এনভিডিয়া (Nvidia)-র সিইও জেনসেন হুয়াং (Jensen Huang)-এর সঙ্গে কথিত সম্পর্ক এবং চিনা গোয়েন্দা সংস্থা ‘এমএসএস’ (Ministry of State Security)-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠায় রাতারাতি আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন অ্যালিস হুয়াং (Alice Huang)। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চিপ ব্যবসায় পা রাখার অনেক আগেই চিনের আর্থিক জগতে নিজের প্রভাব বিস্তার করেছিলেন তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানা গেছে, চিনা ফাইন্যান্সিয়ার ক্যান ওয়েই (Kang Wei)-এর সঙ্গে দীর্ঘ এক দশক ধরে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যবসায়িক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল অ্যালিসের।
চিনের হুনান প্রদেশের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া অ্যালিস হুয়াং চিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সিসিটিভি' (CCTV)-তে সাংবাদিক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে হংকং ব্যাঙ্ক ও সিটিআইসি সিকিউরিটিজে কাজ করার পর ২০১৫ সালে ক্যান ওয়েই প্রতিষ্ঠিত প্রাইভেট ইকুইটি ফার্ম 'হেক্সি ক্যাপিটাল'-এ যোগ দেন। চিনের আর্থিক বাজারে ক্যান ওয়েই ছিলেন এক বিতর্কিত ব্যক্তিত্ব, যিনি বাজার নিয়ন্ত্রক সংস্থার নিয়ম ভাঙার অপরাধে ২০১৮ ও ২০২৫ সালে দু'বার জরিমানা পান এবং শেয়ার বাজারে কারচুপির অভিযোগে গ্রেফতারও হন।
মার্কিন সরকার চিনে উচ্চ প্রযুক্তির এনভিডিয়া এআই চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করার পর অ্যালিস হুয়াং তাঁর নজর ঘোড়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে। সিঙ্গাপুরের সংস্থা 'মেগাস্পিড' (Megaspeed)-এর শীর্ষ পদে যোগ দিয়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ডাটা সেন্টারের মাধ্যমে চিনা সংস্থাকে এআই প্রসেসিং পাওয়ার দেওয়ার চুক্তি করতে শুরু করেন। এনভিডিয়ার জেনসেন হুয়াং সরাসরি উপস্থিত না থাকলেও, ২০২৩ সালে মেগাস্পিডের তরফ থেকে এনভিডিয়া ও চিনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার সঙ্গে একাধিক বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যালিস। এমনকি নিজের আসল পরিচয় আড়াল করতে তিনি নিজের পদবি ‘হুয়াং’ পরিবর্তন করে ‘ওয়াং’ (Wong) ব্যবহার করতে শুরু করেছিলেন বলে জানা গেছে।
সম্প্রতি সিঙ্গাপুর সরকার মেগাস্পিডের বিরুদ্ধে অবৈধ উপায়ে চিনে এনভিডিয়ার উন্নত চিপ পাচারের অভিযোগে ব্যাপক তদন্ত শুরু করেছে। এর পরেই সামনে এসেছে অ্যালিসের বিরুদ্ধে চিনা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ‘এমএসএস’-এর সঙ্গে সম্ভাব্য যোগাযোগের খবর। যদিও বেজিংয়ের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও কুৎসা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে গত অক্টোবর মাস থেকে সিঙ্গাপুরে তদন্ত শুরু হওয়ার পর থেকেই সর্বসমক্ষে আর দেখা যায়নি অ্যালিসকে। অনুমান করা হচ্ছে, তিনি ফের চিনে আত্মগোপন করেছেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।