মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সহ-প্রতিষ্ঠিত একটি অর্থদাতা সংগঠনের সঙ্গে ফ্লাভিও বলসোনারোর নির্বাচনী প্রচারশিবিরের কথিত যোগাযোগের তদন্তের নির্দেশ দিলেন ব্রাজিলের সুপ্রিম কোর্টের এক বিচারপতি। রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই যোগাযোগ গড়ে উঠেছিল বলে অভিযোগ। মঙ্গলবার তদন্তের নির্দেশ দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের বিচারপতি ফ্লাভিও দিনো ব্রাজিলের ফেডারেল পুলিশকে নির্দেশ দিয়েছেন, নির্বাচনী লড়াইয়ে ফ্লাভিও বলসোনারোকে সাহায্য করা বা তাঁর প্রচারে অর্থ জোগানোর উদ্দেশ্যে ‘রকব্রিজ নেটওয়ার্ক’-এর সঙ্গে ব্রাজিলের কোনও সংস্থা কিংবা রাজনৈতিক কর্মীর যোগাযোগ হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল রকব্রিজ নেটওয়ার্ক।
ব্রাজিলের আইনে কোনও রাজনৈতিক প্রার্থীর পক্ষে বিদেশি উৎস থেকে অর্থ কিংবা নির্বাচনী প্রচারের জন্য অন্য কোনও ধরনের সাহায্য গ্রহণ করা অপরাধ।
নির্দেশে বিচারপতি দিনো লিখেছেন, তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে, “বাস্তবেই কোনও সম্পদ—লোকবলসহ—পরিষেবা কিংবা অর্থমূল্যে পরিমাপযোগ্য অন্য কোনও সুবিধা দেওয়া হয়েছিল কি না।” পাশাপাশি, সেই সাহায্যের উৎস ও গন্তব্য এবং নির্বাচনী প্রচারে তা ব্যবহার করা হয়ে থাকলে তার বিবরণও চিহ্নিত করতে হবে।
এ ধরনের কোনও যোগাযোগের কথা অস্বীকার করেছে রকব্রিজ। তবে মাত্র এক বছর আগেও সংগঠনটির অর্থদাতাদের সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন ভ্যান্স। মঙ্গলবার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে তাঁর দপ্তর।
প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে নির্বাচনে পরাজিত ফ্লাভিও বলসোনারো মঙ্গলবার সুপ্রিম কোর্টের অন্য একটি নির্দেশ অমান্য করে ব্রাজিল ছেড়ে আমেরিকায় পালিয়ে গিয়েছেন বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। বিষয়টি সম্পর্কে অবহিত তিন ব্যক্তি সংবাদপত্রটিকে এ কথা জানিয়েছেন। আমেরিকার বিদেশ দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকও সংবাদপত্রটিকে জানিয়েছেন, বলসোনারো ও তাঁর পরিবারকে আমেরিকায় থাকার ভিসা দেওয়া হবে।
নির্বাচনের আগেই ব্রাজিলে রকব্রিজের কথিত তৎপরতা নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন বলসোনারোর রাজনৈতিক প্রতিপক্ষেরা। লুলার ওয়ার্কার্স পার্টি সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছিল। অন্য দিকে, প্রেসিডেন্ট পদপ্রার্থী রেনান সান্তোস বিষয়টি নিয়ে দেশের সর্বোচ্চ নির্বাচনী আদালতের দ্বারস্থ হন।
নির্বাচনের প্রথম দফাতেই ছিটকে যাওয়া সান্তোসের অভিযোগ, রকব্রিজের প্রতিনিধি বলে পরিচয় দেওয়া কয়েকজন ব্রাজিলীয় নাগরিক বলসোনারোর প্রচারশিবিরের কর্মকর্তাদের সঙ্গে আমেরিকার সাহায্য জোগাড় করা নিয়ে আলোচনা করেছিলেন।
ওই কথাবার্তা সম্পর্কে প্রত্যক্ষভাবে অবহিত এক ব্যক্তির দাবি, প্রতিনিধিরা সান্তোসের কাছেও নির্বাচনী প্রচারে সাহায্যের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। ব্যক্তিগত আলোচনার বিবরণ প্রকাশ করার জন্য নাম গোপন রাখার শর্তে সংবাদপত্রটির সঙ্গে কথা বলেন তিনি।
রকব্রিজ নেটওয়ার্কের বক্তব্য, যে ব্রাজিলীয় নাগরিকেরা নিজেদের সংগঠনটির প্রতিনিধি বলে পরিচয় দিয়েছিলেন, তাঁদের সঙ্গে রকব্রিজের কোনও সম্পর্ক নেই।
মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, “ওই ব্রাজিলীয় নাগরিকেরা রকব্রিজের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে মিথ্যা দাবি করেছেন। রকব্রিজের অজ্ঞাতে এবং সম্মতি ছাড়াই তাঁরা এমন নথি তৈরি করেছেন, যাতে রকব্রিজের প্রতিনিধিত্ব করার দাবি করা হয়েছে অথবা সংগঠনটির নাম উল্লেখ করা হয়েছে।”
কয়েকশো কোটি ডলারের কথিত প্রতারণাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা এক ব্যাঙ্কারের সঙ্গে সম্পর্কের কারণে আগেই তদন্তের আওতায় ছিলেন বলসোনারো। ব্রাজিলের বাজি ব্যবসার সঙ্গে যুক্ত অর্থ পাচারের ঘটনায় সন্দেহভাজন আর এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও তদন্ত চলছিল।
নতুন এই তদন্তের নির্দেশ ব্রাজিল সরকার ও ট্রাম্প প্রশাসনের মধ্যে টানাপড়েন আরও বাড়াতে পারে। প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক বছরগুলিতে দুই পক্ষের বিরোধ চলেছে। ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে হেরে যাওয়ার পর ক্ষমতায় টিকে থাকতে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করার অভিযোগ উঠেছিল জাইরের বিরুদ্ধে। ফ্লাভিওর বাবা জাইর বলসোনারো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র।
জাইরের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া বন্ধ করানোর জন্য চাপ দিতে গত বছর ব্রাজিলীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। কয়েকজন সরকারি পদাধিকারীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি। কিন্তু তাতে বিচারপ্রক্রিয়া থামেনি। গত বছর গণতান্ত্রিক আইনের শাসনকে হিংসাত্মক উপায়ে উৎখাতের চেষ্টায় দোষী সাব্যস্ত হন জাইর বলসোনারো। তাঁকে ২৭ বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাচনী প্রচারে ফ্লাভিও বলসোনারো প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তাঁর বাবাকে মুক্ত করবেন, আমেরিকায় ৬ জানুয়ারির হামলার আদলে ব্রাসিলিয়ায় হামলার ঘটনায় দোষী সাব্যস্ত সমর্থকদের ক্ষমা করবেন এবং তাঁদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতিদের ইমপিচ করবেন।
ছবির বিবরণ: মঙ্গলবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এয়ার ফোর্স টু থেকে নামছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ছবি: সল লোয়েব/এএফপি/গেটি ইমেজেস।
লেখক পরিচিতি: টেরেন্স ম্যাককয় মেক্সিকো সিটিতে কর্মরত দ্য ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানী আন্তর্জাতিক সংবাদদাতা। তিনি দু’বার জর্জ পোল্ক পুরস্কার পেয়েছেন এবং ২০২৩ সালে পুলিৎজার পুরস্কারের চূড়ান্ত তালিকায় ছিলেন।
মারিনা দিয়াস ব্রাজিল থেকে দ্য ওয়াশিংটন পোস্টের জন্য প্রতিবেদন লেখেন। ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্রাজিলীয় সাংবাদিক দেশের বৃহত্তম সংবাদপত্র ফোলিয়া দি সাও পাওলোর আমেরিকা-সংবাদদাতা হিসেবে কাজ করেছেন এবং দ্য নিউ ইয়র্কারেও লিখেছেন। আমেরিকার নির্বাচন নিয়ে তাঁর প্রতিবেদনের জন্য ২০২০ সালে তিনি গাবো সাংবাদিকতা পুরস্কারের চূড়ান্ত তালিকায় স্থান পান।