পোল্যান্ডের কমিউনিস্ট শাসকদের কঠোর দমনপীড়নের মুখে দাঁড়িয়ে শ্রমিকের অধিকারের দাবিতে সলিডারিটি ট্রেড ইউনিয়নের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন লেচ ওয়ালেসা। সেই জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পান। তারপর চার দশকেরও বেশি সময় কেটে গিয়েছে।
ওয়ালেসা কমিউনিস্ট-পরবর্তী পোল্যান্ডের প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। কোন মার্কিন প্রেসিডেন্ট এই পুরস্কারের ন্যায্য দাবিদার ছিলেন, সে বিষয়ে তাঁর মনে কোনও দ্বিধা নেই।
তাঁর পছন্দের মানুষটি দু'বার নির্বাচিত হয়েছিলেন, কেলেঙ্কারিতে জর্জরিত হয়েছিলেন, আর এখন তাঁর বয়স আশি। হোয়াইট হাউসের সেই বাসিন্দা এই পুরস্কারের যোগ্য প্রাপক হতেন। ২৭ দফার মার্কিন বক্তৃতা-সফরের শেষ পর্বে ওয়াশিংটনে শ্রোতাদের সামনে এ কথা বললেন ১৯৮৩ সালের এই নোবেলজয়ী।
তবে তিনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছিলেন না। নোবেলের জন্য ট্রাম্পের মরিয়া চেষ্টা এখন এক দীর্ঘ মনস্তাত্ত্বিক নাটকে পরিণত হয়েছে। নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী বেছে নেয় নরওয়ের নোবেল কমিটি। ট্রাম্পের অভিযোগ, তাঁর দাবিকে উপেক্ষা করা হয়েছে, আর সেই কারণে সম্প্রতি তিনি নরওয়েকে "শিটহাউস কান্ট্রি", অর্থাৎ নর্দমার দেশ বলে গাল দিয়েছেন।
ওয়ালেসার বয়স এখন ৮৪, তবু তিনি দিব্যি চনমনে। তাঁর মতে, পুরস্কারটি পাওয়া উচিত ছিল বিল ক্লিন্টনের। নব্বইয়ের দশকে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) পূর্ব দিকে বিস্তৃত হয়, আর পোল্যান্ডের মতো প্রাক্তন কমিউনিস্ট দেশগুলি তার সদস্য হয়। সেই সম্প্রসারণে সম্মতি দিয়েছিলেন ক্লিন্টন।
ওয়ালেসা বক্তৃতা দিচ্ছিলেন আমেরিকান ইউনিভার্সিটির স্কুল অব ইন্টারন্যাশনাল সার্ভিসে। এই মঞ্চে আগে বক্তৃতা দিয়ে গিয়েছেন নোবেলজয়ী দুই প্রাক্তন প্রেসিডেন্ট, জিমি কার্টার ও বারাক ওবামা। ওয়ালেসা বলেন, "আমার মাথায় তখন মাত্র দুটো লক্ষ্য ছিল। এক, কমিউনিজ়মের অবসান ঘটানো। দুই, সোভিয়েতের কবল থেকে মুক্ত হওয়া।"
শ্রোতাদের অধিকাংশই ছিলেন প্রবীণ শিক্ষাবিদ, আর ছিল এমন ছাত্রছাত্রী যাদের স্নায়ুযুদ্ধের শেষ পর্বের সেই উথালপাথাল মনে থাকার কথা নয়। সেই উথালপাথালই ওয়ালেসাকে আন্তর্জাতিক খ্যাতির শিখরে তুলেছিল, আর তারই জেরে পোল্যান্ডে জারি হয়েছিল সামরিক আইন। স্মৃতিচারণ করে তিনি বললেন, "সলিডারিটিকে সঙ্গে নিয়ে কমিউনিস্টগুলোর সঙ্গে লড়াইটা আমি জিতেছিলাম। কিন্তু যুদ্ধটা জিতেছিলেন আপনাদের প্রেসিডেন্ট ক্লিন্টন। উনি আমাদের ন্যাটোয় যোগ দেওয়ার সবুজ সঙ্কেত না দিলে আমরা সব হারাতাম। আজ ইউক্রেনের যে দশা, আমাদেরও তা-ই হত।"
ওয়ালেসা আরও বলেন, ১৯৮৯ সালে মস্কোর একদা-মিত্র পূর্ব ইউরোপীয় দেশগুলিতে কমিউনিস্ট শাসনের পতন ঘটে। সেই জয়কে পোল্যান্ড "সুরক্ষিত রাখতে" পেরেছে ক্লিন্টনের অবদানেই।
সেই সময়ের সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ পরের বছর নোবেল পান। ওই শাসনগুলির পতনে সাহায্য করে তিনি স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়েছিলেন। কিন্তু ওয়ালেসার মতে, গর্বাচেভ পুরস্কার পেয়েছিলেন "হারার জন্য"। ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর গর্বাচেভ সোভিয়েত প্রেসিডেন্টের পদ ছাড়েন। পরদিনই আনুষ্ঠানিক ভাবে বিলুপ্ত হয় সোভিয়েত ইউনিয়ন।
"আসলে জয়ী ছিলেন ক্লিন্টন, আর সে জন্য ওঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। আমি নোবেল পেলাম জেতার জন্য, গর্বাচেভ পেলেন হারার জন্য। আর ক্লিন্টন কোনও পুরস্কারই পেলেন না। তা হলেই বুঝুন, দুনিয়াটা কতখানি অন্যায্য।"
ওয়ালেসার বিখ্যাত হ্যান্ডেলবার গোঁফ এখন বয়সের ভারে সাদা। ঘণ্টাখানেকের বক্তৃতায় তিনি একবারও ট্রাম্পের নাম করেননি। তবে রসিকতা করে বলেছেন, এ মাসের মধ্যবর্তী নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা অটুট থাকলে তিনি আমেরিকাতেই থেকে যেতেন এবং "একটা আমেরিকান সলিডারিটি গড়ে তুলতেন"। বাস্তবে অবশ্য ভোটাররা ট্রাম্পের রিপাবলিকান সঙ্গীদের দ্ব্যর্থহীন ভাবে প্রত্যাখ্যান করেছেন।
তিনি আমেরিকাকে আবার বিশ্বে গণতন্ত্রের নেতৃত্ব দেওয়ার ভূমিকায় ফেরার আহ্বান জানান।
তিনি বলেন, "বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্যও আমেরিকার আছে, দায়িত্বও আছে। গোটা বিশ্বের দায়িত্ব আপনাদের নিতে হবে, তার সামনে যত রকম বিপদ আছে সেগুলোরও।
"আমেরিকার কাজ শুধু উৎসাহ দেওয়া আর সমাধানের দিকে ইঙ্গিত করা। বাকিটা বিশ্বের দেশগুলির ব্যাপার। কিন্তু কাউকে তো সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আমেরিকা নিজের দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিলে আজ আপনাদের দেশে এত সমস্যা থাকত না।"
ওয়ালেসা পরে এসেছিলেন লাল রঙে সলিডারিটির লোগো আঁকা একটি শার্ট। তিনি জানান, কমিউনিজ়মের প্রতি তাঁর বিতৃষ্ণা এতটুকু কমেনি। তাঁর কথায়, এই বিতৃষ্ণার জন্ম দশ বছর বয়সে। প্রতিবেশীদের সঙ্গে বাবা-মায়ের কথাবার্তা তিনি তখন আড়ি পেতে শুনেছিলেন।
"আমি কয়েকটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম," তিনি বলেন। "সবাই কমিউনিজ়মকে ঘৃণা করে। সবাই সোভিয়েত ইউনিয়নকে ঘৃণা করে। তাই দশ বছরের আমি ঠিক করলাম, কমিউনিস্টদের উৎখাত করতে যা যা করা সম্ভব, সব করব।"
কমিউনিস্ট ভাবধারার প্রতি সহানুভূতিশীল তরুণ প্রজন্মকে নিয়ে তিনি নিজের বিরক্তি লুকোননি।
তিনি বলেন, "অর্থনীতির দুটো বড় ব্যবস্থা আছে, পুঁজিবাদ আর কমিউনিজ়ম। আর কমিউনিজ়মকেই বেশি ভাল বলে মনে হয়, তবে শুধু তত্ত্বের দিক থেকে।
"সারা দুনিয়ার বহু তরুণের সঙ্গে আমার দেখা হয়। প্রায়ই দেখি, ওদের বেশির ভাগই কমিউনিস্ট অর্থনীতির পক্ষে।
"আমি ওদের জিজ্ঞেস করি, 'কোন চুলোর জিনিসকে সমর্থন করছ তোমরা?' ওরা উত্তর দেয়, 'ওকে বুমার [অর্থাৎ আমি], যাও, কমিউনিস্ট অর্থনীতির কর্মসূচিগুলো পড়ে দেখো। বেকারত্ব নেই... ন্যায় থাকবে, সততা থাকবে। আর তুমি কিনা অসৎ প্রতিযোগিতার পুঁজিবাদ চালাতে বলছ। ওসব আমরা চাই না।'
"আমি বলি, 'ওহে আমার পুঁচকে রাজনীতিকেরা, এমন একটা দেশ দেখাও যেখানে কমিউনিস্ট অর্থনীতি সত্যিই কাজ করেছে। একটা উদাহরণও নেই। কাজেই এ পথ ছাড়ো, কারণ পুঁজিবাদী অর্থনীতিই আমাদের ভবিতব্য।'"
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।