পাঞ্জাবে ক্রমাগত বাড়তে থাকা মাদকের দৌরাত্ম্য এবং প্রশাসনিক অচলবস্থা নিয়ে আম আদমি পার্টি (AAP) এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাহুল অভিযোগ করেন, বর্তমানে পাঞ্জাবের শাসনব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং রাজ্য সরকার নিজের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে “পাঞ্জাব সরকার পরিচালনা করা হচ্ছে দিল্লি থেকে।”

পাঞ্জাবে মাদকমুক্তির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা আম আদমি পার্টি সরকারের তীব্র সমালোচনা করে কংগ্রেস সাংসদ বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আপ প্রশাসন। রাহুলের দাবি, বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বাস্তবে মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি মান সরকার। উল্টে পাঞ্জাবের তরুণদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিশানা করে লোকসভার বিরোধী দলনেতা আরও বলেন, মুখ্যমন্ত্রী পদে থাকলেও ভগবন্ত মান নিজে স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির শীর্ষ নেতৃত্বের নির্দেশেই চণ্ডীগড়ের প্রশাসনিক কাজকর্ম চালানো হচ্ছে। পাঞ্জাবের ঐতিহ্য ও স্বায়ত্তশাসনকে দিল্লির নেতাদের হাতে বিকিয়ে দেওয়া হয়েছে বলে তোপ দাগেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে কংগ্রেস ও আম আদমি পার্টির রাজনৈতিক অবস্থান এবং আসন্ন বিভিন্ন নির্বাচনের প্রেক্ষাপটে রাহুল গান্ধীর এই আক্রমণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যটিতে কংগ্রেস তাদের হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করতে মাদকের সমস্যা এবং আম আদমি পার্টির ‘দিল্লি-নির্ভরতা’কে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে। রাহুলের এই বিস্ফোরক মন্তব্যের পর এখনও পর্যন্ত আপ নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তা চণ্ডীগড় থেকে দিল্লির রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।