সামরিক পোশাকে নিজের ছবি প্রকাশ করে ফের অনুরাগীদের নজর কাড়লেন বিটিএসের ভি, যাঁর আসল নাম কিম তাইহিউং। ২০২৫ সালে বাধ্যতামূলক সেনাসেবা শেষ করার পরে এই প্রথম সংরক্ষিত বাহিনী বা রিজার্ভ ফোর্সের প্রশিক্ষণে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এক বছরেরও বেশি আগে সক্রিয় সামরিক পরিষেবা শেষ করেছেন ভি। তাই তাঁকে আবার সেনার পোশাকে দেখে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে এই পোশাকে তাঁর ফিরে আসার অর্থ নতুন করে সেনাবাহিনীতে যোগ দেওয়া নয়। দক্ষিণ কোরিয়ার রিজার্ভ ফোর্স ব্যবস্থার অধীনে প্রাক্তন সেনাসদস্য হিসেবে নির্ধারিত সামরিক দায়িত্ব পালন করতেই প্রশিক্ষণে গিয়েছিলেন তিনি।
দক্ষিণ কোরিয়ায় বাধ্যতামূলক সক্রিয় সেনাসেবা শেষ হলেই কোনও পুরুষের সমস্ত সামরিক দায়িত্ব শেষ হয়ে যায় না। যাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, তাঁদের সক্রিয় পরিষেবা থেকে অব্যাহতি পাওয়ার পরেও আট বছর দেশের সংরক্ষিত বাহিনীর সদস্য থাকতে হয়।
‘ইয়েবিগুন’ নামে পরিচিত এই ব্যবস্থায় প্রাক্তন সেনাসদস্যদের নির্দিষ্ট সময় অন্তর সামরিক প্রশিক্ষণ এবং প্রস্তুতিমূলক মহড়ায় যোগ দিতে হয়। কত দিন প্রশিক্ষণ নিতে হবে, তা নির্ভর করে তাঁরা সংরক্ষিত বাহিনীর কোন শ্রেণিতে রয়েছেন এবং অব্যাহতি পাওয়ার পরে কত বছর কেটেছে, তার উপরে। প্রশিক্ষিত সদস্যদের সামরিক দক্ষতা বজায় রাখা এবং জাতীয় জরুরি পরিস্থিতিতে তাঁদের সাড়া দেওয়ার উপযোগী করে রাখাই এই মহড়ার উদ্দেশ্য।
এই প্রশিক্ষণে থাকতে পারে গুলি চালানোর অনুশীলন, রণকৌশলের মহড়া, সামরিক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষা এবং জাতীয় প্রতিরক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য কার্যক্রম। প্রথম কয়েক বছরে প্রশিক্ষণের চাপ তুলনামূলক বেশি থাকে। আট বছরের নির্ধারিত মেয়াদ যত এগোয়, সেই দায়িত্ব ধীরে ধীরে কমতে থাকে।
দক্ষিণ কোরিয়ার সংরক্ষিত বাহিনী মূলত দু’টি ভাগে বিভক্ত। প্রথমটি ‘মোবিলাইজেশন রিজার্ভ ফোর্সেস’, স্থানীয় ভাষায় ‘ডংওন ইয়েবিগুন’। যুদ্ধ বা জাতীয় জরুরি পরিস্থিতিতে সক্রিয় সামরিক ইউনিটগুলিকে সাহায্য করার জন্য এই বাহিনীর সদস্যদের ডাকা হতে পারে। দ্বিতীয়টি ‘হোমল্যান্ড রিজার্ভ ফোর্সেস’ বা ‘হিয়াংতো ইয়েবিগুন’। এই বাহিনীর মূল কাজ স্থানীয় প্রতিরক্ষা এবং জনবসতি ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষা করা।
ভি-র সামরিক পোশাক এবং তাতে লাগানো বিশেষ প্রতীকগুলিও অনুরাগীদের নজর কেড়েছে।
সক্রিয় সেনাসেবার সময়ে তিনি স্পেশাল ডিউটি টিম বা এসডিটি-তে কাজ করেছেন। বিশেষ ধরনের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত এটি একটি অভিজাত ইউনিট। সেনাবাহিনীতে থাকাকালীন তিনি ‘স্পেশাল ওয়ারিয়র’ স্বীকৃতিও পান এবং সার্জেন্ট পদে থেকে নিজের পরিষেবা শেষ করেন।
অনুরাগীরা লক্ষ করেছেন, নতুন ছবিতে ভি-র পোশাকে তাঁর আগের এসডিটি-র দায়িত্বের সঙ্গে যুক্ত ব্যাজ রয়েছে বলে মনে হচ্ছে। তাঁর পোশাকে ‘এলিট ওয়ারিয়র’ প্রতীকও দেখা গিয়েছে। এই সব চিহ্ন তাঁর সেনাজীবন এবং সেই সময়ে অর্জিত সাফল্যের স্মৃতি ফিরিয়ে এনেছে।
তবে অব্যাহতির পরেও সামরিক দায়িত্ব পালন করতে হচ্ছে শুধু ভি-কেই, এমন নয়। ২০২৫ সালের জুনের মধ্যে বিটিএসের সাত সদস্যই নিজেদের নির্ধারিত সামরিক পরিষেবা সম্পূর্ণ করেন। কিন্তু পরবর্তী সময়ে সংরক্ষিত বাহিনীতে তাঁদের দায়িত্ব কী হবে, তা নির্ভর করছে কে কোন ধরনের পরিষেবা দিয়েছেন, তার উপরে।
জিন, জে-হোপ, আরএম, ভি, জিমিন এবং জাংকুক বাধ্যতামূলক সক্রিয় সেনাসেবা সম্পূর্ণ করেছেন। অন্য দিকে, সুগা বিকল্প সমাজসেবামূলক কাজে নিযুক্ত থেকে তাঁর নির্ধারিত দায়িত্ব পালন করেছেন। পরিষেবার শ্রেণিবিভাগ আলাদা হওয়ায় পরবর্তী সময়ে সংরক্ষিত বাহিনী ও অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থায় তাঁর দায়িত্বও অন্যদের থেকে আলাদা হতে পারে।
এর আগে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও খবরে ইঙ্গিত মিলেছিল, জিমিনও সংরক্ষিত বাহিনীর প্রশিক্ষণে যোগ দিয়েছেন। তবে ভি-র ইনস্টাগ্রাম পোস্টটি বিটিএস সদস্যদের নিজেদের প্রকাশ করা প্রথম দিকের আপডেটগুলির অন্যতম, যেখানে সরাসরি এই মহড়ায় অংশ নেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।
‘আরিরাং ওয়ার্ল্ড ট্যুর’-এর বিরতিতে বিটিএস সদস্যরা কী ভাবে পেশাগত ব্যস্ততার পাশাপাশি সামরিক দায়িত্বও সামলাচ্ছেন, ভি-র সাম্প্রতিক ছবিগুলি অনুরাগীদের তারই এক ঝলক দেখাল।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।