দেশের বিচারব্যবস্থা, প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্য বিচারকদের নিয়ে ক্রমাগত আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতা তথা সাংবাদিক সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টে দায়ের হলো মামলা। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি গ্রহণ করে সৌরভ দাস এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক ও কর্তৃপক্ষকে নোটিস জারি করেছে। আগামী ৬ সপ্তাহের মধ্যে মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে তাঁদের লিখিত বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চেন্নাইয়ের বাসিন্দা আর গণেশ কুমার নামে এক ব্যক্তি হাই কোর্টে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন। মামলাকারীর অভিযোগ, পেশাগত দিক থেকে সাংবাদিক ও রাজনৈতিক দল সিজেপি-র অন্যতম যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস ধারাবাহিকভাবে দেশের বিচারবিভাগ এবং শীর্ষ আদালতের বিচারকদের হেয় করার উদ্দেশ্যে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করে আসছেন। এর ফলে সাধারণ মানুষের কাছে বিচারব্যবস্থার ভাবমূর্তি চরম ক্ষুণ্ণ হচ্ছে।

মামলাকারী আদালতে আবেদন জানান যে, সৌরভ দাসের পুরনো কার্যকলাপ, নাগরিকত্ব এবং আর্থিক উৎস নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও তদন্তকারী সংস্থাগুলির মাধ্যমে একটি 'সবিস্তার এবং স্বচ্ছ' তদন্ত পরিচালনা করা হোক। এমনকি পুদুচেরির বাসিন্দা সৌরভ এবং তাঁর বাবা-মায়ের ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখার পাশাপাশি তাঁর পাসপোর্ট ও আধার কার্ড বাতিল করা এবং সমাজমাধ্যমের সমস্ত অ্যাকাউন্ট অবিলম্বে ব্লক করে দেওয়ার আর্জিও জানানো হয়েছে। আদালত আপাতত বিষয়টিতে কেবল নোটিস জারি করলেও আগামী ৬ সপ্তাহ পর শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত জানাবে।