পশ্চিম এশিয়ায় চলমান তীব্র সংঘাত এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গুজরাতের বনাসকাঁঠায় এক জনসভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিরোধীরা কেবল তাঁর সরকারের দুর্নাম করার জন্য এবং রাজনৈতিক ফায়দা তুলতে দেশের বাইরের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিচ্ছে। জ্বালানি ও সারের দাম নিয়ে সাধারণ মানুষ এবং কৃষকদের ভুল বোঝানো হচ্ছে বলেও তোপ দাগেন তিনি।
এ দিন জনসভা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, দেশ যখন পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক সঙ্কট ও অনিশ্চয়তার মুখোমুখি, তখন একদল মানুষ দেশের ক্ষতিতে আনন্দ খুঁজে পান। তাঁর কথায়, “বর্তমানে দেশের প্রত্যেক নাগরিক ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করছেন। কিন্তু কিছু মানুষের তা পছন্দ হচ্ছে না। দেশ বিপদে পড়লে তাঁরা খুশি হন। পশ্চিম এশিয়ার পরিস্থিতির সুযোগ নিয়ে সার এবং গ্যাসের সঙ্কট নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। শুধুমাত্র মোদীকে ছোট করার জন্যই এই কাজ করা হচ্ছে।”
কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ববাজারে সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেলেও সেই বাড়তি খরচের চাপ দেশের কৃষকদের ওপর পড়তে দেয়নি তাঁর সরকার। এর জন্য সরকারের পক্ষ থেকে প্রায় ১৬ লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের গোড়ার দিকে পশ্চিম এশিয়ায় সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকেই হরমুজ প্রণালী ও আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ধাক্কা লেগেছে। তবে সরকারের সময়োপযোগী পদক্ষেপে দেশের অভ্যন্তরে জ্বালানি ও সার সরবরাহ স্বাভাবিক রাখতে নিরলস চেষ্টা চালানো হচ্ছে বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
মন্তব্য করতে আপনার বাংলাস্ফিয়ার অ্যাকাউন্টে লগইন করুন। সদস্যতা কেনার প্রয়োজন নেই।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।