সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খাওয়ার ন’মাসের মাথায় ফের শুল্কযুদ্ধের নতুন অধ্যায় খুলতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর)-এর দফতর বাড়তি উৎপাদন ক্ষমতা সংক্রান্ত তদন্তের পর ভারত, চিন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১৩টি বড় বাণিজ্যিক অংশীদারের উপর নতুন শুল্কের প্রস্তাব দিতে চলেছে। পলিটিকোর খবর অনুযায়ী, বাড়তি উৎপাদন ক্ষমতা নিয়ে একটি রিপোর্টের অংশ হিসেবে ইউএসটিআর জেমিসন গ্রিয়ার মঙ্গলবার রাতেই প্রস্তাবগুলি ঘোষণা করবেন। গ্রিয়ার গত শুক্রবার ব্লুমবার্গ টেলিভিশনে জানিয়েছিলেন, তদন্ত ‘খুব শীঘ্রই’ এবং ‘অবশ্যই’ জানুয়ারির আগে শেষ হবে।

তদন্তের তালিকায় রয়েছে চিন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইৎজ়ারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ এবং কম্বোডিয়া। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় গত ১১ মার্চ এই তদন্ত শুরু হয়েছিল। প্রেক্ষাপটটি গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট যে বিশ্বব্যাপী শুল্ক খারিজ করে দিয়েছিল, নতুন শুল্ক আংশিক ভাবে তারই জায়গা নেবে। অর্থাৎ জরুরি ক্ষমতার আইনি পথ বন্ধ হতেই ট্রাম্প প্রশাসন অন্য দরজা খুঁজে নিয়েছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের বিশ্লেষণ বলছে, ৩০১ ধারা সরাসরি শুল্ক বসানোর অধিকার দেয় এবং তাতে শুল্কের কোনও ঊর্ধ্বসীমা নেই।

শুল্কের হার এখনও স্পষ্ট নয়। ব্লুমবার্গ গভর্নমেন্টের খবর, সব দেশের জন্য একই হার নয়, প্রতিটি অর্থনীতির জন্য আলাদা হার ঠিক হবে, এবং তা ট্রাম্পের করা বাণিজ্য চুক্তির সীমা ছাড়াবে না। রয়টার্স জানাচ্ছে, ইইউ, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে সেই সীমা ১৫ শতাংশ, মালয়েশিয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ। প্রাক্তন মার্কিন বাণিজ্য দফতরের আধিকারিক রায়ান মাজেরাসের মতে, বাড়তি ক্ষমতা আছে বলে চিহ্নিত দেশগুলির উপর ১৫ থেকে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব আসতে পারে। এই শুল্ক বসবে বাধ্যতামূলক শ্রম সংক্রান্ত আলাদা তদন্তের জেরে চালু থাকা ১০ বা ১২.৫ শতাংশ শুল্কের উপরে। তবে তড়িঘড়ি কার্যকর হচ্ছে না। ৩০১ ধারায় পদক্ষেপের আগে ইউএসটিআর-কে জনমত নিতে হয়, ফলে প্রস্তাবিত হার এখনই চালু হবে না।

ভারতের পক্ষে বিষয়টা দ্বিমুখী। ওয়াশিংটন সৌর মডিউল ও পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে ইস্পাত ও বস্ত্র পর্যন্ত নানা ভারতীয় শিল্পে কাঠামোগত বাড়তি ক্ষমতার অভিযোগ তুলেছে, সঙ্গে ২০২৫ সালে আমেরিকার সঙ্গে ভারতের ৪২০০ কোটি ডলারের পণ্য বাণিজ্য উদ্বৃত্তের কথাও। নয়াদিল্লি সেই অভিযোগ মানেনি। আবার এ মাসেই আমেরিকা ভারতকে আশ্বাস দিয়েছে, দু’দেশের মধ্যে আলোচনাধীন বাণিজ্য চুক্তিতে প্রতিযোগী দেশগুলির চেয়ে ভারতের উপর শুল্ক কম থাকবে। কিন্তু সূত্রের বক্তব্য, চূড়ান্ত শুল্ক কাঠামো এখনও ৩০১ ধারার দ্বিতীয় তদন্তের ফলাফলের উপর নির্ভরশীল, এবং মূল চ্যালেঞ্জ হল সেই আশ্বাসকে বাধ্যতামূলক শর্তে পরিণত করা।

বাণিজ্য বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা আরও স্পষ্ট। তাঁদের মতে, বাড়তি ক্ষমতা ও বাধ্যতামূলক শ্রমের অভিযোগে ৩০১ ধারার শুল্কের হুমকি দেখিয়ে ওয়াশিংটন ভারতকে কৃষি-সহ নানা পণ্যের জন্য বাজার খুলতে এবং আরও বেশি মার্কিন জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চাপ দিচ্ছে। অর্থাৎ এই তদন্ত আসলে দর কষাকষির অস্ত্র, এবং ভারতের পক্ষে নতুন হার কত দাঁড়াবে, তা অনেকটাই নির্ভর করবে আসন্ন চুক্তিতে দিল্লি কতটা ছাড় দেয় তার উপর।

ঘরের মাঠেও ট্রাম্পের পথ মসৃণ নয়। মধ্যবর্তী নির্বাচনের পরে রয়টার্স/ইপসস সমীক্ষায় ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন। রয়টার্সের পর্যবেক্ষণ, ভোগ্যপণ্যের দাম বাড়ার পিছনে শুল্কের আংশিক ভূমিকা রয়েছে। তবু শুল্ককেই যে ট্রাম্প বিদেশনীতির প্রধান হাতিয়ার হিসেবে ধরে রাখবেন, এই ঘোষণা তারই প্রমাণ।