বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ঝাড়গ্রামে গ্রেপ্তার হলেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাহাতো। বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় তাঁর নিজস্ব বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর আসন থেকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অজিত, যদিও বিজেপির রাজেশ মাহাতোর কাছে তিনি পরাজিত হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাস (২৪) নামের এক যুবক বৃহস্পতিবার ঝাড়গ্রাম থানায় অজিত মাহাতোর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সজল জানান, বন দপ্তরে স্থায়ী চাকরির প্রতিশ্রুতি পেয়ে তিনি ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে চার দফায় মোট ১০ লক্ষ টাকা তুলে দেন অজিতের হাতে। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও চাকরি না মেলায় টাকা ফেরত চাইলে অজিত তাঁকে প্রাণনাশের হুমকি দেন এবং উল্টে আরও ২ লক্ষ টাকা দাবি করেন।

অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার মধ্যরাতে অজিত মাহাতোর বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় অজিত সোশ্যাল মিডিয়ায় লাইভ করে অভিযোগ করেন যে, পুলিশ সাবল দিয়ে তাঁর বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে ও মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে পুলিশ জানিয়েছে, সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই এই গ্রেপ্তার করা হয়েছে এবং জালিয়াতির টাকা পুনরুদ্ধারে তদন্ত জারি রয়েছে।