২০২৪ সালের অক্টোবরের শেষ দিকের কথা। রাশিয়ার দখলে থাকা দোনেৎস্ক অঞ্চলে একটি সামরিক সদর দফতর পাহারা দিতেন সার্জেন্ট আলেক্সেই বলগভ। সেখান থেকে ফোনে স্ত্রী নাতালিয়াকে তিনি বলেছিলেন, "এখানে যা চলছে, ভয়ঙ্কর। ফিরে গিয়ে সব বলব।"
তাঁর আর বাড়ি ফেরা হয়নি। পাঁচ সপ্তাহ পরে, ২৯ বছরে পা দেওয়ার কিছু দিনের মধ্যেই, স্তেপোভে গ্রামের কাছে নিজের ইউনিটের কম্যান্ড পোস্ট থেকে প্রায় ৩০০ মিটার হেঁটে জঙ্গলে ঢুকে যান বলগভ। সেখানে নিজেকে গুলি করেন তিনি। গার্ডিয়ানের হাতে আসা তাঁর কম্যান্ডারের লিখিত বিবরণে এমনটাই জানানো হয়েছে।
কম্যান্ডার লিখেছেন, "মৃত্যুর দিন বলগভ নিজেকে গুটিয়ে রেখেছিলেন।"
ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে হাজারেরও বেশি রুশ সেনার মৃত্যু আত্মহত্যা হিসেবে নথিভুক্ত হয়েছে। বলগভ তাঁদেরই একজন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের গোপন তথ্য বিশ্লেষণ করে এই হিসেব পেয়েছে গার্ডিয়ান।
ইউক্রেনে বা তার কাছাকাছি আরও ৮৮৫ জন সেনার মৃত্যুর কারণ লেখা হয়েছে "অনির্ধারিত অভিপ্রায়ে" আগ্নেয়াস্ত্রের আঘাত। বিশেষজ্ঞদের মতে, এই শ্রেণির আড়ালে আত্মহত্যা চাপা পড়ে যেতে পারে। গার্ডিয়ান নিজে খোঁজ নিয়ে বেশ কয়েকটি মৃত্যুকে আত্মহত্যা বলে চিহ্নিত করেছে। সেগুলির ক্ষেত্রেও নথিতে এই শ্রেণিই ব্যবহার করা হয়েছে।
দুটো হিসেব মিলিয়ে আত্মহত্যায় মৃতের সংখ্যা মোটামুটি একটা গোটা রুশ রেজিমেন্টের সমান।
বিশ্লেষকদের মতে, এই তথ্যে আত্মহত্যার সংখ্যা প্রায় নিশ্চিত ভাবেই প্রকৃত সংখ্যার চেয়ে কম। তবু এর আগে প্রকাশ্যে না আসা এই তথ্য থেকে রুশ সেনাবাহিনীর উপর চাপের একটা বিরল আভাস মেলে। যুদ্ধ প্রায় পাঁচ বছরে পড়তে চলেছে, আর বিপুল ক্ষয়ক্ষতি ও কঠোর শৃঙ্খলা সেনাদের মনোবল ক্ষইয়ে দিয়েছে।
প্রায় সব যুদ্ধেই সেনারা আত্মহত্যা করেন। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানে দেখা গিয়েছিল, ২০২৩ সালে অন্তত ১৫৮ জন কর্মরত মার্কিন সেনা আত্মহত্যা করেছেন।
কিন্তু সামরিক বিশ্লেষকেরা বলছেন, রুশ সেনাবাহিনীতে সমস্যাটা আরও গুরুতর। সেখানে সহযোদ্ধা ও কম্যান্ডারদের তীব্র চাপ থাকে, অত্যন্ত বিপজ্জনক অভিযানে পাঠানোর আতঙ্কও থাকে। তার উপর সেনাদের এমন চুক্তিতে সই করানো হয়, যাতে যুদ্ধ থেকে বেরোনোর কার্যত কোনও পথ থাকে না। এতে হতাশা আরও বাড়ে।
ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রব লি বলেছেন, "সেনাদের সামনে এগোতে বাধ্য করার জন্য রুশ বাহিনী যে প্রচুর জোরজবরদস্তি করে, তা স্পষ্ট। কিছু ক্ষেত্রে তারা সেনাদের উপর নির্যাতন চালায়, অত্যাচার করে, নানা রকম শারীরিক নিগ্রহ করে।" তাঁর সংযোজন, "কাজেই কিছু জওয়ান যে আত্মহত্যা করছেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।"
পরিসংখ্যানগুলি এসেছে ১ কোটি ১০ লক্ষেরও বেশি মৃত্যু-শংসাপত্রের এক বিশাল ভান্ডার থেকে। সেটি হাতে পেয়েছে দুটি হ্যাকার গোষ্ঠী: বেলারুশের বিরোধী শিবির-ঘনিষ্ঠ সাইবার পার্টিজ়ানস এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রো।
ক্রেমলিন সেনাবাহিনীতে আত্মহত্যার কোনও তথ্য প্রকাশ করে না। হতাহতের সংখ্যাকেও রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে দেখা হয়।
গার্ডিয়ান সামরিক কর্মীদের ১,০৮৭টি আত্মহত্যা চিহ্নিত করেছে। তার অন্তত ৬১৪টি ঘটেছে ইউক্রেনের দখলীকৃত এলাকায় বা ইউক্রেন-সীমান্তবর্তী রুশ অঞ্চলে, প্রধানত বেলগোরোদ ও ব্রিয়ানস্কে। আরও ১১৩টি নথিতে মৃত্যুর স্থান লেখা নেই।
অর্ধেকেরও বেশি আত্মহত্যায় আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে, বিশেষ করে ফ্রন্টলাইনের কাছাকাছি। মৃত্যুগুলি ঘটেছে সামরিক শিবিরে, যুদ্ধের অবস্থানে, প্রশিক্ষণক্ষেত্রে, এমনকি নিজেদের বাড়িতেও।
যুদ্ধাঞ্চলে যাঁরা আত্মহত্যা করেছেন, তাঁদের মধ্যে ৪৩ জনের বয়স ছিল মাত্র ১৮ বা ১৯।
এই হিসেবে আরও ১০৮ জন পুরুষ রয়েছেন, যাঁদের বয়স ২৫-এর কম। তাঁরা ফ্রন্ট থেকে দূরে, রাশিয়ার অন্য জায়গায় আত্মহত্যা করেছেন। এঁদের কেউ কেউ সম্ভবত কনস্ক্রিপ্ট, অর্থাৎ বাধ্যতামূলক সামরিক পরিষেবায় ডাক পাওয়া তরুণ। নিয়ম অনুযায়ী কনস্ক্রিপ্টদের ইউক্রেনে লড়তে পাঠানো হয় না। কিন্তু প্রায়ই তাঁদের চাপ দিয়ে এমন চুক্তিতে সই করানো হয়, যার পরে তাঁদের যুদ্ধক্ষেত্রে পাঠানো যায়।
যুদ্ধ যত গড়িয়েছে, নথিভুক্ত সামরিক আত্মহত্যার সংখ্যাও তত বেড়েছে। ২০২২ সালে সংখ্যাটা ছিল ৫০-এর বেশি, ২০২৪-এ ২০০-র বেশি। ২০২৫ সালে তা সর্বোচ্চ ৩৬৫-তে পৌঁছয়। রাশিয়ার মোট মৃতের সংখ্যাও একই ভাবে বেড়েছে। ২০২৬ সালের নথি এখনও অসম্পূর্ণ, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা থেকে পিছিয়েও আছে। তা সত্ত্বেও ডেটাবেসে এ বছর ইতিমধ্যেই প্রায় ৩০০টি আত্মহত্যা নথিভুক্ত হয়েছে। এখনও পর্যন্ত যুদ্ধের কোনও বছরে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা।
রুশ পলাতক সেনাদের নিয়ে কাজ করা সমাজকর্মী ও আইনজীবীরা মনে করেন, আসল সংখ্যা আরও বেশি।
রুশ সেনাদের পালাতে সাহায্য করে 'ইদিতে লেসম' নামে একটি গোষ্ঠী। তার মুখপাত্র ইভান চুভিলিয়ায়েভ বলেছেন, "আমি বলব এটা কম করে ধরা হিসেব। সংখ্যাটা যে অনেক বেশি, তা স্পষ্ট।"
তাঁর কথায়, ফ্রন্টলাইন যেন "একটা টিনের কৌটো", যেখান থেকে খুব সামান্য খবরই বাইরে আসে। "রসস্ট্যাটের যে কোনও পরিসংখ্যান, যুদ্ধ নিয়ে যে কোনও পরিসংখ্যানের মতোই, আসলে নিচের স্তর থেকে উপরে পাঠানো রিপোর্ট মাত্র।
"একজন মানুষ আত্মহত্যা করলেন, অথচ কাগজে-কলমে তিনি বীর। তাঁর বাবা-মায়ের কাছে হয়তো একটা পদকও পাঠিয়ে দেওয়া হল," বলেছেন চুভিলিয়ায়েভ।
তিনি আরও জানান, আধিকারিকদের সঠিক হিসেব রাখায় তেমন আগ্রহ নেই। কারণ চেন অব কম্যান্ডের উপরের স্তরে ওই পরিসংখ্যান খুঁটিয়ে দেখা হবে।
চুভিলিয়ায়েভ ও লি দু'জনেই আরও একটি বিষয়ে একমত। যুদ্ধক্ষেত্রে অনেক রুশ সেনা নিজের প্রাণ নিয়েছেন, প্রায়ই আহত হওয়ার পরে কিংবা ইউক্রেনীয় ড্রোন এগিয়ে আসার মুহূর্তে। তাঁদের মতে, এমন মৃত্যুর বেশির ভাগ সম্ভবত আত্মহত্যা হিসেবে নয়, যুদ্ধে নিহত হিসেবে নথিভুক্ত হয়েছে। ফ্রন্ট থেকে আসা অসংখ্য মর্মান্তিক ভিডিয়োয় এমন ঘটনা ধরা পড়েছে।
রসস্ট্যাটের তথ্যেই এই ফাঁকগুলো চোখে পড়ে।
সের্গেই সাভেনক ছিলেন ইরকুৎস্ক অঞ্চলের ৬২ বছর বয়সি লেফটেন্যান্ট কর্নেল। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি স্বেচ্ছায় যুদ্ধে যোগ দেন। ফ্রন্টে রওনা হওয়ার আগের একটি ভিডিয়ো ক্লিপে দেখা যায়, তিনি স্থানীয় কমিউনিটি সেন্টারের মঞ্চে উঠে সঙ্গে যাওয়া লোকেদের উদ্দেশে কথা বলছেন। "আমি নিজে দনবাসের লোক। চলো, শালাদের গুঁড়িয়ে দিই, ভাইসব! ব্যস, আর কিছু বলার নেই!" তাঁর চিৎকারের পরে হাততালিতে ফেটে পড়েছিল হল।
২০২৩ সালের জুলাইয়ে দখলীকৃত লুহানস্ক অঞ্চলে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। আধিকারিকেরা তাঁর স্ত্রী ইয়েলেনাকে জানিয়েছিলেন, এটা আত্মহত্যা। অথচ রসস্ট্যাটের নথিতে আত্মহত্যার তালিকায় তাঁর নাম নেই।
বরং তাঁর জন্মতারিখের সঙ্গে মিলে যায় এমন একটি শংসাপত্র পাওয়া গিয়েছে। তাতে মৃত্যুর কারণ লেখা: হাতে-ধরা আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোটায় আঘাত, অভিপ্রায় অনির্ধারিত।
মৃত্যুর কারণ হিসেবে এমন কথা লেখা আছে, এমন ১,০৩৮টি সামরিক মৃত্যু চিহ্নিত করতে পেরেছে গার্ডিয়ান। এর মধ্যে ৮৮৫টি ঘটেছে ইউক্রেনে বা রাশিয়ার কোনও সীমান্তবর্তী অঞ্চলে।
আলেক্সান্দর লাজোরের নামও আত্মহত্যার তালিকায় নেই। ২১ বছরের এই প্রাইভেট ২০২২ সালের গ্রীষ্মে দোনেৎস্ক অঞ্চলের সোলোদকে গ্রামের কাছে মারা যান।
তাঁর পরিবারকে বলা হয়েছিল, তিনি যুদ্ধে নিহত হয়েছেন। রসস্ট্যাটের তথ্যেও তাঁর মৃত্যুর কারণ লেখা "আগ্নেয়াস্ত্রের কারণে যুদ্ধকালীন আঘাত"।
কিন্তু লাজোরের সঙ্গে লড়েছেন এমন দুই সেনা গার্ডিয়ানকে অন্য কথা বলেছেন। তাঁদের ইউনিটের সদস্যদের জানানো হয়েছিল, লাজোর আত্মহত্যা করেছেন।
ওই দুই সেনার একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, "আমাদের গোটা ইউনিটকে বলা হয়েছিল, ও আত্মহত্যা করেছে। হয়তো ওরা ব্যাপারটা চাপা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে আমাদের ইউনিটের বদনাম না হয়।" সহযোদ্ধার মৃত্যু কেন সরকারি ভাবে আত্মহত্যা হিসেবে নথিভুক্ত হল না, সে বিষয়ে এটা তাঁর অনুমান।
চাপের মুখে থাকা এক সেনাবাহিনীর নানা লক্ষণের মধ্যে আত্মহত্যা একটি মাত্র।
২০২৫ সালের মে মাসের শেষ পর্যন্ত রুশ সামরিক আদালতে ২০,৬৬২ জনের বিরুদ্ধে মামলা উঠেছে। অভিযোগ, তাঁরা সামরিক দায়িত্ব পালন করতে অস্বীকার করেছেন। এর বেশির ভাগ মামলাই বিনা অনুমতিতে কাজ থেকে অনুপস্থিত থাকার (AWOL)। আইস্টোরিজ় এই তথ্য যাচাই করেছে। তারা দেখেছে, রুশ সশস্ত্র বাহিনীর অন্তত ৪৯,০০০ সদস্যকে পলাতক বা AWOL ঘোষণা করা হয়েছে।
চুভিলিয়ায়েভ জানান, 'ইদিতে লেসম' যে সেনাদের পালাতে সাহায্য করেছে, তাঁদের মধ্যে আত্মহত্যার চিন্তা খুবই সাধারণ ছিল।
তাঁর কথায়, "অবশ্যই সে চিন্তা আসে। একজন মানুষ যখন বুঝতে পারেন তিনি কোথায় এসে পড়েছেন, তার পরের স্টপেজই তো এটা।"
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।