২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অভিযানে মায়ানমারের নিরাপত্তাবাহিনী যে ব্যাপক হত্যাকাণ্ড ও যৌন নির্যাতন চালিয়েছিল, তা ছিল রাষ্ট্রের মদতে গণহত্যা। বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে এ কথা জানাল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)।
সাত বছর আগে মুসলিমপ্রধান দেশ গাম্বিয়া এই মামলা করেছিল। নাৎসি আমলের ইহুদি নিধনযজ্ঞের পর এই নিয়ে মাত্র চতুর্থবার কোনও আন্তর্জাতিক আদালত রায় দিল যে গণহত্যা প্রমাণের আইনি শর্তগুলি পূরণ হয়েছে। আর এই প্রথম বিশ্ব আদালত গণহত্যা চালানোর জন্য সরাসরি একটি রাষ্ট্রকে দায়ী করল।
‘হাজার হাজার অসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে মায়ানমারের বাহিনী’
রায় পাঠ করে আদালতের সভাপতি বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, মায়ানমারের বাহিনী হাজার হাজার অসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। রোহিঙ্গা নারীদের উপর ব্যাপক যৌন নির্যাতন চালিয়েছে, শিশুদের উপর চরম নৃশংসতা দেখিয়েছে। যাঁরা প্রাণ বাঁচাতে পালাচ্ছিলেন, তাঁদের উপরও হামলা চালিয়েছে।
বিচারপতিরা বলেন, “মায়ানমার ইউনিয়ন প্রজাতন্ত্র উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।”
বিচারপতিদের মতে, মায়ানমারের সেনাবাহিনী যাকে ‘সাফাই অভিযান’ বলেছিল, সেই অভিযানে রোহিঙ্গা পুরুষ ও বালকদের দলে দলে হত্যা করা হয়। রোহিঙ্গা নারীদের নির্বিচারে ধর্ষণ ও যৌন নির্যাতন করা হয়। শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া হয় কিংবা গুঁড়িয়ে দেওয়া হয়। সেনাবাহিনী নিজেও সক্রিয়ভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছিল বলে আদালত জানিয়েছে। এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ খুব কম ক্ষেত্রেই প্রমাণিত হয়। কারণ, কোনও জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল, তা প্রমাণ করতে হয়।
এই রায়ের প্রভাব মায়ানমারের সীমানা ছাড়িয়েও পড়তে পারে। ২০২৩ সালে গাজায় গণহত্যার অভিযোগে ইজরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা যে মামলা করেছে, সেখানেও এই রায় প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। মায়ানমার ও ইজরায়েল উভয়েই গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে। দুই দেশেরই বক্তব্য, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে তাদের বাহিনী আইন মেনেই পদক্ষেপ করেছিল।
গাম্বিয়ার পক্ষে এই রায় বড় আইনি জয়। যে সামরিক অভিযানে অন্তত সাত লক্ষ রোহিঙ্গা মুসলিম বৌদ্ধপ্রধান মায়ানমার ছাড়তে বাধ্য হয়েছিলেন, সেই অভিযানে গণহত্যার দায় মায়ানমারের বলে রায় দিল আদালত।
১৫ জন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, মায়ানমারের আচরণের একটিই যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায়। উত্তর রাখাইনের রোহিঙ্গাদের, অর্থাৎ আন্তর্জাতিক আইনে সুরক্ষিত ওই জনগোষ্ঠীর এক উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করাই ছিল উদ্দেশ্য। এর ফলে গণহত্যা প্রমাণের আইনি শর্ত পূরণ হয়েছে।
আদালত জানিয়েছে, এই অপরাধের জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মায়ানমার। ক্ষতিপূরণের অঙ্ক পরে নির্ধারিত হবে। মায়ানমারের বেআইনি কর্মকাণ্ডে যে রোহিঙ্গারা বাস্তুচ্যুত হয়েছেন, তাঁরা যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজেদের ভিটেয় ফিরতে পারেন এবং বিচ্ছিন্ন পরিবারগুলি যাতে আবার একত্র হতে পারে, তা নিশ্চিত করতেও মায়ানমারকে নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে তিনটি ঘটনায় আন্তর্জাতিক আদালত গণহত্যার স্বীকৃতি দিয়েছিল। সেগুলি হল ১৯৯৪ সালে রোয়ান্ডার হত্যাযজ্ঞ, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় হত্যাকাণ্ড এবং সত্তরের দশকের শেষ দিকে কম্বোডিয়ায় খেমার রুজের চালানো নিধনযজ্ঞ।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।