গাজ়ার কুড়ি জন ছাত্রছাত্রী বৃত্তি নিয়ে পড়াশোনা করতে আয়ারল্যান্ডে যাচ্ছেন। এর আগে ভিসার জন্য তাঁদের দীর্ঘ লড়াই করতে হয়েছে। সেই লড়াইয়ে প্যালেস্টাইনিদের পাশে দাঁড়ানো দেশ হিসেবে আইরিশ সরকারের ভাবমূর্তিতেও বড়সড় দাগ লেগেছে।

সোমবার কড়া ইজ়রায়েলি নজরদারির মধ্যে দলটির গাজ়া ছাড়ার কথা। জর্ডন হয়ে তাঁরা ডাবলিনে পৌঁছবেন এবং আইরিশ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হবেন। আগামী মাসে আরও একটি দলের যাওয়ার কথা।

গাজ়ার ষাটেরও বেশি পড়ুয়া আয়ারল্যান্ডে বৃত্তি পেয়েছিলেন, কিন্তু আইরিশ বিচার দফতর তাঁদের ভিসা দিতে অস্বীকার করে। সেই সিদ্ধান্ত বদলাতে চার মাস ধরে আন্দোলন চলেছে, তার পরেই এই উদ্ধার সম্ভব হল।

ওই সিদ্ধান্তে বিরোধী রাজনীতিক ও অন্য সমালোচকেরা ক্ষুব্ধ হন। তাঁদের অভিযোগ ছিল, প্যালেস্টাইনিদের প্রতি আয়ারল্যান্ডের দীর্ঘ সংহতির ঐতিহ্যের সঙ্গে দফতর বিশ্বাসঘাতকতা করেছে।

ডাবলিন হাই কোর্ট বিচার দফতরকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দেয়, তার পরে গত সপ্তাহে সরকার পিছু হটে। বিচারমন্ত্রী জিম ও'ক্যালাহান ৪৮টি ভিসা মঞ্জুর করেছেন। প্রথম দলটির মঙ্গলবার পৌঁছনোর কথা, বাকিরা আসবেন ডিসেম্বরের শেষে।

ছাব্বিশ বছরের আমির আলারির ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়বেন। গাজ়া ছাড়ার আগের সন্ধ্যায় ইমেলে তিনি লিখেছেন, "অনুভূতিগুলো এমন মিশে আছে যে এখনও পুরোপুরি বলে বোঝাতে পারছি না। মাসের পর মাস অপেক্ষা আর লড়াইয়ের পরে এই মুহূর্তটা এসেছে, তাই আশা আছে, স্বস্তিও আছে। কিন্তু পরিবারকে গাজ়ায় রেখে যাচ্ছি। আমার ২৮ জন সহপাঠীর হাতেও একই ভিসা, চোখে একই স্বপ্ন, অথচ তাঁরা এখনও এখানে অপেক্ষা করছেন। এমন অবস্থায় পুরোপুরি আনন্দ পাওয়া কঠিন।"

পড়ুয়ারা গ্রীষ্মেই আয়ারল্যান্ডে যাবেন বলে আশা করেছিলেন। আইরিশ বিশ্ববিদ্যালয়গুলির দেওয়া প্রয়োজনীয় নথিও তাঁদের হাতে ছিল। কিন্তু জুলাইয়ে বিচার দফতর ভিসার আবেদন খারিজ করে দেয়। আলারিরের কথায়, "প্রত্যাখ্যানটা আমাদের খুব বড় আঘাত দিয়েছিল।"

দফতর ব্যাঙ্ক স্টেটমেন্ট, দেশে ফেরার অভিপ্রায়ের প্রমাণ-সহ নানা নথি চেয়ে পাঠায়। সঙ্গে জানায়, আপিল করতে হলে ডাকযোগে করতে হবে, কারণ যাচাই ও খুঁটিয়ে দেখা অভিবাসন ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ।

পড়ুয়াদের বক্তব্য ছিল, এমন নথি আগে কখনও চাওয়া হয়নি, আর গাজ়ার ব্যাঙ্ক ও ডাক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। লেবার পার্টির নেত্রী ও আইনপ্রণেতা ইভানা ব্যাসিক অভিযোগ করেন, অভিবাসন নীতি যখন ক্রমশ কড়া হচ্ছে, সেই সময়ে দফতর "অজুহাতসর্বস্ব কারণ" দেখাচ্ছে।

এই আন্দোলনের নেতৃত্বে যাঁরা ছিলেন, আলারির তাঁদের একজন। গাজ়া থেকে চালানো এই আন্দোলনের পাশে আয়ারল্যান্ডে দাঁড়িয়েছিলেন বিক্ষোভকারীরা। একটি পিটিশন জমা পড়েছিল, আর একটি খোলা চিঠিতে সই করেছিলেন অভিনেতা, লেখক ও শিল্পীরা। তাঁদের মধ্যে ছিলেন হোজ়িয়ার, নিকোলা কফলান এবং র‍্যাপ দল নিক্যাপ। আলারির বলেন, "বিদ্যুৎহীনতা আর বারবার ঘরছাড়া হওয়ার মধ্যে গাজ়া থেকে আন্দোলন চালানো সহজ ছিল না। কিন্তু জানতাম, চুপ করে থাকলে আমাদের কথা সবাই ভুলে যাবে।"

অক্টোবরে হাই কোর্ট রায় দেয় যে কুড়ি বছরের শায়মা আবুদালুর ভিসা প্রত্যাখ্যানে "উল্লেখযোগ্য ও স্পষ্ট ভুল" হয়েছে। শায়মা ইউনিভার্সিটি কলেজ কর্কে ইঞ্জিনিয়ারিং পড়ার বৃত্তি পেয়েছিলেন, আর একই ধরনের মামলাগুলির মধ্যে তাঁর মামলাটিই ছিল প্রধান। গত সপ্তাহে ৪৮টি ভিসা মঞ্জুরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হাই কোর্টের এক বিচারপতি। তাঁর মতে, এতে "বিরাট অগ্রগতি" হয়েছে।

পড়ুয়াদের মধ্যে একটি নৃত্যদলের পাঁচ সদস্যও রয়েছেন। তাঁরা ইউনিভার্সিটি অব লিমেরিকের আইরিশ ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব মিউজ়িক অ্যান্ড ডান্সে ভর্তির সুযোগ পেয়েছেন।

আলারির গাজ়ার আল-আজ়হার বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছেন। তিনি জানান, গাজ়ায় ইজ়রায়েলের হামলায় তাঁর বাড়ি ধ্বংস হয়েছে, পরিবারকে একাধিকবার ঘর ছাড়তে হয়েছে। "সবচেয়ে কঠিন অভিজ্ঞতা ছিল দুর্ভিক্ষ। তখন এক কিলো আটাও জোগাড় করতে পারতাম না।" সাম্প্রতিক বন্যার জেরে ত্রাণের কাজও ব্যাহত হয়েছে।

তাঁর বৃত্তিতে পরিবার গর্বিত, তবে বিদায় নেওয়াটা কঠিন হবে বলে জানালেন আলারির। "অবশেষে এই সুযোগ পেয়েছি বলে ওঁরা খুশি। কিন্তু এত কিছু একসঙ্গে পেরিয়ে আসার পরে ওঁদের ছেড়ে যাওয়াটা ভীষণ কষ্টের।"

ডাবলিনে সফটওয়্যার ও উদ্ভাবন নিয়ে পড়াশোনা শেষ করে আলারির আল-আজ়হার বিশ্ববিদ্যালয়ে ফিরতে চান, সেখানে একটি সাইবার নিরাপত্তা বিভাগ গড়ে তুলতে চান। তাঁর কথায়, "আমি প্যালেস্টাইনি ইঞ্জিনিয়ার ও গবেষকদের এমন একটা প্রজন্ম তৈরি করতে চাই, যারা আমাদের ডিজিটাল ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে পারবে। গাজ়া আবার গড়ে উঠবে। আর তার ব্যবস্থাগুলোকে নিরাপদ ভাবে গড়ে তুলতে হবে তার নিজের মানুষদেরই।"