদন্ত এবং শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিতি পরীক্ষার প্রতিবেদন সম্পূর্ণ হওয়ার পরে মৃত্যুগুলি সম্পর্কে আরও তথ্য জানা যাবে। এতে আনুমানিক ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে।
সূত্র ও সম্পাদকীয় নোট
প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।



