জুলাইয়ের শেষ থেকে অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি বরাবর চিনা সেনার সঙ্গে বারবার মুখোমুখি অবস্থানের মধ্যেই রাজ্যে নতুন সীমান্ত পরিকাঠামো নির্মাণের অনুমোদন দিয়েছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি। এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক এ কথা জানিয়েছেন।

এর আগে ফেব্রুয়ারিতে ভারত-চিন সীমান্ত সড়ক প্রকল্পের তৃতীয় পর্যায়, অর্থাৎ আইসিবিআর-৩ অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বা সিসিএস। আর এক সরকারি আধিকারিক জানান, এই প্রকল্পে অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ২৬টি রাস্তা তৈরি হবে। তবে কেন্দ্রীয় সরকার এখনও আনুষ্ঠানিকভাবে আইসিবিআর-৩ প্রকল্প ঘোষণা করেনি, কিংবা এই সংক্রান্ত তথ্যও প্রকাশ্যে আনেনি।

২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ানে সংঘর্ষের পর এই নিয়ে দ্বিতীয়বার চিন সীমান্তে গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামো প্রকল্পের অনুমোদন দেওয়া হল।

ভারত-চিন সীমান্ত সড়ক প্রকল্পের প্রথম পর্যায় শুরু হয়েছিল ২০০৫ সালে। তখন সিদ্ধান্ত হয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চিন সীমান্ত বরাবর অগ্রাধিকারের ভিত্তিতে মোট ৬০৮ কিলোমিটার দীর্ঘ ২৭টি রাস্তা তৈরি করবে।

প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে মোট ৬৮৩ কিলোমিটার দীর্ঘ ৩২টি রাস্তা তৈরির অনুমোদন দেওয়া হয় ২০২০ সালের ২১ সেপ্টেম্বর। তার কয়েক মাস আগেই পূর্ব লাদাখে চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।

সেপ্টেম্বর থেকে অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি ও কুরুং কুমে জেলার চিন সীমান্তবর্তী এলাকায় পথচারীদের চলাচলের জন্য ১৫টি ঝুলন্ত সেতু এবং গাছের গুঁড়ি দিয়ে তৈরি ১৮টি সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে আইটিবিপি।

নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজনের কয়েক দিনের মধ্যেই এই প্রকল্পের ছাড়পত্র দেওয়া হয়। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত ছিলেন। বৈঠকের পরে সরকারি বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের অপরিহার্য ভিত্তি হল সীমান্ত এলাকায় শান্তি ও সুস্থিতি। সীমান্ত সংক্রান্ত বিষয়ে প্রচলিত চুক্তি ও বোঝাপড়া দুই পক্ষেরই মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।

২০২০ সালের ডিসেম্বরে অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় মোট ৫৯৮.২৭ কিলোমিটার দীর্ঘ ১৮টি হাঁটাপথ নির্মাণের অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর মধ্যে ছিল পায়ে চলাচলের ঝুলন্ত সেতু, গাছের গুঁড়ির সেতু এবং যাত্রাপথে অস্থায়ী শিবিরও।

এ বছরের ২২ অক্টোবর আইটিবিপির প্রাক্তন ডিরেক্টর-জেনারেল শত্রুজিৎ কাপুর জানিয়েছিলেন, অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় চিনা সেনার সঙ্গে ‘মুখোমুখি অবস্থান এখনও চলছে’।

রাজস্থানের আলওয়ারে সেন্ট্রাল ট্রেনিং কলেজে ‘হিমবীর সম্মান সমারোহ’-এ বক্তব্য রাখতে গিয়ে কাপুর বলেন, “গত কয়েক দিনে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে অরুণাচলের একাধিক জায়গায় মুখোমুখি অবস্থান হয়েছে, এবং তা এখনও চলছে। আমাদের শৌর্য কমান্ডোরা এতে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছেন।”

কাপুরের বক্তব্যের ১ ঘণ্টা ১৩ মিনিটের ভিডিয়ো রেকর্ডিংটি পরে আইটিবিপির সরকারি ইউটিউব পেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই বক্তব্যে তিনি ড্রোন ও ড্রোন মোকাবিলার প্রযুক্তিতে বিনিয়োগ এবং তার উন্নয়নের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছিলেন। তাঁর পর্যবেক্ষণ ছিল, প্রচলিত পদ্ধতিতে চিনের মোকাবিলা করা সম্ভব না-ও হতে পারে, কারণ অস্ত্রশস্ত্র ও পরিকাঠামোর আধুনিকীকরণে তারা বিপুল বিনিয়োগ করেছে।

জুলাই থেকে ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে তিন দফা উচ্চপর্যায়ের আলোচনা হলেও অরুণাচল প্রদেশে উত্তেজনা অব্যাহত রয়েছে। ৬ অগস্ট ভারত-চিন সীমান্ত বিষয়ে পরামর্শ ও সমন্বয়ের কার্যকরী ব্যবস্থার—ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বা ডব্লিউএমসিসি—৩৬তম বৈঠক হয়।

এর পরে ২৬ অগস্ট বেজিংয়ে সীমান্ত প্রশ্নে দুই দেশের বিশেষ প্রতিনিধিদের ২৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

৬ সেপ্টেম্বর অরুণাচল প্রদেশের ভাচা-দামাই সীমান্ত কর্মী বৈঠকস্থলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পূর্বাঞ্চলীয় সেক্টরের প্রথম কোর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। এত দিন এই ধরনের বৈঠক মূলত পূর্ব লাদাখের চুশুল-মলডো সীমান্ত বৈঠকস্থলেই হয়ে এসেছে—বিশেষত ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর থেকে।