ইউনেস্কোর (UNESCO) নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শো ও বিশেষ প্রবেশের পাস বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠাল আদালত। বৃহস্পতিবার কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে হাজির করানো হলে দীর্ঘ সওয়াল-জবাব শেষে বিচারক তাঁকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে কলকাতা হাইকোর্টে তাঁর আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছিল।

আদালতে পুলিশ ও সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় দাবি করেন, এটি অত্যন্ত সুপরিকল্পিত জালিয়াতি ও প্রতারণার ঘটনা। অভিযোগ, ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ‘মাস আর্ট’ নামক একটি বেসরকারি সংস্থা ইউনেস্কোর লোগো ব্যবহার করে দুর্গাপুজোর বিশেষ পাস বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছে। ইউনেস্কোর সঙ্গে ২০২৫ সালে চুক্তি হলেও, কোনো ধরনের বাণিজ্যিক বা আর্থিক লাভের উদ্দেশ্যে তাদের লোগো ব্যবহারের ওপর স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। সেই নির্দেশিকা অমান্য করেই কোটি কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ।

তদন্তকারীদের তরফে আদালতে বিস্ফোরক দাবি করে বলা হয়, ইন্দ্রনীলের স্ত্রী ওই ‘মাস আর্ট’ সংস্থার প্রধান হিসেবে যুক্ত ছিলেন। স্ত্রীর অ‍্যাকাউন্টে টাকা জমা পড়ার পর সেই দিনই তা সরাসরি তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ব্যাঙ্ক অ‍্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতো। পাশাপাশি, পুলিশের হাতে এসেছে ৩ জনের গোপন জবানবন্দিও, যেখানে তাঁরা জানিয়েছেন যে প্রাক্তন মন্ত্রী সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে আদালতে ইন্দ্রনীল দাবি করেন, তিনি বা তাঁর পরিবার ওই সংস্থার কোনো পদে নেই এবং পাস বিক্রি তাঁর নিয়ন্ত্রণে ছিল না। তিনি একটি বেসরকারী সংস্থাকে দায়ী করার চেষ্টা করলেও বিচারক কেস ডায়েরি ও অভিযোগের গুরুত্ব বিচার করে প্রাক্তন মন্ত্রীকে ১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার তদন্তে কলকাতা পুলিশের পাশাপাশি ইডিও (ED) তত্পর রয়েছে।