কয়েক দশক ধরে গোপন রাখা হয়েছিল জায়গাটি। ডোভারের সাদা খাড়াই পাহাড়ের মাটির চার মিটার গভীরে লুকিয়ে ছিল সেটি। অবশেষে শুক্রবার থেকে সাধারণ মানুষ দেখতে পাবেন প্রযুক্তির ক্ষেত্রে পথিকৃৎ এই কমান্ড বাঙ্কার। উইনস্টন চার্চিলের নির্দেশে তৈরি এই ভূগর্ভস্থ ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
কংক্রিটে ঘেরা ‘ফ্যান বে প্লটিং রুম’-এ ছিল স্থলভাগে ব্যবহৃত প্রথম কম্পিউটার-সহায়ক লক্ষ্যনির্ধারণ ব্যবস্থা। ন্যাশনাল ট্রাস্টের হয়ে খনন প্রকল্পের নেতৃত্ব দেওয়া জন স্টুয়ার্টের কথায়, ডোভারকে রক্ষা করতে এবং ইংলিশ চ্যানেলে জার্মান জাহাজে হামলা চালাতে যে কামানের ব্যাটারি ব্যবহার করা হতো, তার ‘মস্তিষ্ক’ হিসেবে কাজ করত এই ব্যবস্থা।
১৯৫৭ সালে গোপনে বাঙ্কারটির ব্যবহার বন্ধ করে সেটি সংরক্ষিত অবস্থায় রেখে দেওয়া হয়। সামরিক গুরুত্বের কারণে ১৯৮১ সাল পর্যন্ত তার সম্পর্কে তথ্য গোপনীয় নথির অন্তর্ভুক্ত ছিল। ২০১৭ সালে পুনরাবিষ্কারের পরে প্রথম যে মানুষটি বাঙ্কারে ঢুকেছিলেন, তিনি স্টুয়ার্ট।
তিনি বলেন, “যুদ্ধের প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করেন যাঁরা, তাঁদের কাছে এ ছিল তুতানখামেনের সমাধি আবিষ্কারের মতোই এক মুহূর্ত। এখানে যাঁরা কাজ করেছিলেন, তাঁদের নিয়ে আমরা এত গবেষণা করেছি। আর তার পরে হঠাৎ আপনি দাঁড়িয়ে আছেন তাঁদেরই কর্মস্থলে। মুহূর্তটা ছিল রোমাঞ্চকর।”
এই প্লটিং রুম এবং এখান থেকে নিয়ন্ত্রিত কামানগুলি তৈরির পেছনে চার্চিলের প্রত্যক্ষ ভূমিকা ছিল। তাঁর বিখ্যাত ‘আমরা সমুদ্রসৈকতে লড়ব’ ভাষণের কিছু দিনের মধ্যেই তিনি কেন্টের উপকূলে যান। সেখানে দেখেন, কোনও বাধা ছাড়াই ডোভার প্রণালী দিয়ে শত্রুপক্ষের জাহাজ চলাচল করছে। দৃশ্যটি তাঁকে উদ্বিগ্ন করেছিল।
সেই সময় ব্রিটেনের যুদ্ধের একেবারে সামনের সারিতে ছিল ডোভার। জার্মান অধিকৃত ফ্রান্সে বসানো শত্রুপক্ষের কামান থেকে নিয়মিত গোলাবর্ষণ চলছিল তার উপর।
১৯৪০ সালের জুলাইয়ে একটি স্মারকলিপিতে চার্চিল লিখেছিলেন, “কামানের সাহায্যে এই প্রণালীর নিয়ন্ত্রণের জন্য আমাদের লড়তে হবে, শত্রুপক্ষের কামানের ঘাঁটি ধ্বংস করতে হবে এবং নিজেদের ঘাঁটিগুলিকে সুরক্ষিত করতে হবে।”
তিনি নির্দেশ দেন, সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। ডোভারের নতুন প্রতিরক্ষাব্যবস্থা তৈরির কাজ কতটা এগোল, প্রতি সপ্তাহে তার রিপোর্টও চান। ১০০ দিনের মধ্যে কামানগুলি প্রস্তুত হয়ে যায়। তার আরও ৬৪ দিন পরে শেষ হয় প্লটিং রুমের বাঙ্কার তৈরির কাজ।
স্টুয়ার্ট বলেন, “এখানকার মানুষ কামানগুলিকে বলতেন ‘চার্চিলের পোষ্য’।”
নির্মাণের সেই তাড়াহুড়োর চিহ্ন এখনও জায়গাটিতে দৃশ্যমান বলে জানান স্টুয়ার্ট। কেবল নিয়ে যাওয়ার জন্য দেওয়াল ও মেঝেতে অপরিপাটিভাবে তৈরি গর্তগুলি দেখান তিনি। তৎকালীন বিবরণ থেকে জানা যায়, কোন যন্ত্র কোথায় বসবে, তার নকশা হাতে আসার আগেই যন্ত্রপাতি বসানোর কাজ শুরু হয়ে গিয়েছিল।
প্লটিং রুমে ছিল ১.৮ মিটার লম্বা একটি বৈদ্যুতিক-যান্ত্রিক কম্পিউটার, যার নাম ‘ফায়ার ডিরেকশন টেবিল’। ছোড়া গোলা গিয়ে পৌঁছনোর সময় চলন্ত জাহাজটি কোথায় থাকবে, সেই হিসাব করা এবং কামান পরিচালনাকারী সেনাদের গোলা ছোড়ার নির্দেশ পাঠানোর কাজে ব্যবহৃত হতো যন্ত্রটি।
স্টুয়ার্টের কথায়, এই প্লটিং রুমের আবিষ্কার তাঁকে মনে করিয়ে দিয়েছে নব্বইয়ের দশকে বাকিংহামশায়ারের ব্লেচলি পার্ককে রক্ষা করার উদ্যোগের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানেই শত্রুপক্ষের গোপন সংকেতের পাঠোদ্ধার করা হতো।
তিনি বলেন, “তখন আমরা সে সম্পর্কে জানতাম না। কিন্তু এখন তা আমাদের জাতীয় চেতনার অংশ হয়ে গিয়েছে। এই প্লটিং রুম তেমনই এক নতুন উন্মোচিত গোপন ইতিহাস।”
তিনি আরও বলেন, “প্লটিং টেবিল বললেই আমরা সাধারণত ভাবি, আকর্ষণীয় চেহারার ‘রেন’রা—উইমেনস রয়্যাল নেভাল সার্ভিসের সদস্যরা—মানচিত্রের উপর নানা চিহ্ন সরাচ্ছেন। যুদ্ধের ছবিতে যেমন দেখা যায়। কিন্তু এটি কোনও মানচিত্র নয়। এটি আসলে এক অত্যন্ত অগ্রসর বৈদ্যুতিক-যান্ত্রিক কম্পিউটার। একেবারেই অনন্য।”
শত্রুপক্ষের হাতে যাতে না পড়ে, সে জন্য ১৯৫৭ সালে ইচ্ছাকৃতভাবে কম্পিউটারটি ধ্বংস করে দেওয়া হয়।
এক সময়ে সর্বোচ্চ ১০ জন প্লটিং রুমে কাজ করতেন। যাঁদের পরিবারের কেউ সেখানে কাজ করেছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করতে চান স্টুয়ার্ট। তাঁর আশা, তাতে যন্ত্রটি কীভাবে কাজ করত, তা আরও ভালভাবে বোঝা যাবে।
তিনি বলেন, “এ সম্পর্কে আমরা যা জানি, তার ভিত্তি একটি নির্দেশিকা আর মেঝেতে থেকে যাওয়া অস্পষ্ট চিহ্ন। কারও পরিবারের কোনও সদস্য ফ্যান বে-তে কাজ করে থাকলে, সে কথা আমি সত্যিই জানতে চাই। কারণ নথিপত্র খুবই কম।”
কম্পিউটারটি যাঁরা চালাতেন, তাঁদের মধ্যে মাত্র কয়েক জনের পরিচয় জানা গিয়েছে। তাঁদের একজন অভিনেতা ওয়ালাস ইটন। পরে টেলিভিশনের হাস্যরসাত্মক ধারাবাহিক ‘আপ পম্পেই’-তে ফ্র্যাঙ্কি হাওয়ার্ডের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। তাঁর চরিত্রের নাম ছিল সেনেটর লুডিক্রাস সেক্সটাস।
ডব্লিউ পি ব্রায়ান্ট নামে এক ল্যান্স বম্বার্ডিয়ারের নামও ফ্যান বে-র ‘প্লটার’ হিসেবে নথিভুক্ত রয়েছে। স্টুয়ার্ট বলেন, “তিনি পেশায় দর্জি ছিলেন। তাই সম্ভবত হিসাবনিকাশে তাঁর মাথা ভালই চলত।”
শুক্রবার থেকে ন্যাশনাল ট্রাস্টের গাইডের সঙ্গে প্লটিং রুম ঘুরে দেখা যাবে। মাঠের মধ্যে একটি ঢাকনা খুলে নামতে হবে সেখানে। স্টুয়ার্ট এবং তাঁর দল জায়গাটিকে যে অবস্থায় পেয়েছিলেন, সেভাবেই সংরক্ষণ করা হয়েছে।
সেখানে পড়ে থাকা নিদর্শনের মধ্যে রয়েছে মেঝেতে পাওয়া পুরনো খবরের কাগজ, পুরনো জুতো এবং সরকারি নোটিস। একটি সার্ভিস টানেলে চকে লেখা রয়েছে, “heroes fan hole Dodds and Petitt”। স্টুয়ার্টের ধারণা, ডডস এবং পেটিট সম্ভবত বাঙ্কারে কেবল বসানোর কাজে যুক্ত ছিলেন।
তিনি বলেন, “সম্ভবত তাঁরা নিজেরাই নিজেদের বীর বলে ঘোষণা করেছিলেন। অত্যন্ত অস্বস্তিকর সুড়ঙ্গ দিয়ে ভয়ানক মোটা কেবল টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তাঁদের।”
স্টুয়ার্ট বলেন, “এখানে যাঁরা কাজ করতেন, তাঁরা চলে যাওয়ার পর থেকে জায়গাটি এত সামান্য বদলেছে—এমন কোথাও দাঁড়ানোর অনুভূতিই আলাদা। অতীতকে নতুন করে সাজিয়ে তোলার বদলে আমরা যত্ন করে প্লটিং রুমটি সংরক্ষণ করেছি। ফলে আমরা যেভাবে এটি পেয়েছিলাম, দর্শনার্থীরাও প্রায় সেভাবেই জায়গাটির অভিজ্ঞতা নিতে পারবেন। এর ইতিহাসের সব চিহ্ন এখনও দৃশ্যমান। ডোভারের শ্বেতপাহাড়ের এক সম্পূর্ণ ভিন্ন দিক আবিষ্কারের এটি এক বিরল সুযোগ।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।