প্রাক্তন কর্মীদের দাবি, শিশুসাহিত্যিক ডেভিড ওয়ালিয়ামস মহিলাদের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন, আর প্রকাশনা সংস্থা হার্পারকলিন্স তা ‘ধামাচাপা’ দিয়েছিল। এ কাজে সংস্থা একটি নামী আইনি সংস্থার সাহায্য নিয়েছিল এবং একটি গোপনীয়তা চুক্তিও (নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট) করেছিল। ঘটনাটি ঘটেছিল ওয়ালিয়ামসকে আচমকা বাদ দেওয়ার দু’বছর আগে।

বহু বছর ধরেই সংস্থার মহিলারা কর্তৃপক্ষের কাছে লেখকের বিরুদ্ধে অসদাচরণ ও হেনস্থার অভিযোগ জানিয়ে আসছিলেন। একটি অভিযোগ ছিল এক মহিলার সঙ্গে ওয়ালিয়ামসের ‘অনুচিত’ যৌন সম্পর্ক নিয়ে। প্রথম আলাপের সময় ওই মহিলা সংস্থায় শিক্ষানবিশ (ইন্টার্ন) ছিলেন। সংস্থার সঙ্গে যুক্ত আরও অন্তত তিন জন মহিলার সঙ্গেও তিনি অশোভন আচরণ করেছিলেন বলে অভিযোগ। এঁদের মধ্যে দু’জনকে তিনি ডেটে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। এ ছাড়া একটি বইয়ে সই দেওয়ার অনুষ্ঠানে তিনি এক মেয়ের কাছে গিয়েছিলেন, যাকে দেখে কিশোরী বলেই মনে হচ্ছিল।

একাধিক সূত্রের দাবি, প্রায় এক দশক ধরে এই অভিযোগগুলিতে কেউ কান দেননি। তার বদলে কর্মীরা একে অপরকে সাবধান করে দিতেন, যাতে সবাই তাঁকে এড়িয়ে চলেন। শেষে ২০২৩ সালে ম্যানেজাররা পদক্ষেপ করেন। অভিযোগের তদন্তের ভার দেওয়া হয় লন্ডনের সিটির আইনি সংস্থা অ্যালেন অ্যান্ড ওভেরি-কে।

তদন্তে অন্তত পাঁচ জন মহিলা সাক্ষ্য দেন। তাঁদের কয়েক জন নিজেরাই এই অসদাচরণের শিকার হয়েছিলেন। কিন্তু ওয়ালিয়ামসকে কখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। পরে তাঁর আইনজীবীরা জানান, কর্মক্ষেত্রে হেনস্থা বা অশোভন আচরণের সব অভিযোগই তিনি অস্বীকার করেছেন।

২০২৪ সালের গোড়ায় তদন্ত নিঃশব্দে শেষ হয়ে যায়, আর তখন লেখককে কোনও ফল ভুগতে হয়নি। ওয়ালিয়ামসের বেস্টসেলার শিশুপাঠ্য বইগুলিকে রোয়াল্ড ডালের লেখার সঙ্গে তুলনা করা হয়। এর পরেও তিনি আরও পাঁচটি বই প্রকাশ করেন। শেষে ২০২৫ সালের ডিসেম্বরে হার্পারকলিন্স তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

একাধিক প্রাক্তন কর্মীর বিশ্বাস, অভিযোগের মুখ বন্ধ করতেই ওই তদন্ত করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক জনের কথায়, “ওটা তদন্ত ছিল না, ছিল ধামাচাপা।”

তদন্তে সাক্ষ্য দেওয়া এক মহিলার ক্ষেত্রে এর পরিণামে প্রকাশনা সংস্থায় তাঁর কর্মজীবনই শেষ হয়ে যায়। শোনা যায়, তাঁকে পাঁচ অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল।

তিনি গার্ডিয়ান ও আইটিভি নিউজ়কে জানিয়েছেন, তিনি মুখ খুলতে চান কিন্তু পারছেন না। জানা গিয়েছে, ক্ষতিপূরণের চুক্তির অংশ হিসেবে তাঁকে একটি কড়া গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করতে হয়েছিল। সেই কারণেই তিনি মুখ বন্ধ রাখতে বাধ্য।

প্রক্রিয়াটি সম্পর্কে ওয়াকিবহাল একাধিক সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদ করা মহিলাদের বলা হয়েছিল তদন্ত বা ওয়ালিয়ামস সম্পর্কে তাঁদের উদ্বেগ নিয়ে কোনও কথাই তাঁরা বাইরে বলতে পারবেন না। আজও তাঁরা খোলাখুলি কথা বলার সাহস পাচ্ছেন না।

এই তথ্য সামনে এল গার্ডিয়ান ও আইটিভি নিউজ়ের এক যৌথ অনুসন্ধানের পরে। সেই অনুসন্ধানে অভিযোগ উঠেছিল, ওয়ালিয়ামস নিজের তারকাখ্যাতি কাজে লাগিয়ে যৌন সম্পর্কের জন্য তরুণী ও কিশোরীদের নিশানা করতেন। তাঁদের মধ্যে দু’জনের সঙ্গে তিনি প্রথম যোগাযোগ করেন যখন তাদের বয়স ছিল মাত্র ১৫। ওয়ালিয়ামসের আইনজীবীরা জানিয়েছেন, তিনি যৌন শিকারি হওয়ার বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন।

এ ছাড়া আলাদা কয়েকটি ‘গুরুতর যৌন অসদাচরণ’-এর অভিযোগে ওয়ালিয়ামসের বিরুদ্ধে তদন্ত করছে মেট্রোপলিটন পুলিশ। এর আগে ওয়ালিয়ামস গার্ডিয়ান ও আইটিভি নিউজ়কে জানিয়েছিলেন, তিনি কোনও আইন ভাঙেননি।

হার্পারকলিন্স রুপার্ট মারডকের মালিকানাধীন এবং বিশ্বের বৃহত্তম প্রকাশনা সংস্থাগুলির একটি। অভিযোগ নিয়ে সংস্থা কী করেছিল, এই নতুন দাবিগুলি তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

বিশিষ্টজনেরা বলছেন, কর্মক্ষেত্রে অশোভন আচরণ নিয়ে কেউ উদ্বেগ জানালে তাঁর মুখ বন্ধ করতে আইনকে ব্যবহার করা উচিত নয়। জ়েলডা পার্কিনস হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইনের যৌন অসদাচরণ ফাঁস করতে গোপনীয়তা চুক্তি ভেঙেছিলেন। এই ধরনের চুক্তির অপব্যবহার ঠেকাতে আইনে আরও বদল আনার বিষয়ে তিনি এখন ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলছেন। তাঁর বক্তব্য, “কারও কণ্ঠস্বর কেড়ে নেওয়ার মানে কী, তা কেউ কোনও দিন বুঝতে পারবে না।”

২০১৩ সাল পর্যন্ত ব্রিটেনে হার্পারকলিন্সের প্রধান কার্যনির্বাহী আধিকারিক ছিলেন ভিক্টোরিয়া বার্নসলে। সংস্থার সবচেয়ে জনপ্রিয় লেখকের বিষয়টি যে ভাবে সামলানো হয়েছে বলে অভিযোগ, তাকে তিনি ‘চূড়ান্ত লজ্জাজনক’ বলেছেন। তাঁর মতে, মহিলাদের যে ‘অন্য সংস্থায় চলে যেতে হবে, কিংবা জোর করে সরিয়ে দেওয়া হবে বা টাকা দিয়ে মুখ বন্ধ করা হবে’, তা ঠিক নয়। তাঁর কথায়, “এটা কিছুতেই হওয়া উচিত নয়।”

প্রকাশনা সংস্থার এক মুখপাত্র বলেছেন, “কিশোরীদের নিয়ে আইটিভি ও গার্ডিয়ানের প্রতিবেদনে যে অভিযোগ উঠেছে, তাতে আমরা স্তম্ভিত। হার্পারকলিন্স ইউকে আগেই ডেভিড ওয়ালিয়ামসের সঙ্গে প্রকাশনার সম্পর্ক ছিন্ন করেছে। আমাদের কর্মীদের নিরাপত্তাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই।”

ওয়ালিয়ামসের বাণিজ্যিক সাফল্য

গার্ডিয়ান ও আইটিভি নিউজ় ওয়ালিয়ামসের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করার পরে কর্মীদের উদ্দেশে অনলাইনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেট এলটন। গত বছরের অক্টোবরে তিনি হার্পারকলিন্স ইউকে-র সিইও হয়েছেন। দেখে মনে হচ্ছিল তিনি একটি লিখিত বিবৃতি পড়ছেন। তিনি জানান, প্রধান কার্যনির্বাহী আধিকারিকের দায়িত্ব নেওয়ার কিছু দিনের মধ্যেই তিনি ওয়ালিয়ামসের বই আর না ছাপার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, “আমার মনে হয়েছিল এই সিদ্ধান্ত নিতেই হবে।”

এলটন ২০১১ সাল থেকে হার্পারকলিন্সে কাজ করছেন। সংবাদ প্রতিবেদনে উঠে আসা ‘গভীর ভাবে বেদনাদায়ক বিবরণ’ নিয়ে তিনি কথা বলেন। তিনি জানান, এই বিষয়ে কর্মীদের সঙ্গে কথা বলতে না হলেই তিনি খুশি হতেন। তার পর তিনি কর্মীদের আশ্বস্ত করেন যে সংস্থার কাছে তাঁদের ভাল থাকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “কখনও কোনও উদ্বেগ বা সমস্যা হলে আপনারা গোপনে তা জানাতে পারেন। আপনাদের কথা শোনা হবে।”