যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বেশিরভাগ অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী ধাপে ধাপে ভোট শেষ হওয়ার পর এখন চলছে গণনা। কেবল আলাস্কায় এখনও ভোটগ্রহণ চলছে। কানেকটিকাট, টেক্সাস, পেনসিলভানিয়া, নিউইয়র্ক, মিশিগানসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ভোট শেষে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে।
এবারের নির্বাচনে সবার নজর টেক্সাস, মিশিগান ও মেইন অঙ্গরাজ্যের দিকে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। গত ৩০ বছরে টেক্সাস থেকে কোনো ডেমোক্র্যাট সিনেটে যাননি। তবে এবার ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের সঙ্গে তীব্র লড়াই করছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। মিশিগানে ডেমোক্র্যাট আবদুল এল-সায়েদ এবং রিপাবলিকান মাইক রজার্সের লড়াইও মনোযোগ কেড়েছে। অন্যদিকে, মেইনে রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স তার আসন ধরে রাখতে ডেমোক্র্যাট প্রার্থী ট্রয় জ্যাকসনের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ৩৫টি আসনে ভোট হয়েছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে কংগ্রেসের দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকলেও ডেমোক্র্যাটরা অন্তত একটি কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে মরিয়া। ভোট গণনার শুরুতে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মার্ক ওয়ার্নারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে আলাস্কা, মেইন, মিশিগান ও টেক্সাসের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে অঙ্গরাজ্যভেদে ভোট গণনার পদ্ধতি আলাদা হওয়ায় চূড়ান্ত ফলাফল জানতে সময় লাগতে পারে। বিশেষ করে মেইন ও আলাস্কায় ডাকযোগে এবং আগাম ব্যালট গণনার কারণে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
এদিকে প্রযুক্তিগত ত্রুটি, আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণে বিঘ্ন ঘটেছে। ফ্লোরিডায় নিরাপত্তাব্যবস্থায় ত্রুটির কারণে ভোট শুরু হতে ২০ মিনিট দেরি হয়। নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়ায় প্রযুক্তিগত ও যন্ত্রপাতি স্থাপনের সমস্যায় ভোটের সময় বাড়ানো হয়েছে। এছাড়া নিউইয়র্কের ওয়েস্টচেস্টারে ভোট গণনার সফটওয়্যারে সমস্যা এবং অ্যারিজোনায় বিদ্যুৎ বিভ্রাটে একটি ভোটকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।