ঔপনিবেশিকতার ক্ষতচিহ্ন আজও টিকে আছে নানা পরিসরে, বিশেষত পশ্চিমি দুনিয়ার জাদুঘরের সংগ্রহে এবং ব্যক্তিগত মালিকানায়। আর সেই উত্তরাধিকার কেবল প্রাণহীন শিল্পবস্তু বা সাংস্কৃতিক নিদর্শনেই সীমাবদ্ধ নয়।

প্রায় আশি বছর ধরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিট রিভার্স মিউজ়িয়ামে, বিশ্বের অন্যতম খ্যাতনামা এই প্রতিষ্ঠানে, ঠাসাঠাসি কাচের তাকে সাজিয়ে রাখা হয়েছিল মানুষের দেহাবশেষ।

তার অনেকগুলিই আসলে নাগাল্যান্ড থেকে নিয়ে যাওয়া কঙ্কাল। ১৯১০ থেকে ১৯৪০ সালের মধ্যে দুই ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসক, জন হেনরি হাটন ও জেমস ফিলিপ মিলস, সেগুলি জাদুঘরে পৌঁছে দেন। ছ'বছরের আলোচনা, দর-কষাকষি এবং নাগা জনগোষ্ঠীগুলির মধ্যে ঐকমত্য গড়ার নিরন্তর প্রয়াসের পর অবশেষে ৩৯টি কঙ্কাল ঘরে ফিরছে। নভেম্বরের গোড়ায় জাদুঘর কর্তৃপক্ষ নাগা নেতা ও গবেষকদের একটি প্রতিনিধিদলের হাতে সেগুলির দায়িত্ব তুলে দিয়েছে। প্রত্যর্পিত দেহাবশেষের মধ্যে রয়েছে দু'টি শিশু, এক মহিলা এবং এক গ্রামপ্রধানের কঙ্কাল।

"ভারতে মানবদেহাবশেষ প্রত্যর্পণের এটাই প্রথম ঘটনা," বললেন নাগা নৃতত্ত্ববিদ এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্টা ক্রুজ়ের অধ্যাপক ডলি কিকন। ২০২০ সালে গার্ডিয়ানে তিনি পড়েছিলেন, একটি নৈতিক পর্যালোচনার পর পিট রিভার্স মিউজ়িয়াম প্রদর্শনী থেকে মানবদেহাবশেষ সরিয়ে নিচ্ছে। তার পরেই তিনি জাদুঘরের সঙ্গে যোগাযোগ করেন, এবং সেখান থেকেই প্রত্যর্পণ প্রক্রিয়ার সূচনা। এক বিবৃতিতে জাদুঘরের অধিকর্তা লরা ফান ব্রুকহোভেন স্বীকার করেছেন, এ এক "দীর্ঘ যাত্রা"। তাঁর সংযোজন, "পুনর্মিলন ও নিরাময়ের লক্ষ্যে কাজ করতে গিয়ে আশা রাখা সম্ভব।"

ওই পর্যালোচনা ছিল জাদুঘরের প্রদর্শন-রীতি এবং বিশ্বের নানা জনগোষ্ঠীর মানবদেহাবশেষ কী ভাবে উপস্থাপিত হচ্ছে, তার বৃহত্তর পুনর্মূল্যায়নের অংশ। সবচেয়ে বিতর্কিত প্রদর্শনীগুলির একটি ছিল দক্ষিণ আমেরিকার শুয়ার জনগোষ্ঠীর 'সান্‌সা' নামে পরিচিত সঙ্কুচিত মুণ্ড। নৃতত্ত্ব ও জাতিবিদ্যার অন্যতম অগ্রণী জাদুঘর পিট রিভার্স মেনে নিয়েছে, ওই প্রদর্শনী সংশ্লিষ্ট সংস্কৃতি সম্পর্কে বর্ণবিদ্বেষী ধারণাকে আরও পোক্ত করেছিল। নাগা দেহাবশেষগুলি রাখা ছিল নাইজেরিয়া ও পাপুয়া নিউ গিনি-সহ নানা জনগোষ্ঠীর শিল্পবস্তু ও দেহাবশেষের পাশাপাশি।

নাগা শিক্ষাবিদেরা প্রশ্ন তুলেছেন সেই প্রচলিত ধারণা নিয়ে, যে এই দেহাবশেষ কেবলমাত্র মুণ্ডশিকারের প্রথার সঙ্গেই যুক্ত। নাগা যোদ্ধারা প্রথাগত ভাবে অভিযানে নিহত শত্রুর মুণ্ড সংগ্রহ করতেন ঠিকই, কিন্তু নৃতত্ত্ববিদদের বক্তব্য, ব্রিটিশ সংগ্রাহকেরা ঔপনিবেশিক অভিযানের সময় জোরজবরদস্তি করে নাগা দেহাবশেষ হস্তগত করেছিলেন।

নাগা সমাজের কাছে অবশ্য সেটা ছিল দীর্ঘ যাত্রার সূচনামাত্র। কিকন জানালেন, অস্ট্রেলিয়া, কানাডা বা আমেরিকার মতো দেশে আদিবাসী পূর্বপুরুষদের দেহাবশেষ ফিরিয়ে আনার জাতীয় আইন থাকলেও ভারতে তেমন কোনও আইন নেই। "নীতির অভাবে আমাদের নিশ্চিত করতে হয়েছে যে প্রক্রিয়াটি জনগোষ্ঠীর নেতৃত্বেই চলবে, এবং লক্ষ্য থাকবে নিরাময় ও পুনর্মিলন। গোটাটাই ছিল নজিরবিহীন।"

প্রত্যর্পণে মধ্যস্থতা করেছে ফোরাম ফর নাগা রিকনসিলিয়েশন, নাগা আদিবাসী জনগোষ্ঠীগুলির মধ্যে শান্তি ও পুনর্মিলনের লক্ষ্যে কাজ করা একটি যৌথ মঞ্চ। বৃহত্তর সমাজে সচেতনতা গড়ে তুলতে তৈরি হয় স্বেচ্ছাসেবী গবেষণা গোষ্ঠী 'রিকভার, রিস্টোর অ্যান্ড ডিকলোনাইজ়' (আরআরএডি)। তার স্বেচ্ছাসেবীরা শহর থেকে গ্রামে ঘুরেছেন, ছাত্রছাত্রী, প্রবীণ এবং নানা প্রজন্মের শ্রোতার সঙ্গে কথা বলেছেন জাদুঘরে রাখা দেহাবশেষ নিয়ে, এবং সেগুলি নিয়ে সমাজ কী করতে চায়, তা নিয়ে।

জাদুঘরে এখনও প্রায় ১৭৮টি এমন বস্তু রয়েছে, যাতে মানুষের চুল আছে বা থাকতে পারে। রয়েছে পোশাক, অস্ত্র, পাত্র ও বাদ্যযন্ত্র-সহ ৬,৫০০টি নাগা সামগ্রী, যার অনেকগুলিই মিলস ও হাটনের সংগ্রহ; অস্ত্রের মতো কিছু সামগ্রী আবার নিলামঘর থেকে কেনা। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব ও আধুনিক এশিয়া বিষয়ের অধ্যাপক আরকোতং লংকুমেরের কথায়, "নাগা সামগ্রী, শিল্পবস্তু ও মানবদেহাবশেষের বিশ্বের বৃহত্তম সংগ্রহগুলির একটি রয়েছে পিট রিভার্স মিউজ়িয়ামে। আপাতত আমরা কঙ্কালগুলির উপরেই মনোযোগ দিয়েছি, কিন্তু এই সংগ্রহ নিয়ে বৃহত্তর ভাবনার পথে এটা প্রথম পদক্ষেপ মাত্র।"

ভারতীয় শিল্পবস্তু ও সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার প্রশ্ন দীর্ঘ দিন ধরেই জনপরিসরের আলোচনায় গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে। তার কেন্দ্রে কোহিনুর হিরে, যা মুঘল, পারসিক ও আফগান হাত ঘুরে শেষ পর্যন্ত দশ বছরের মহারাজা দলীপ সিংহের কাছ থেকে ছিনিয়ে নেয় ব্রিটেন। আজ তা ব্রিটিশ রাজমুকুটের রত্নসম্ভারের অংশ, সাম্রাজ্যের লুণ্ঠনের প্রতীক, আর বহু ভারতীয়ের কাছে এমন এক চুরি, যার জ্বালা আজও যায়নি। গত বছর ভারতের এক সংসদীয় কমিটি বিদেশে থাকা সাংস্কৃতিক সামগ্রী, বিশেষত ঔপনিবেশিক আমলে নিয়ে যাওয়া নিদর্শন ফেরানোর জন্য একটি বিশেষ ঐতিহ্য পুনরুদ্ধার টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছিল।

মানবদেহাবশেষের ক্ষেত্রে অবশ্য প্রশ্নটা পূর্বপুরুষদের সম্মান জানানো এবং তাঁদের মর্যাদাপূর্ণ শেষশয্যা দেওয়ার অধিকারের। লংকুমের বললেন, "একটা যৌথ ভবিষ্যৎ আমরা কী ভাবে কল্পনা করব, তা নির্ভর করে আমাদের ইতিহাসকে কী ভাবে বুঝি তার উপর। কেমন ভবিষ্যৎ গড়তে চাই, তা ভাবতে গেলে পিছন ফিরে অতীতের অর্থ খুঁজতেই হবে।"

"নাগা প্রত্যর্পণ এক গভীর ঔপনিবেশিক হিংসার মোকাবিলা," বলছেন কিকন। "এ সেই অমানবিকীকরণের কথা, যেখানে মানুষের দেহাবশেষ জাদুঘরে মজুত রাখা হত, প্রদর্শিত হত বিচিত্র বস্তু হিসেবে।"

এই প্রত্যাবর্তন কিকনকে ভাবিয়েছে এক বৈপরীত্য নিয়ে। এক দিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতি ভারতীয়দের দীর্ঘ দিনের শ্রদ্ধা, বহু ভারতীয়ের যেখানে পড়ার স্বপ্ন; অন্য দিকে সেই প্রতিষ্ঠানেই তাঁদের পূর্বপুরুষদের দেহাবশেষ প্রদর্শনের ইতিহাস। "প্রত্যর্পণ মানে শুধু হাড়গোড় ফিরিয়ে আনা নয়। এ ছিল গভীর আত্মসমীক্ষার এক প্রক্রিয়ার সূচনা," তিনি বলেন। "শেষ পর্যন্ত এটা আমাদের কাঁধে আরও বড় দায় চাপিয়ে দেয়, আমরা কী ভাবে জীবন যাপন করি, তা নিয়ে ভাবার দায়।"

দেহাবশেষগুলি সমাধিস্থ করা হবে নাগাল্যান্ডের রাজধানী কোহিমার নাগা সলিডারিটি পার্কে।