ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের বিরুদ্ধে সন্দেহভাজন এক পাকিস্তানি গোয়েন্দার কাছে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ এনেছে পুলিশ। অভিযোগ, তিনি যুদ্ধপরিকল্পনার নথি, ড্রোনের সক্ষমতা, সামরিক বাহিনী মোতায়েনের স্থান, প্রথম সারির যুদ্ধবিমানের গতিবিধি এবং স্পর্শকাতর সামরিক স্থাপনার সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান সংক্রান্ত তথ্য দিয়েছিলেন। পাঁচ মাস আগে গ্রেফতার হওয়া ওই অফিসারের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইনে মামলা হয়েছে।

দিল্লির একটি আদালতে দাখিল করা চার্জশিটে পুলিশ জানিয়েছে, এই ধরনের তথ্য প্রকাশের ফলে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদের নিরাপত্তা বিপন্ন হওয়ার, সামরিক অভিযানের দুর্বলতাগুলি প্রকাশ্যে আসার এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চার্জশিট অনুযায়ী, একটি গোপন ড্রোন ইউনিটের শক্তি ও সাংগঠনিক কাঠামো, তার অভিযান পরিচালনার সক্ষমতা, যুদ্ধের সময় সেটিকে মোতায়েনের জন্য নির্ধারিত স্থান এবং যুদ্ধবিমানের চলাচল সংক্রান্ত তথ্যও ওই সন্দেহভাজন পাকিস্তানি গোয়েন্দার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল।

পুলিশের দাবি, চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন উইং কমান্ডার। ১ এপ্রিল অফিসে স্মার্টফোন নিয়ে যাওয়ার সময় তাঁকে আটকিয়ে তল্লাশি করা হয়।

চার্জশিটে অভিযোগ করা হয়েছে, সন্দেহভাজন পাকিস্তানি গোয়েন্দার কাছ থেকে “একটি নগ্ন ছবি” পাওয়ার পরে ওই অফিসার “গোপন যুদ্ধপরিকল্পনার” একটি পাতা “আপলোড” করেন। এমনকি তিনি জানান, “প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার একটি করে নতুন পাতা দেবেন।”

চার্জশিটে আরও বলা হয়েছে, ওই অফিসার গোপন ড্রোন ইউনিটটির শক্তি ও সাংগঠনিক কাঠামো, ড্রোনের পরীক্ষামূলক কার্যক্রম, ওই অস্ত্রব্যবস্থা একটানা কতক্ষণ সক্রিয় থাকতে পারে এবং তার লক্ষ্য নির্ধারণের পদ্ধতি সম্পর্কে তথ্য দিয়েছিলেন।

পুলিশের বক্তব্য, সন্দেহভাজন গোয়েন্দা তাঁকে কিছু ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন পাঠিয়েছিলেন। সেগুলির মাধ্যমে অফিসারের যন্ত্রে সংরক্ষিত সংবেদনশীল তথ্য এবং সামরিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাঁর যোগাযোগের বিবরণে প্রবেশাধিকার পাওয়া সম্ভব হতে পারত।

পুলিশের অভিযোগ, ওই অফিসার “নিজের অধীনস্থ ইউনিটে কর্মরত পাঁচ জনের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির যন্ত্রে নির্দিষ্ট কিছু ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ইনস্টল করার কাজও সম্পন্ন করেন।”

চার্জশিটে আরও অভিযোগ করা হয়েছে, উইং কমান্ডার লেহ্‌তে যুদ্ধবিমান মোতায়েন এবং সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে একটি সামরিক মহড়া সংক্রান্ত তথ্যও ফাঁস করেছিলেন।

ওই অফিসার ও সন্দেহভাজন গোয়েন্দার মধ্যে যোগাযোগের পরিমাণও চার্জশিটে তুলে ধরেছে পুলিশ। সেখানে বলা হয়েছে, “হোয়াটসঅ্যাপের পিএমপি তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, তাঁদের মধ্যে মোট ৩,০০৮টি লিখিত বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন এবং ৬টি ওয়েব লিঙ্ক আদানপ্রদান হয়েছে। এ ছাড়া ৪২টি ভয়েস কল ও ৪টি ভিডিও কল হয়েছে।”