মার্কিন শেয়ারবাজারে লেনদেনের প্রথম দিনেই অ্যানথ্রপিকের শেয়ার এক সময়ে ৩৪ শতাংশ চড়ে ১১১ ডলার ৫০ সেন্টে পৌঁছেছিল। দিনের শেষে সেই দর কিছুটা নেমে দাঁড়ায় ৯৭ ডলারের সামান্য বেশি। তবু বৃহস্পতিবার বাজার বন্ধের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাটির শেয়ারের দাম ছিল আইপিওর দামের চেয়ে প্রায় ১৭ শতাংশ বেশি। আইপিওতে শেয়ারপিছু দাম ধার্য হয়েছিল ৮৩ ডলার।

দিনের শেষে অ্যানথ্রপিকের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ লক্ষ ৩০ হাজার কোটি ডলার। ভবিষ্যতে শেয়ারে রূপান্তরিত হতে পারে এমন সমস্ত অধিকারও হিসাবে ধরলে সেই মূল্য ১ লক্ষ ৭৫ হাজার কোটি ডলার। লেনদেনের গোড়ায় শেয়ারের দাম যখন তুঙ্গে, তখন এই দ্বিতীয় হিসাবে সংস্থার মূল্যায়ন ২ লক্ষ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছিল। ২০২১ সালে প্রতিষ্ঠিত অ্যানথ্রপিক প্রথম দিনেই বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত সংস্থাগুলির সারিতে উঠে এল।

বুধবার রাতে অ্যানথ্রপিক জানিয়েছিল, চাহিদার মুখে আইপিওর আকার বাড়িয়ে তারা ইস্যুর দায়িত্বে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলির কাছে ৯৮ কোটি শেয়ার বিক্রি করেছে। তাতে উঠেছে ৮,১৩০ কোটি ডলার। এর আগে রেকর্ড ছিল স্পেসএক্সের। জুনে আইপিওর প্রাথমিক পর্যায়ে তারা তুলেছিল ৭,৫০০ কোটি ডলার।

বৃহস্পতিবার নাসডাকের উদ্বোধনী ঘণ্টা বাজান অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই। তাঁর কথায়, “আজ সংস্থার আর্থিক ভিত আরও মজবুত হল। যা করা উচিত, তা করার সংকল্পও এতে আরও দৃঢ় হল।”

অ্যানথ্রপিকের এই অভিষেকের দিনেও অবশ্য মার্কিন শেয়ারবাজার শেষ বেলায় পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবসায় অস্থিরতা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ যে এত বড় আইপিওতেও পুরোপুরি কাটেনি, বাজারের পতন তারই ইঙ্গিত হতে পারে। অধিকাংশ বড় চিপ নির্মাতা সংস্থার শেয়ার সকালে যে দরে লেনদেন শুরু করেছিল, দিনের শেষে তার নীচে নেমে যায়। সর্বশেষ আর্থিক ফল প্রকাশের পর এনভিডিয়ার শেয়ারের দর এই নিয়ে টানা ছ’দিন পড়ল। মাইক্রন ও ব্রডকমের শেয়ারের দামও কমেছে।

অত্যাধুনিক এআই মডেল তৈরির গবেষণায় অগ্রণী সংস্থাগুলির মধ্যে অ্যানথ্রপিকই প্রথম শেয়ারবাজারে এল। কয়েক লক্ষ কোটি ডলারের এআই বিনিয়োগের জোয়ার কতটা জোরালো, তার আঁচ পাওয়া যাবে এই শেয়ারের গতিপ্রকৃতি থেকে। সে কারণেই ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী থেকে শুরু করে গোটা বিশ্বের প্রযুক্তি শিল্পের নজর এখন অ্যানথ্রপিকের দিকে।

ইয়র্কভিল আইভসের বিশ্লেষকদের কথায়, এই প্রথম বাজারে এমন একটি সংস্থার শেয়ার কেনাবেচা হচ্ছে যার গোটা ব্যবসাই এআইকে ঘিরে। তার সঙ্গে “বিজ্ঞাপনের ব্যবসা বা রকেটের ব্যবসা জড়িয়ে নেই”। বিনিয়োগকারীদের উদ্দেশে এক নোটে তাঁরা লিখেছেন, “স্বল্পমেয়াদে অ্যানথ্রপিকের আইপিও প্রযুক্তি শিল্পের বড় জয়। এআই বিপ্লব ঘিরে ব্যবসা বাড়ার যে প্রত্যাশা, তাতে এখনও ভাটা পড়েনি—বিনিয়োগকারীদের সেই আস্থা কিছুটা ফেরাতে পারে এই আইপিও।”

অক্টোবরের শেষে জমা দেওয়া আইপিওর প্রসপেক্টাস বলছে, প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই অ্যানথ্রপিকের আয় দ্রুত বেড়েছে। কোনও কোনও বছরে বৃদ্ধির হার ১,০০০ শতাংশও ছাড়িয়েছে। গোটা ২০২৫ সালে সংস্থার আয় ছিল ৪৬০ কোটি ডলার। ২০২৬ সালের প্রথম ছ’মাসেই তা দাঁড়িয়েছে ১,৬২০ কোটি ডলার।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা নিয়োস্টেলারের অন্যতম কর্তা ইভান শ্লসম্যান বলেন, “আয় যে হারে বেড়েছে, তা অবিশ্বাস্য। আইপিওর আগে বিনিয়োগকারীদের যে প্রশ্ন ছিল, বাজারে আসার পরেও তাঁদের নজর সেদিকেই থাকবে—এর পর বৃদ্ধির ওই হার কোথায় গিয়ে দাঁড়ায়?”

আয় যেমন বেড়েছে, অ্যানথ্রপিকের লোকসানের অঙ্কও বিপুল। ২০২৬ সালের প্রথম ছ’মাসে সংস্থা ৮,০০০ কোটি ডলার লোকসান দেখিয়েছে। অবশ্য এর বড় অংশের কারণ ছিল এককালীন একটি খরচ। বছরের প্রথম ন’মাসে মোট লোকসান বেড়ে দাঁড়ায় ১০,৪০০ কোটি ডলারে।

অ্যানথ্রপিকের নিজেরই অনুমান, কম্পিউটিং ক্ষমতা বাড়াতে গিয়ে আগামী দিনে খরচ আরও বাড়বে। ডেটা সেন্টারে সারি সারি সেমিকন্ডাক্টর চিপ যে বিপুল গণনাশক্তি জোগায়, শিল্পের পরিভাষায় তাকেই বলা হয় ‘কম্পিউট’। এই শক্তিতেই চলে জেনারেটিভ এআই। অ্যানথ্রপিকের খরচের সবচেয়ে বড় খাতও এটিই। ২০২৬ সালের প্রথম ন’মাসে শুধু এই খাতেই খরচ হয়েছে প্রায় ১,৮৮০ কোটি ডলার।

প্রসপেক্টাসে সংস্থার কর্তারা লিখেছেন, অত্যাধুনিক এআই মডেল তৈরির জন্য বিপুল গণনাশক্তি, মূলধন ও দক্ষ কর্মী প্রয়োজন। বড় মাপের একটি মডেলকে প্রশিক্ষণ দেওয়ার কাজ কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও চলতে পারে। এক দফা প্রশিক্ষণেই খরচ হতে পারে বহু লক্ষ ডলার।

নিজেদের তৈরি এআই মডেল কী কী ভাবে মানবসমাজের বিপদ ডেকে আনতে পারে, তা-ও বিশদে জানিয়েছে অ্যানথ্রপিক। জৈব অস্ত্র তৈরি থেকে শুরু করে বিভিন্ন দেশে দমনপীড়ন আরও কঠোর করা—এমন নানা কাজে এই প্রযুক্তির অপব্যবহার হতে পারে। এআই সংস্থাগুলি যথেষ্ট দায়িত্ববোধের সঙ্গে এই প্রযুক্তি তৈরি করছে কি না, তা নিয়ে কর্মীরা উদ্বেগ প্রকাশ করার পর আমোদেই সবচেয়ে উন্নত মডেলগুলি তৈরির গতি কমানোর ডাক দিয়েছেন।

মার্কিন শেয়ারবাজারে আসার দৌড়ে ওপেনএআই-সহ প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলেছে অ্যানথ্রপিক। তবে এমন এক সময়ে এই আইপিও এল, যখন এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক কেলেঙ্কারির আর কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে প্রযুক্তি শিল্পে অনিশ্চয়তা রয়েছে। ওই ঘটনার জেরে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন।

শ্লসম্যানের কথায়, বাজারে এখন “প্রচণ্ড অস্থিরতা”। বিনিয়োগকারীরা দেখতে চাইবেন, অ্যানথ্রপিক কত দিন ব্যবসা বৃদ্ধির এই গতি ধরে রাখতে পারে। এআই শিল্পে শেষ পর্যন্ত সংস্থাটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সে দিকেও তাঁদের নজর থাকবে। অ্যানথ্রপিকের ব্যবসার প্রধান ভরসা বিভিন্ন সংস্থা ও কর্পোরেট গ্রাহক। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে তাদের কোড লেখার এআই টুল ‘ক্লড কোড’।