এনভিডিয়ার প্রধান কার্যনির্বাহী পদে জেনসেন হুয়াং ফিরে এসেছেন। মেরিল্যান্ডের ডেমোক্র্যাট সেনেটর ক্রিস ভ্যান হোলেন এই ঘটনাকে বলছেন ট্রাম্প প্রশাসনের বৃহৎ প্রযুক্তি ও কৃত্রিম মেধা নীতির “গভীরে থাকা রাজনৈতিক দুর্নীতি ও পচনের এক নম্বর প্রমাণ”। সোমবার সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। ভ্যান হোলেন এখন সেনেটের পরবর্তী সংখ্যাগরিষ্ঠ নেতা হওয়ার দৌড়ে রয়েছেন।

আগামী ৩ ডিসেম্বর সেনেটের ব্যাঙ্কিং কমিটির সামনে হাজির হবেন হুয়াং। ভ্যান হোলেন জানিয়েছেন, সেখানে তিনি মূলত একটি প্রশ্নেই জোর দেবেন। প্রশ্নটি হল, চিনে উচ্চক্ষমতার চিপের রফতানি বাড়াতে ও দ্রুত করতে হুয়াং কী চেষ্টা চালিয়েছেন, সেই কাজ কী ভাবে হাসিল করেছেন এবং প্রশাসনকে দিয়ে কী ভাবে নিজের ইচ্ছেমতো কাজ করিয়ে নিয়েছেন।

আগামী সপ্তাহে ক্যাপিটল হিলে একাধিক বার ডাক পড়েছে হুয়াংয়ের। দুই দলেরই সন্দিগ্ধ আইনপ্রণেতারা তাঁকে জেরা করবেন এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। গোয়েন্দা মহলের একাংশের দাবি, ওই মহিলা চিনের হয়ে চরবৃত্তি করতেন। এ ছাড়াও হাউসের বিদেশ বিষয়ক কমিটি, চিনা কমিউনিস্ট পার্টি সংক্রান্ত সিলেক্ট কমিটি এবং হাউসের গোয়েন্দা কমিটির কাছে নথিভুক্ত সাক্ষাৎকার দেবেন হুয়াং।

ভ্যান হোলেনের কথায়, “ট্রাম্প প্রশাসনের ভণ্ডামির কোনও তুলনা নেই। এক দিকে তারা বলছে, দেশে কৃত্রিম মেধার উন্নয়নের উপর থেকে সব লাগাম তুলে নিতে হবে, নইলে চিন এগিয়ে যাবে। অথচ আসলে চিনকে এগিয়ে যেতে সাহায্য করছে ট্রাম্প প্রশাসনই।”

ট্রাম্পের হস্তক্ষেপেই প্রত্যাবর্তন

ডোনাল্ড ট্রাম্প নিজে হুয়াংয়ের হয়ে হস্তক্ষেপ করার পরেই তাঁকে পুনর্বহাল করেছে এনভিডিয়ার পরিচালন পর্ষদ। সংস্থার শীর্ষ নেতৃত্বকে ট্রাম্প আশ্বস্ত করেছিলেন যে হুয়াং জাতীয় নিরাপত্তার পক্ষে কোনও বিপদ নন। প্রশ্ন উঠেছিল অ্যালিস হুয়াং নামে এক প্রযুক্তি সংস্থার কর্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। পদবি এক হলেও দু’জনের মধ্যে কোনও আত্মীয়তা নেই। অ্যালিসের বিরুদ্ধে অভিযোগ, তিনি চিনের ‘চর’ হিসেবে কাজ করতেন এবং নিজের ডেটা সেন্টার সংস্থা মেগাস্পিডের মাধ্যমে অত্যাধুনিক চিপ বেজিংয়ে পাচার করতেন।

সোমবার দেওয়া সাক্ষাৎকারে হুয়াংয়ের পুনর্বহালে নিজের ভূমিকার পক্ষে সওয়াল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর যুক্তি, কৃত্রিম মেধার দৌড়ে হুয়াংয়ের “মগজ” হারানোটাই এনভিডিয়ার পক্ষে “বড় বিপদ” হত। জাতীয় নিরাপত্তা নিয়ে যাবতীয় উদ্বেগের প্রশ্নে তিনি যে পর্ষদকে আশ্বাস দিয়েছিলেন, তা-ও স্বীকার করেছেন ট্রাম্প। তাঁর কথায়, “ধরে নিন, আমি ওদের সঙ্গে কথা বলেছি। এবং ওদের রাজি করিয়েছি।”

ট্রাম্প-শিবিরের সঙ্গে হুয়াংয়ের একাধিক যোগসূত্রের কথা তুলে ধরেছেন ভ্যান হোলেন। তাঁর দাবি, এগুলিই প্রমাণ করে যে অত্যাধুনিক চিপ নিয়ে প্রশাসনের নীতিতে এই শিল্পকর্তার কতটা প্রভাব। তালিকায় রয়েছে হোয়াইট হাউসে ট্রাম্পের বলরুম প্রকল্পে এনভিডিয়ার আড়াই কোটি ডলারের অনুদান, ট্রাম্পের ব্যক্তিগত মালিকানায় থাকা এনভিডিয়ার শেয়ার, ট্রাম্পের অভিষেক তহবিলে হুয়াংয়ের অনুদান এবং মার-আ-লাগোয় মাথাপিছু ১০ লক্ষ ডলারের নৈশভোজে তাঁর উপস্থিতি।

দলমত নির্বিশেষে ক্ষোভ

সোমবার ক্যাপিটল হিলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য তথা বিদেশ বিষয়ক কমিটির প্রধান বিরোধী সদস্য গ্রেগরি মিকস এই সিদ্ধান্তকে বলেছেন “আরও এক দৃষ্টান্ত”, যা দেখায় যে “ধনী ও প্রভাবশালীদের জন্য মাপকাঠি আলাদা”।

উটার রিপাবলিকান সেনেটর জন কার্টিস বলেছেন, বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পরে হুয়াং পদ ছেড়ে “ঠিকই করেছিলেন”। কার্টিসের কথায়, “এনভিডিয়া তাঁর বিদায় ঘোষণা করার মাত্র ১১ দিনের মাথায় পর্ষদ তাঁকে ফিরিয়ে আনল, অথচ পর্ষদেরই নিজস্ব স্বাধীন তদন্ত তখনও চলছে। গত সপ্তাহেও পর্ষদ বলেছিল, তাঁকে পুনর্বহাল করার কোনও ইচ্ছে তাদের নেই। এর মধ্যে কী বদলাল, সেটাই জানতে চাই।”

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর অধিকর্তা ম্যাট পার্ল জাতীয় নিরাপত্তা, ভূরাজনীতি ও প্রযুক্তি বিশেষজ্ঞ। তাঁর মতে, হুয়াংয়ের আচরণ নিয়ে বহু প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এক সাক্ষাৎকারে পার্ল বলেন, “কোনও তদন্তই তো হয়নি।” তাঁর মতে, এ ধরনের তদন্তে সাধারণত “অন্তত এক বছর” লাগে।

পার্লের যুক্তি, এনভিডিয়ার পর্ষদ বরং ভরসা করেছে স্বয়ং ট্রাম্প-সহ মার্কিন সরকারের শীর্ষ কর্তাদের “বক্তব্যের” উপর, অর্থাৎ “কার্যত তদন্তের দায়টাই অন্যের হাতে তুলে দিয়েছে”। তিনি বলেন, “আমার ধারণা, কংগ্রেসের তদন্ত যত এগোবে, আগামী কয়েক সপ্তাহ ও মাসে আরও অনেক তথ্য সামনে আসবে। কিন্তু এখন মনে হচ্ছে, এই ঘটনায় কী ধরনের ঝুঁকি বা বিপদ ছিল, সে সম্পর্কে আমাদের কোনও ধারণাই নেই।”

গোয়েন্দা ব্যবস্থার উপরে আঘাত

পার্লের আশঙ্কা, এই ঘটনার জেরে সরকারের অন্দরে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তোলা ও তার ভিত্তিতে পদক্ষেপ করার প্রক্রিয়াটাই দুর্বল হয়ে পড়তে পারে। তাঁর কথায়, “[হুয়াংয়ের] মতো অতি পরিচিত ব্যক্তি জড়িত থাকলে গোয়েন্দা মহলের কর্মীদের পক্ষে নিরাপত্তা-ঝুঁকি নিয়ে সৎ মূল্যায়ন দেওয়া কঠিন হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “বিদেশসচিব [মার্কো] রুবিওর মতো শীর্ষ কর্তাদের পক্ষেও সেই মূল্যায়ন প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া কঠিন হবে, কারণ সেগুলি হয়তো উপেক্ষিত হবে, ভাল ভাবে গৃহীত হবে না। এ ধরনের বিপদ চিহ্নিত করা ও তার মোকাবিলার জন্য মার্কিন সরকারের গোটা ব্যবস্থাটাই ঝুঁকির মুখে পড়তে পারে।”

হুয়াংকে ফেরাতে ট্রাম্পের চাপ নিয়ে আরও তথ্য দাবি করেছেন একাধিক ডেমোক্র্যাট। ব্যাঙ্কিং কমিটিতে ডেমোক্র্যাটদের শীর্ষ সদস্য, সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, হুয়াংয়ের পুনর্বহালের পক্ষে মার্কিন সরকারের কোন কোন শীর্ষ কর্তা কী “মতামত” দিয়েছিলেন, প্রশাসনকে “কংগ্রেসের কাছে তা ব্যাখ্যা করতে হবে”। ওয়ারেনের যুক্তি, বিতর্কে জর্জরিত এই সিইও-র প্রত্যাবর্তন “রফতানি নিয়ন্ত্রণ সংক্রান্ত দ্বিদলীয় বিলগুলিকে আইনে পরিণত করার তাগিদ আরও বাড়িয়ে দিল। নিশ্চিত করতে হবে, এনভিডিয়া যেন লবি করে সেই আইন আটকে দিয়ে আমাদের জাতীয় নিরাপত্তাকে বিপন্ন না করতে পারে।”

হাউসের ওভারসাইট কমিটির আসন্ন চেয়ারম্যান রবার্ট গার্সিয়া বলেছেন, ট্রাম্পের ভূমিকার আরও তদন্ত হওয়া প্রয়োজন। তাঁর কথায়, “যে প্রেসিডেন্ট কোনও বেসরকারি সংস্থায় বিনিয়োগ করেছেন, সেই সংস্থার পর্ষদের সিদ্ধান্তে তাঁর জড়িয়ে পড়া উচিত নয়। কংগ্রেসকে দ্রুত দ্বিদলীয় ভাবে একজোট হয়ে এখনই জবাব দাবি করতে হবে।”

বাইডেন প্রশাসনের আমলে জাতীয় নিরাপত্তা পরিষদে উদীয়মান প্রযুক্তি বিভাগের অধিকর্তা ছিলেন পার্ল। তাঁর মতে, হুয়াংয়ের পুনর্বহাল জাতীয় নিরাপত্তার আরও একটি দুর্বলতা সামনে এনেছে, তা হল সরে দাঁড়াতে বাধ্য হওয়া শীর্ষ কর্তাদের উত্তরসূরি পরিকল্পনা। পার্লের বক্তব্য, হুয়াংকে ফিরিয়ে আনার অর্থ, “ভবিষ্যতে যা-ই প্রকাশ্যে আসুক না কেন”, ফের পদক্ষেপ করা “অত্যন্ত কঠিন” হয়ে যাবে। তাঁর কথায়, “কাউকে বরখাস্ত করে, কিছু দিনের মধ্যে ফের নিয়োগ করে, তার পরে আবার বরখাস্ত করা কঠিন। একটা সময়ের পরে নিজেদেরই হাস্যকর দেখাতে শুরু করে।”

রিপাবলিকানদের নিশানায় হোয়াইট হাউসও

কিছু রিপাবলিকান আবার হোয়াইট হাউস ও হুয়াং, দু’পক্ষের দিকেই সমান ভাবে আঙুল তুলেছেন। সেনেটের গোয়েন্দা কমিটির রিপাবলিকান চেয়ারম্যান টম কটন এক বিবৃতিতে বলেছেন, “চোরাচালান এবং দূর থেকে ব্যবহারের সুযোগ, দুই পথেই কমিউনিস্ট চিন আমাদের সবচেয়ে উন্নত চিপ হাতিয়ে নিচ্ছে, এ নিয়ে আমি গোড়া থেকেই প্রশাসনকে সতর্ক করে আসছি। এনভিডিয়া ও মেগাস্পিডকে ঘিরে বিতর্ক হিমশৈলের চূড়ামাত্র। জেনসেন হুয়াং চাকরি ফিরে পেয়েছেন বলে বিষয়টার নিষ্পত্তি হয়ে যায়নি। কংগ্রেসের তদন্ত করার মতো অনেক কিছু রয়েছে এবং আমার চিপ সিকিয়োরিটি অ্যাক্ট-সহ চিপ রফতানি নিয়ন্ত্রণের বিলগুলি বিপুল দ্বিদলীয় সমর্থনে যে ভাবেই হোক আমরা পাশ করাব।”

সোমবার ভ্যান হোলেন বলেছেন, হুয়াংয়ের পুনর্বহাল নিয়ে কংগ্রেসের কিছু রিপাবলিকান সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা “শুভ লক্ষণ”। তাঁর কথায়, “সত্যি বলতে, উদ্বিগ্ন না হয়ে উপায়ও নেই। তবে গত কয়েক বছরে ট্রাম্প প্রশাসন যা-ই করুক, রিপাবলিকান সেনেটররা উটপাখির মতো বালিতে মুখ গুঁজে থেকেছেন। সেই প্রেক্ষিতে তাঁরা যে এটাকে জাতীয় নিরাপত্তার পক্ষে বিপদ হিসেবে চিনতে পারছেন, সেটা ভাল লক্ষণ বলেই মনে হয়।” ভ্যান হোলেন আরও বলেন, “এই ব্যক্তি যে প্রেসিডেন্টকে ব্যবহার করে এনভিডিয়ায় নিজের পুনর্বহাল নিশ্চিত করতে পেরেছেন, সেই সমস্যাটা রিপাবলিকান সেনেটররাও দেখতে পাচ্ছেন বলে আমার ধারণা।”

লুটনিক বনাম বেসেন্ট

অন্য কিছু রিপাবলিকান আবার বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিককে কংগ্রেসে সাক্ষ্য দিতে ডাকার দাবি তুলেছেন। লুটনিকের বিরুদ্ধে অভিযোগ, অ্যালিস হুয়াং পরিচালিত ডেটা সেন্টার সংস্থা মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত তিনি ইচ্ছাকৃত ভাবে ঢিমেতালে চালিয়েছেন। এই সংস্থার বিরুদ্ধেই এনভিডিয়ার চিপ চিনে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত সপ্তাহে বাণিজ্য দফতর একটি নিয়ম চালু করেছে, যাতে তৃতীয় কোনও দেশের ডেটা সেন্টারের মাধ্যমে অত্যাধুনিক এআই চিপ ও সার্ভার দূর থেকে ব্যবহার করা নিষিদ্ধ হয়েছে। এর পরে মেগাস্পিডকে বাণিজ্যিক কালো তালিকায় তুলতে চলেছে আমেরিকা।

লুইজ়িয়ানার রিপাবলিকান সেনেটর জন কেনেডিও ব্যাঙ্কিং কমিটির সদস্য। রবিবার এনবিসি নিউজ়কে তিনি বলেন, “মিস্টার হুয়াংয়ের সঙ্গে কথা বলতে আমার তেমন আগ্রহ নেই। উনি যা করার করেছেন। আশা করি ভালই সময় কাটিয়েছেন। হেলেন অব ট্রয়ের পরে এত দামি যৌনতা আর হয়নি।”

কেনেডি আরও বলেন, “আমি বরং হাওয়ার্ড লুটনিক আর স্কট বেসেন্টের সঙ্গে কথা বলতে চাই। আমার মনে হচ্ছে, বাণিজ্য দফতর চিনের কমিউনিস্ট পার্টিকে অত্যাধুনিক চিপের উপরে আমাদের রফতানি নিয়ন্ত্রণ এড়িয়ে যেতে দিয়েছে। তাই দু’জনকেই কমিটির সামনে এনে শপথ নিইয়ে বসাতে চাই। অনুরোধ করব, একে অপরকে ছুরি মারবেন না, কারণ জানি ওঁরা কেউ কাউকে পছন্দ করেন না। তার পরে কিছু কঠিন প্রশ্নের জবাব চাই। সচিব লুটনিক যদি আমাদের চিপ বিলিয়ে দিয়ে থাকেন, তা হলে সেটা বন্ধ করতে হবে।”

এ মাসের গোড়ায় বেসেন্ট জানিয়েছিলেন, মেগাস্পিডের উপরে নিষেধাজ্ঞা চাপানোর জন্য তিনি “মাসের পর মাস” চাপ দিয়ে এসেছেন। সেই নিষেধাজ্ঞা জারি হলে সংস্থাটি আর এনভিডিয়ার চিপ কিনতে পারবে না। দেরির দায় তিনি কার্যত লুটনিকের দফতরের ঘাড়েই চাপিয়েছেন। সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, “কলম বাণিজ্য দফতরের হাতে। ওদের অভ্যন্তরীণ প্রক্রিয়া নিয়ে ওদেরই জিজ্ঞেস করতে হবে।”

ভ্যান হোলেনের এআই কর্মসূচি

আগামী সপ্তাহে ডেমোক্র্যাটদের নেতৃত্ব নির্বাচন হবে রুদ্ধদ্বার বৈঠকে। সেখানে সংখ্যাগরিষ্ঠ নেতা নির্বাচিত হলে নতুন কংগ্রেসের প্রথম ১০০ দিনের অগ্রাধিকারের তালিকায় কৃত্রিম মেধা নীতিকে রাখতে চান ভ্যান হোলেন। কমিটি স্তর থেকে উঠে আসা দ্বিদলীয় এআই বিলগুলি যাতে “দ্রুত বিবেচনা” পায়, সেই লক্ষ্যে সেনেটের নিয়ম সংস্কারের একটি প্রস্তাব সমর্থন করছেন তিনি। পাশাপাশি, যে প্রযুক্তি সংস্থাগুলি “জনসাধারণকে বিপন্ন করতে পারে এমন এজেন্ট তৈরি করবে”, তাদের শাস্তির পক্ষেও সওয়াল করেছেন তিনি। মেরিল্যান্ডের এই সেনেটর কংগ্রেসের একটি যৌথ কমিটি গড়ারও ডাক দিয়েছেন, যে কমিটি খতিয়ে দেখবে “কৃত্রিম মেধা আমাদের সমাজ ও বিশ্বকে কোন কোন দিক থেকে প্রভাবিত করবে”।