শেষ হল ঐতিহাসিক যাত্রিবাহী জাহাজ এসএস ইউনাইটেড স্টেটসের সমুদ্রযাত্রা। বুধবার আমেরিকার ফ্লরিডার ডেস্টিন উপকূলের অদূরে জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। সমুদ্রের তলায় কৃত্রিম রিফ হয়ে এবার তার নতুন জীবন শুরু হবে—সামুদ্রিক প্রাণীদের আশ্রয়স্থল হিসেবে।

আমেরিকায় তৈরি প্রায় এক হাজার ফুট দীর্ঘ জাহাজটি একসময় ছিল বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রিবাহী জাহাজ। ১৯৫২ সালে যাত্রা শুরু করে প্রথম সফরেই আটলান্টিক পেরোনোর গতির রেকর্ড গড়েছিল এসএস ইউনাইটেড স্টেটস। টানা ১৭ বছর হাজার হাজার যাত্রীকে আটলান্টিকের এপার থেকে ওপারে পৌঁছে দিয়েছে এই জাহাজ। ১৯৬৯ সালে সেটিকে অবসর দেওয়া হয়।

বুধবার আমেরিকার পূর্বাঞ্চলীয় সময় দুপুর প্রায় ২টো ৪০ মিনিটে জাহাজটিকে নির্ধারিত জায়গায় নিয়ে যাওয়া হয়। বিকেল ৫টার কিছু আগে শুরু হয় ডুবিয়ে দেওয়ার প্রক্রিয়া। তার আগে জাহাজের ভিতরের অংশ খালি করা হয়েছিল। জল ঢোকানোর জন্য খোলের গায়ে কাটা হয়েছিল একাধিক ছিদ্র, যাতে জাহাজটি কাত না হয়ে সোজা অবস্থায় সমুদ্রের তলায় বসতে পারে। পরের কয়েক ঘণ্টা ধরে ধীরে ধীরে জাহাজের ভিতরে জল ঢোকে। রাত প্রায় ১০টায় সেটি পুরোপুরি ডুবে মেক্সিকো উপসাগরের তলদেশে পৌঁছয়।

প্রায় ১৮০ ফুট গভীরে থাকবে জাহাজটি। উপরের ডেকগুলি থাকবে জলপৃষ্ঠের প্রায় ৫৫ ফুট নীচে। বিশ্বের বৃহত্তম কৃত্রিম রিফ হিসেবে জায়গাটি বিশ্বের নানা প্রান্তের ডুবুরিদের কাছে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বহু বছর ফিলাডেলফিয়ায় নোঙর করে পড়েছিল এসএস ইউনাইটেড স্টেটস। বিভিন্ন সময়ে তার মালিকেরা জাহাজটিকে বাঁচিয়ে রাখা এবং সংস্কারের চেষ্টা করেছেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের খরচও বেড়েছে, কঠিন হয়ে উঠেছে সংরক্ষণের কাজ। ২০২১ সালে বন্দর কর্তৃপক্ষ দৈনিক নোঙর করে থাকার মাশুল বাড়িয়ে ১,৭০০ ডলার করেন। সেই খরচ বহন করা আর সম্ভব হচ্ছিল না অলাভজনক সংস্থা এসএস ইউনাইটেড স্টেটস কনজারভ্যান্সির পক্ষে।

২০২৪ সালে ফ্লরিডার ওকালুসা কাউন্টি ১০ লক্ষ ডলারে জাহাজটি কিনে নেয়। পরিকল্পনা ছিল, সেটিকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম রিফে পরিণত করা। আধিকারিকদের আশা, এই কাঠামো রেড স্ন্যাপার, গ্রুপার, অ্যাম্বারজ্যাক, ম্যাকারেল ও টুনা-সহ নানা সামুদ্রিক মাছের নতুন আবাস হয়ে উঠবে।

জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার আগে কনজারভ্যান্সির প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা সুসান গিবস বলেছিলেন, “ওকে রিফে পরিণত করা হচ্ছে। ওর কাঠামো অক্ষত থাকবে এবং ও হয়ে উঠবে এক প্রাণবন্ত, নিরন্তর বদলে চলা সামুদ্রিক আবাসস্থল। এর সঙ্গে ডাঙায় তৈরি সংগ্রহশালা এবং দর্শনার্থীদের জন্য ইতিহাসকে অনুভব করার আয়োজন—সব মিলিয়ে অত্যন্ত মর্মস্পর্শী ভাবে ওর ইতিহাসকে সম্মান জানানো হবে।”

সুসানের ঠাকুরদা উইলিয়াম ফ্রান্সিস গিবসই এই জাহাজের নকশা তৈরি করেছিলেন। জাহাজটির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা বলতে গিয়ে সুসান বলেন, “জাহাজটিকে ঘিরে তাঁর যে টান ছিল, তাকে আমি একেবারে সর্বগ্রাসী নেশা বলব। তিনি মজা করে বলতেন, আমার ঠাকুমার চেয়ে এসএস ইউনাইটেড স্টেটসকে হাজার গুণ বেশি ভালবাসেন। জাহাজটি যখনই ইউরোপের উদ্দেশে রওনা দিত, তিনি বিদায় জানাতে যেতেন। আর ফিরে এলে তাকে স্বাগত জানাতে যাঁরা সবার আগে পৌঁছতেন, তাঁদের মধ্যেও থাকতেন তিনি।”