কপ-৩১-এ মূল চুক্তিতে পৌঁছনো যায়নি। আন্তর্জাতিক জলবায়ু কূটনীতির বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মতে, এই ব্যর্থতাই দেখিয়ে দিল রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি বদলানো কতটা জরুরি।

তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে আন্তালিয়ায় এই আলোচনা বসেছিল। সেখানে একটি সুদূরপ্রসারী চুক্তি হওয়ার কথা ছিল। আশা ছিল, তাতে বিশ্ব জুড়ে জলবায়ু রক্ষার দাবি নতুন করে গতি পাবে, আর সঙ্কটের মুখে থাকা দেশগুলিও সাহায্য পাবে।

কিন্তু সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া যায় কেবল ঐকমত্যের ভিত্তিতে। দেশগুলি নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পূর্ণাঙ্গ অধিবেশনে এসে থমকে গেল ‘আন্তালিয়া চুক্তি’। মূল সিদ্ধান্তপত্রের চূড়ান্ত খসড়া দেখে বহু দেশ ক্ষুব্ধ হয়। তাদের অভিযোগ, খসড়াটি জলবায়ু সঙ্কটের গুরুত্বের সঙ্গে মানানসই নয়। এমনকি তাতে ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দটিও নেই। এই বাদ পড়াকে তেল-উৎপাদক দেশগুলিকে তুষ্ট করার চেষ্টা বলেই দেখা হয়েছে।

আমেরিকার প্রাক্তন উপরাষ্ট্রপতি ও জলবায়ু আন্দোলনকর্মী আল গোর কপ-৩১-এর ব্যর্থতাকে ক্ষোভজনক বলেছেন। তাঁর মতে, বড় ধরনের সংস্কার দরকার। তাঁর কথায়, “বিশ্বনেতারা আর ন্যূনতম সাধারণ বোঝাপড়ায় সন্তুষ্ট থাকতে চান না। তাঁরা চান জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায্য রূপান্তর বাস্তবায়িত হোক, তার জন্য অর্থের জোগান আসুক। কপ প্রক্রিয়ার যে বড় ধরনের সংস্কার দরকার, তা বেশ কয়েক বছর ধরেই স্পষ্ট।”

গোরের মতে, বেশির ভাগ দেশ আন্তালিয়ায় এসেছিল ‘সৎ উদ্দেশ্যে’, এগিয়ে যাওয়ার জন্য। এখন “সময় এসেছে সেই নেতাদের হাত শক্ত করার। দরকার নতুন প্রাণশক্তিতে ভরা এমন এক বহুপাক্ষিক প্রক্রিয়া, যা সাম্প্রতিকতম বিজ্ঞানকে মেনে চলবে এবং বিশ্বের সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার প্রতিফলন ঘটাবে।”

চুক্তি ভেস্তে যাওয়ার কিছু ক্ষণ পরেই কপ-৩১-এর অন্যতম সভাপতি, অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন বলেন, “মূল সমস্যা হল, কপ যখন তৈরি হয়েছিল, তখন একে কেবল ঐকমত্য-নির্ভর করা হয়েছিল। কেন তা করা হয়েছিল, আমি বুঝি। কিন্তু ঐকমত্যের নিয়ম বদলাতেও যখন ঐকমত্য লাগে, তখন কাজটা খুবই কঠিন। এটা একটা বিশেষ সমস্যা।” তিনি জানান, কাজের গতি বাড়ানোর জন্য কপ-৩১-এ কিছু সংস্কার আনার চেষ্টাও হয়েছিল।

রাষ্ট্রপুঞ্জের জলবায়ু বিষয়ক শীর্ষ কর্তা সাইমন স্টিল অবশ্য ঐকমত্যের পদ্ধতির পক্ষেই সওয়াল করেছেন। তাঁর যুক্তি, ২০১৫ সালের প্যারিস চুক্তি এই পদ্ধতিতেই সফল হয়েছিল। সেই চুক্তির জেরে চলতি শতকের শেষে বিশ্ব উষ্ণায়নের আনুমানিক মাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ২.৬ ডিগ্রিতে নেমেছে। তবে আলোচনা শেষ হওয়ার মুখে তিনিও মেনে নেন, আন্তালিয়ায় ঐকমত্যের ব্যবস্থা প্রত্যাশা পূরণ করতে পারেনি।

স্টিল জানান, রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সনদের মধ্যেই তিনি একটি পর্যালোচনা প্রক্রিয়ার পক্ষে সওয়াল করছেন। তার লক্ষ্য হবে ‘সম্ভাব্য সংস্কারের ক্ষেত্রগুলি’ নিয়ে বাইরের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া।

পটসড্যাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের অধিকর্তা ইয়োহান রকস্ট্রমের মতে, “যে প্রতিশ্রুতি ও অঙ্গীকার আমরা কখনও রাখি না”, কপ-কে তা নিয়ে দর কষাকষি থেকে বেরিয়ে আসতে হবে। বরং জোর দিতে হবে দেওয়া প্রতিশ্রুতির জবাবদিহি ও তার রূপায়ণে।

স্বেচ্ছাসেবী সংগঠন শিফটিং অ্যাডভোকেসি-র সহ-প্রতিষ্ঠাতা টোবিয়াস হোলের মতে, কপ-৩১ এবং তার আগের ব্যর্থতাগুলি “দেখিয়ে দিচ্ছে যে এই প্রক্রিয়া আর উদ্দেশ্য পূরণের উপযুক্ত নয়”। তাঁর কথায়, “অধিকাংশের রাজনৈতিক সদিচ্ছা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত জিতে যায় অগ্রগতি আটকে রাখা মুষ্টিমেয় কয়েকটি দেশ। কারণ, এই প্রক্রিয়ার নিয়ম ও সিদ্ধান্ত নেওয়ার কাঠামো বার বার ন্যূনতম সাধারণ বোঝাপড়াকেই উচ্চাকাঙ্ক্ষার মাপকাঠি ঠিক করে দিতে দেয়। আমাদের এমন কাঠামোগত সংস্কার দরকার, যা জলবায়ু-ন্যায় নিশ্চিত করবে।”

আলোচনা চলাকালীনই পানামা কপ-এর দুই সভাপতিকে একটি খোলা চিঠি দেয়। তাতে জানানো হয়, কোন কোন বিষয়ে দর কষাকষিতে তারা আপস করবে না। তার একটি হল, ঐকমত্যের বদলে সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে সিদ্ধান্ত নেওয়ার পথ খুলতে হবে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ম্যাট ম্যাকডোনাল্ড নিজে আলোচনায় উপস্থিত ছিলেন। তাঁর মতে, “কপ-৩১-এর উত্তরাধিকার হয়তো এটাই হবে যে জলবায়ু আলোচনায় ঐকমত্য-নির্ভর পদ্ধতির সীমাবদ্ধতা স্বীকৃত হবে, আর জলবায়ু রক্ষার কাজের বিকল্প মঞ্চ গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, ২০১৫ সালে প্যারিস চুক্তি যখন হয়েছিল, তার তুলনায় আজ “পৃথিবীটা বদলে গিয়েছে”। এর ফলে “এই ধরনের ঐকমত্য-নির্ভর বহুপাক্ষিকতার ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠছে।”

কপ-৩১-এর আনুষ্ঠানিক সমাপ্তির কথা ছিল শুক্রবার সন্ধ্যায়। তা গড়িয়ে শেষ হয় রবিবার গভীর রাতে। ফলে এটিই এখনও পর্যন্ত দীর্ঘতম জলবায়ু সম্মেলন। বহু হিসাব অনুযায়ী এটি বৃহত্তমও বটে।

ইউরোপীয় ইউনিয়ন গোষ্ঠীর দেশগুলি-সহ পানামা, বেলিজ, ভানুয়াটু, ব্রিটেন, মার্শাল আইল্যান্ডস ও নরওয়ে মূল সিদ্ধান্তপত্রে আনুষ্ঠানিক আপত্তি জানায়। ফলে চুক্তিটি পাশ করানো যায়নি। কেউ কেউ অবশ্য এই পরিণতিকে ইতিবাচক ভাবেই দেখছেন। তাঁদের মতে, এটা সচেতন ভাবে সরে আসার সিদ্ধান্ত। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন জলবায়ু প্রধান ক্রিস্টিয়ানা ফিগেরেস একে বলেছেন ‘সাহসের পরিচয়’।

চিন, ভারত এবং বহু উন্নয়নশীল দেশ খসড়ায় আনুষ্ঠানিক আপত্তি জানায়নি। পরে তারা চুক্তি ভেস্তে যাওয়ায় হতাশা প্রকাশ করে। খসড়া মেনে নিয়েছিল ঘানার প্রতিনিধিদল। তারা পূর্ণাঙ্গ অধিবেশনে বলে, “আফ্রিকা সব সময় বহুপাক্ষিকতাকে গড়ে তোলার পথই বেছে নিয়েছে, তা থেকে সরে যাওয়ার পথ নয়।”

তবে ভারতের সেন্টার ফর স্টাডি অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড পলিসি নামের গবেষণা প্রতিষ্ঠানের প্রধান গবেষক-বিজ্ঞানী ইন্দু কে মূর্তি ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছেন, কপ প্রক্রিয়া এখনও অপরিহার্য। তাঁর কথায়, “ঐকমত্য আর বহুপাক্ষিকতার গুরুত্ব আজও আছে, হয়তো আগের চেয়েও বেশি। সংখ্যাগরিষ্ঠের ভোটে একটা সিদ্ধান্ত পাশ করানো যায়, কিন্তু অনিচ্ছুক কোনও দেশকে দিয়ে নিঃসরণ কমানো যায় না। আর যে দেশগুলি বার বার ভোটে হারবে, তারা সোজা বেরিয়ে যাবে।

“যে নিয়ম প্রতিটি দেশের কণ্ঠস্বরকে রক্ষা করে, তা সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী এবং সবচেয়ে বিপন্ন দেশগুলিকেও রক্ষা করে। কপ-এর দরকার দ্রুত রূপায়ণ আর জবাবদিহি। ভোটের নিয়ম নিয়ে লড়াই নয়, কারণ সেই নিয়ম বদলাতেও তো ঐকমত্যই লাগবে।”