ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার রিয়াধের সর্বোচ্চ ভবন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে আঘাত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। সৌদি রাজধানীর কিং আবদুল্লা ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে এই ভবনেই সৌদি আরবের রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের দপ্তর। হতাহতের কোনও খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সৌদি আরবের অসামরিক প্রতিরক্ষা দপ্তর হুথি হামলার কথা নিশ্চিত করেছে। দপ্তর জানিয়েছে, রিয়াধের আর্থিক কেন্দ্রের একটি টাওয়ারে আঘাতের ফলে ভবনটির একাধিক তলা এবং আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আগে ভবনটি খালি করা হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।
রিয়াধের বাসিন্দারা জানিয়েছেন, হামলার সতর্কবার্তা পাওয়ার পর তাঁরা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এক প্রত্যক্ষদর্শী অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, বাইরে থেকেই পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারের ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতেও ভবনটির একাধিক তলায় ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়।
হামলার পরপরই হুথিরা এর দায় স্বীকার করেনি। তবে গত কয়েক সপ্তাহে রিয়াধ এবং শহরের এই আর্থিক জেলাকে নিশানা করার কথা তারা জানিয়েছিল। বিশ্বের কয়েকটি বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠানের দপ্তর রয়েছে এই এলাকায়।
চলতি সপ্তাহেই ইয়েমেনে হুথি-নিয়ন্ত্রিত এলাকায় বড় মাপের বিমানহামলা চালিয়েছে সৌদি আরব। দু’পক্ষের সংঘাত তীব্র হয়ে ওঠার মধ্যেই বৃহস্পতিবার রিয়াধে এই হামলা হল।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।