রাশিয়া চলতি বছরের মধ্যেই পরমাণু অস্ত্রবাহী একটি উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে বলে খবর উঠে এসেছে। জার্মান সরকার জানিয়েছে, তারা এই খবরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।
খবরটি সত্যি হলে মস্কো দুটি আন্তর্জাতিক চুক্তি ভাঙবে। একটি ১৯৬৭ সালের মহাকাশ চুক্তি (আউটার স্পেস ট্রিটি), রাশিয়া যাতে সই করেছে। অন্যটি ১৯৬৩ সালের আংশিক পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। এই দুই চুক্তি অনুযায়ী পৃথিবীর কক্ষপথে পরমাণু অস্ত্র রাখা এবং মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা করা নিষিদ্ধ।
খবরটি প্রকাশ করেছে জার্মানির কয়েকটি সংবাদমাধ্যম। তাদের দাবি, এটি পশ্চিমি গোয়েন্দা সংস্থাগুলির মূল্যায়নের উপর ভিত্তি করে লেখা। মহাকাশের সামরিকীকরণ নিয়ে সম্প্রতি উদ্বেগ বেড়েছে, আর তার মধ্যেই এই খবর এল। গত সেপ্টেম্বরে মার্কিন বায়ুসেনার সচিব ট্রয় মিঙ্ক প্রথম বার স্বীকার করেছিলেন যে আমেরিকা কক্ষপথে "মহাকাশ নিয়ন্ত্রণের অস্ত্র" মোতায়েন করেছে।
এই খবর প্রকাশ করেছে সম্প্রচার সংস্থা এনডিআর ও ডব্লিউডিআর এবং সংবাদপত্র জ্যুডডয়চে ৎসাইটুং। তাদের প্রতিবেদন অনুযায়ী, জার্মানির গোয়েন্দা সংস্থা বুন্ডেসনাখরিখটেনডিনস্ট (বিএনডি) এবং সেনাবাহিনী নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদানপ্রদান করেছে। সেই তথ্য বলছে, 'স্পুটনিক-এস' নামে রুশ উপগ্রহটি কয়েক বছর আগেই তৈরি হয়ে গিয়েছে এবং এখন মস্কো অঞ্চলে রাখা আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নভেম্বরের শুরুতে সতর্ক করা হয়েছিল যে ৬০ দিনের মধ্যে উপগ্রহটির উৎক্ষেপণ হতে পারে এবং তার অল্প দিনের মধ্যেই সেটি সক্রিয় হয়ে যাবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, "না, রিপোর্টটি আমরা দেখিনি। তবে তাতে এত 'কথিত' আর 'সম্ভাব্য' দাবি রয়েছে, যার উৎস কে কেউ জানে না, যে সেগুলিকে গুরুত্ব দেওয়ার কোনও মানেই হয় না।"
বার্লিনের রুশ দূতাবাস জানিয়েছে, এমন কোনও পরিকল্পনার কথা তাদের জানা নেই। দূতাবাসের মতে খবরটি "রুশ ফেডারেশনের মহাকাশ কার্যকলাপ নিয়ে ভিত্তিহীন অভিযোগ" এবং "একটি প্রচার অভিযানের অংশ"। দূতাবাসের দাবি, মস্কোর মহাকাশ কর্মসূচি চলে "আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে" এবং তার উদ্দেশ্য "সম্পূর্ণ শান্তিপূর্ণ"।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সোমবার বলেন, জোট সব সময় নিজেদের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, ন্যাটোর প্রতিটি ইঞ্চি জমি রক্ষা করার ব্যবস্থা আমরা সব সময় করব। মহাকাশের ক্ষেত্রেও আমরা যাতে সুরক্ষিত থাকি, সেটাও তার মধ্যে পড়ে।"
২০২৪ সালে কয়েক জন মার্কিন আধিকারিক দাবি করেছিলেন যে মস্কো এমন একটি অস্ত্র তৈরি করছে, যা মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে শত্রুপক্ষের উপগ্রহ ধ্বংস করতে পারবে। বিস্ফোরণ থেকে তৈরি হবে তড়িৎচুম্বকীয় স্পন্দন (ইএমপি), যা আশপাশের উপগ্রহের বৈদ্যুতিন ব্যবস্থা অকেজো করে দেবে। রাশিয়া সেই দাবি অস্বীকার করেছিল।
মার্কিন আধিকারিকদের অভিযোগ, রাশিয়া বহু বছর ধরে এমন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, যা গোটা উপগ্রহ নেটওয়ার্ক ধ্বংস করে দিতে পারে। উদাহরণ হিসেবে উঠে এসেছে স্পেসএক্স-এর বিশাল স্টারলিঙ্ক ইন্টারনেট ব্যবস্থার কথা, যা ইউক্রেনের সেনা ব্যবহার করছে।
রাশিয়া উপগ্রহ-ধ্বংসী অস্ত্র তৈরির চেষ্টা করছে, এই আশঙ্কা ইউরোপ ও আমেরিকায় কয়েক বছর ধরেই বাড়ছে। বিশেষজ্ঞদের ধারণা, সেই অস্ত্র সম্ভবত ইএমপি তরঙ্গ ব্যবহার করবে।
দু'বছর আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি জানিয়েছিলেন, রাশিয়া একটি "উদ্বেগজনক" উপগ্রহ-ধ্বংসী অস্ত্র তৈরি করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন সেই দাবি অস্বীকার করেন। কারবি বলেছিলেন, "আমরা এমন কোনও অস্ত্রের কথা বলছি না, যা মানুষের উপর হামলা চালাতে বা পৃথিবীতে সরাসরি ধ্বংসলীলা ঘটাতে পারে।"
২০২৪ সালে বাইডেন নিজেও সাংবাদিকদের বলেছিলেন, তাঁর বিশ্বাস রাশিয়া এমন একটি ব্যবস্থা মহাকাশে পাঠানোর "সক্ষমতা" তৈরি করছে, "যা তাত্ত্বিক ভাবে ক্ষতিকর কিছু ঘটাতে পারে… আমার আশা, তেমন কিছু হবে না।"
ইএমপি প্রাকৃতিক ভাবেও তৈরি হতে পারে। তবে পরমাণু বিস্ফোরণ যে বিদ্যুৎ পরিকাঠামো-সহ নানা বৈদ্যুতিন ব্যবস্থার ক্ষতি করতে পারে, তা বহু দিন ধরেই জানা। ষাটের দশকের গোড়ায় আমেরিকা ও রাশিয়া দু'দেশই অনেক উচ্চতায় পরমাণু পরীক্ষা চালিয়েছিল।
রাশিয়া মহাকাশে পরমাণু অস্ত্র রাখার পরিকল্পনা করছে কি না, তা নিয়ে আলোচনা ক্রমশ বাড়ছে। চলতি বছরের শুরুতে জার্মানির শীর্ষ সামরিক মহাকাশ কমান্ডার বলেছিলেন, রাশিয়া কক্ষপথে পরমাণু ওয়ারহেড বসানোর প্রযুক্তি নিয়ে কাজ করছে, এমন সম্ভাবনা তিনি উড়িয়ে দিতে পারছেন না। তাঁর সতর্কবার্তা ছিল, এমন পদক্ষেপ উপগ্রহ পরিষেবা অচল করে দিতে পারে এবং কক্ষপথের কিছু অংশ কয়েক দশকের জন্য ব্যবহারের অযোগ্য করে তুলতে পারে।
পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে জার্মান স্পেস কমান্ডের প্রধান মেজর জেনারেল মাইকেল ট্রাউট বলেছিলেন, "উত্তেজনা যদি একেবারে চরমে পৌঁছয়, তা হলে সন্দেহ রয়েছে যে রাশিয়া কক্ষপথে পরমাণু বিস্ফোরক বসানোর প্রযুক্তি নিয়ে কাজ করছে।" এটা বাস্তবে সম্ভব কি না, জানতে চাওয়া হলে ট্রাউট বলেন, "আমি তা উড়িয়ে দিতে পারি না।" তিনি আরও বলেন, মহাকাশে একটি পরমাণু বিস্ফোরণ নিম্ন কক্ষপথের (লো আর্থ অরবিট) প্রায় এক-তৃতীয়াংশ উপগ্রহের ক্ষতি করতে পারে, আর তার ফল ভুগতে হবে গোটা বিশ্বকে।
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার উচ্চাকাঙ্ক্ষা ২০২২ সালে নতুন করে নজরে আসে। সে বছর রাশিয়া 'কসমস ২৫৫৩' নামে একটি পরীক্ষামূলক উপগ্রহ উৎক্ষেপণ করে। মার্কিন ও গোয়েন্দা সূত্রের ইঙ্গিত ছিল, মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের আগে এটি একটি মহড়া হতে পারে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।