মার্কিন চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়ার শেয়ারে বিনিয়োগ করে দেড় কোটি ডলার (প্রায় ১ কোটি ১৫ লক্ষ পাউন্ড) পর্যন্ত মুনাফা করেছেন ডোনাল্ড ট্রাম্প। জেনসেন হুয়াং আচমকা চিফ এগজ়িকিউটিভ পদে ফিরে আসার পরেই সংস্থার শেয়ারের দাম আকাশ ছুঁয়েছে।

১৯৯৩ সালে এনভিডিয়া যাঁরা প্রতিষ্ঠা করেছিলেন, হুয়াং তাঁদের অন্যতম। তাঁর বিরুদ্ধে তিনটি বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে। সেই তিন জনের এক জন সন্দেহভাজন চিনা গুপ্তচর, বাকি দু'জন সংস্থারই কর্মী। এই অভিযোগের জেরে বোর্ড তাঁকে সরিয়ে দিয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হস্তক্ষেপ করার পরে এনভিডিয়ার বোর্ড তাঁকে স্বপদে ফিরিয়ে এনেছে।

সোমবার ট্রাম্প বলেন, "আমি ওদের সঙ্গে কথা বলেছি, এ ভাবেই বলা যাক। আমি ওদের রাজি করিয়েছি… চুক্তিটা আমিই করেছি।"

সরকারি নৈতিকতা দফতরে (অফিস অব গভর্নমেন্ট এথিক্স) জমা দেওয়া প্রেসিডেন্টের আর্থিক তথ্য থেকে ইঙ্গিত মিলছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর হাতে এনভিডিয়ার ৩ লক্ষ ৭০ হাজার পর্যন্ত শেয়ার থাকতে পারে। এর পরের কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।

সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম এক লাফে ৩১.৫ শতাংশ বেড়ে যায়। তাতে সংস্থার বাজারমূল্য বেড়েছে প্রায় ৯৫০ বিলিয়ন ডলার। ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় সংস্থার সদর দফতরে ফিরলে হুয়াংকে বীরের মতো স্বাগত জানানো হয়। ভিড় করে আসা কর্মীরা স্লোগান তোলেন, "জেনসেন, জেনসেন, জেনসেন!"

ট্রাম্পের গত দু'বছরের সরকারি আর্থিক নথি খতিয়ে দেখেছে বিবিসি। তাদের হিসেবে, তিনি ২ কোটি ৩০ লক্ষ থেকে ৮ কোটি ৬০ লক্ষ ডলারের মধ্যে কোনও অঙ্কের এনভিডিয়া শেয়ার কিনেছেন। দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পরে তার কিছু অংশ বিক্রিও করেছেন। তাঁর সরকারি নথি অনুযায়ী, তাতে লাভ হয়েছে ৩৫ লক্ষ থেকে ১ কোটি ২ লক্ষ ডলার।

বিশ্ব জুড়ে কৃত্রিম মেধার (এআই) যে জোয়ার চলছে, এনভিডিয়া রয়েছে তার কেন্দ্রে। সেই সংস্থার শীর্ষ পদে হুয়াংয়ের এই অপ্রত্যাশিত ও বিতর্কিত প্রত্যাবর্তনের পরে মঙ্গলবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারে জোরালো উত্থান দেখা গিয়েছে।

কয়েক মাসের টালমাটাল পরিস্থিতির পরে এআই সংস্থাগুলির শেয়ার আবার চাঙ্গা হয়ে উঠতেই তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার বাজারে সূচক চড়েছে। তাইওয়ানের টিডব্লিউ৫০ সূচক বেড়েছে ৯.৫ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক উঠেছে ৬.৫ শতাংশ, তাতে নেতৃত্ব দিয়েছে দুই চিপ নির্মাতা এসকে হাইনিক্স ও স্যামসাং ইলেকট্রনিক্স। জাপানের নিক্কেই বেড়েছে প্রায় ৪ শতাংশ। ইউরোপের বাজারগুলি অবশ্য মোটের উপর স্থিতিশীল ছিল।

আমেরিকায় অবশ্য বাজার খুলেছে নিম্নমুখী অবস্থায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক নেমেছে ০.৪ শতাংশ, প্রযুক্তি সংস্থা-প্রধান নাসডাক নেমেছে ১.৮ শতাংশ। লেনদেনের শুরুতেই এনভিডিয়ার শেয়ার পড়ে গিয়েছে ৬ শতাংশ। গত সপ্তাহেই রেকর্ড-ভাঙা আইপিও এনেছিল এআই সংস্থা অ্যানথ্রপিক। বাজার খুলতেই তাদের শেয়ার ৮.৩ শতাংশ পড়ে ৮০.৩৪ ডলারে নেমে যায়, যা আইপিও-র দাম ৮৩ ডলারেরও নীচে।

এর আগে সোমবার ওয়াল স্ট্রিটে উত্থান দেখা গিয়েছিল। এআই সংস্থাগুলির শেয়ার সাম্প্রতিক মাসগুলিতে রোলার-কোস্টারের মতো ওঠানামা করছে। এআই পরিকাঠামো গড়তে গিয়ে এই ক্ষেত্রে বিপুল ঋণ জমেছে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। তার উপর মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জেতার পরে আমেরিকায় কড়া নিয়ন্ত্রণবিধির আশঙ্কাও তৈরি হয়েছে।

অ্যারিজ়োনার ডেমোক্র্যাট সেনেটর রুবেন গায়েগো এক্স-এ লিখেছেন, "ঘোষণার আগে শেয়ার বাজারে কে কোথায় কী অবস্থান নিয়েছিল, তার তদন্ত হওয়া দরকার। এই হোয়াইট হাউস ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত।" পরে আরও একটি পোস্টে তিনি লেখেন, "এআই বুদ্বুদ ফাটানোর কাজটা হয়তো ট্রাম্পই শুরু করে দিলেন।"

লগ্নিকারী ব্যাঙ্ক ক্যাভেনডিশের ইকুইটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান রজার লি বলেন, "এআই খাতে মূলধনী বিনিয়োগের প্রসারে এনভিডিয়ার ভূমিকা কেন্দ্রীয়। তাই হুয়াংয়ের প্রত্যাবর্তনের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। বিশ্বজোড়া আর্থিক সঙ্কটের সময়কার একটা ধারণা ধার করে প্রশ্ন তোলা যায়, এআই-এর ভবিষ্যৎ এবং সাম্প্রতিক প্রযুক্তি বিপ্লবে আমেরিকার নেতৃত্বের পক্ষে কিছু প্রযুক্তি সংস্থার সিইও কি এখন এতটাই অপরিহার্য যে তাঁদের বরখাস্তই করা যায় না?

"কত টাকার জোগান লাগবে এবং ভবিষ্যতে কী ভাবে আয় হবে, সেই প্রশ্নগুলো এখনও রয়ে গিয়েছে। এআই-এর ভবিষ্যৎ সাফল্য হুয়াংয়ের উপর এতটা নির্ভরশীল হওয়ায় সেই উদ্বেগ উল্টে আরও বাড়তে পারে। বিশেষত গতকাল গোটা বাজার চাঙ্গা থাকা সত্ত্বেও অ্যানথ্রপিকের শেয়ার পড়েছে।"

অর্থনীতিবিদদের মতে, হুয়াং ফিরে আসায় এআই বুদ্বুদ এখনই ফেটে যাওয়ার আশঙ্কা কমেছে। ফলে মার্কিন ফেডারাল রিজ়ার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও জোরালো হল।

ডয়েশে ব্যাঙ্কের জিম রিড বলেন, "এআই-এ মন্দার আশঙ্কা কমে আসায় আগামী কয়েক মাসে ফেডারাল রিজ়ার্ভ যে আরও কড়া পথে হাঁটবে, বাজার আবার সেই হিসেব কষতে শুরু করেছে।

"তাই ডিসেম্বরের পরবর্তী বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধির সম্ভাবনা বাজার আবার পুরোপুরি ধরে নিচ্ছে।"